অনিরুদ্ধের কণ্ঠে হেমন্তের গান
শিল্পী অনিরুদ্ধ সেনগুপ্তের নতুন অ্যালবাম কেন ডাকলে আমায় সম্প্রতি প্রকাশ করেছে কমিটমেন্ট প্রোডাক্টস। অ্যালবামের ১১টি গান শুনতে শুনতে শ্রোতাদের মনে হবে নতুন ঢঙে, ভিন্ন মেজাজে হেমন্তই বুঝি গাইছেন। অনিরুদ্ধের কণ্ঠে হেমন্তের জাদুকরি সুরের অনুরণন শুনতে শুনতে মন ভেসে যাবে অতীতের পানে, মুছে যাওয়া দিনগুলোর দিকে। শিল্পীর সরল স্বীকারোক্তি, ‘ছেলেবেলা থেকে গান শুনতে শুনতে কখন যে হেমন্ত মুখোপাধ্যায়ের গানের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম জানি না। তবে তাঁর লক্ষ-কোটি শ্রোতার মধ্যে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি ভীষণ গর্বিত।’অ্যালবামে বহুল শ্রুত, জনপ্রিয় গানের পাশাপাশি শ্রোতাদের কাছে খুব বেশি পরিচিত নয় কিন্তু কালজয়ী এমন কিছু গানও নির্বাচন করা হয়েছে। গানগুলো হচ্ছে—‘কী দেখি পাই না ভেবে’, ‘তুমি চলে গেলে’, ‘এই মেঘলা দিনে একলা’, ‘সবাই চলে গেছে’, ‘ভাবনার পানসিতে মন চলে গেছে’, ‘কেন ডাকলে আমায়’, ‘বনে কী আগুন লেগেছে’, ‘মুছে যাওয়া দিনগুলি’, ‘নীল আকাশের নিচে’, ‘চোখে যদি জল করে টলমল’ এবং ‘যাই চলে যাই’।সংগীতায়োজন ও কি-বোর্ডে রূপতনু, সেতারে ফিরোজ খান, তবলায় পল্লব সন্ন্যাল, বেহালায় সুনীল দাস ও বাঁশিতে শহীদের সহযোগিতায় গানগুলোর পরিবেশনা ভালো লাগবে শ্রোতাদের।