অনির্ধারিত ছুটিতে বাড়ছে সেশনজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্ধারিত ছুটি ও অবরোধের ঘটনা বাড়ছে। এ কারণে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। ফলে বিভিন্ন বিভাগে বাড়ছে এক থেকে দুই বছরের সেশনজট।আবার অনির্ধারিত ছুটির ফাঁদে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। গত বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন দুই ছাত্র। এ সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে ১৬ ফেব্রুয়ারি এবং পরে ২ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্ধারিতভাবে ২২ দিন বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত বৃহস্পতিবার জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়। খোঁজ নিয়ে জানা গেছে, অনির্ধারিত ছুটি ও অবরোধের কারণে গত দুই বছরে ৯৩ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হতে পারেনি। এ সময় অনির্ধারিত ছুটির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ৫৮ দিন। আর ছাত্র অবরোধ ছিল আরও ৩১ দিন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘অনির্ধারিত বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে ক্লাস-পরীক্ষা না হওয়ায় তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তবে শিক্ষার্থীদের এ ক্ষতির পরিমাণ কীভাবে হ্রাস করা যায়, তা বিশ্ববিদ্যালয় খোলার পর চিন্তাভাবনা করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ২৯ ও ৩০ এপ্রিল ছাত্রলীগ-সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন পক্ষের মধ্যে তিন দফা হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এতে আট ছাত্র আহত হন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা ছিল গুরুতর। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে কর্তৃপক্ষ ছাত্রলীগের ১১ কর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। ছাত্রলীগের এই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ১ মে কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ১১ দিনের জন্য স্থগিত ঘোষণা করে। এ সময় অন্তত ১৮টি বিভাগের ২৩টি বর্ষের পরীক্ষা পিছিয়ে গেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেকোনো কারণে বিঘ্নিত হলে, তা শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এবং দেশের জন্য হতাশাজনক। অনির্ধারিত ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হয়।’ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র মঞ্জুর মোর্শেদ, দেলোয়ার হোসেন, ড্যানি বড়ুয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনির্ধারিত ছুটির কারণে চার বছরের সম্মান কোর্স সম্পন্ন করেছি পাঁচ বছরে। এক বছরের স্নাতকোত্তর কোর্স কয় বছরে সম্পন্ন করতে পারি, এখন এ নিয়ে দুশ্চিন্তায় আছি।’বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১০ সালের বিভিন্ন সময় সন্ত্রাসীদের হাতে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র খুন হন। ছাত্র খুনের ঘটনায় কর্তৃপক্ষ ১৭ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এ ছাড়া ছাত্রলীগ উপাচার্যের পদত্যাগ ও ছাত্র হত্যার বিচারের দাবিতে লাগাতার অবরোধের ডাক দেয়। অবরোধ চলে ২২ দিন। ছাত্রলীগ এর আগে ২৭ থেকে ২৯ মার্চ টানা তিন দিন ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি পালন করে।এদিকে, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ২০১০ সালে ২৬ জুলাই থেকে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে। আন্দোলন চলাকালে গত বছরের ২ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনার পর ওই দিন বিকেলে জরুরি সিন্ডিকেটের সভায় রমজান ও ঈদের ছুটি এক মাস এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এক মাস আগাম ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ৪৪টি বিভাগের পরীক্ষা পিছিয়ে যায়। এসব পরীক্ষা পরে নতুন করে নিতে হয়।