অনির্ধারিত ছুটির কারণে সেশনজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্ধারিত ছুটি বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ছাত্রদের বিশ্ববিদ্যালয় অবরোধের ঘটনা। এসব কারণে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম। ফলে বিভিন্ন বিভাগে সেশনজট বাড়ছে। ইতিমধ্যে এক থেকে দুই বছরের সেশনজটে আটকে পড়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অনির্ধারিত ছুটির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে ক্লাস-পরীক্ষা না হওয়ায় নতুন করে সব শুরু করতে হয়। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তবে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৯ ও ৩০ এপ্রিল ছাত্রলীগ সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন পক্ষের মধ্যে তিন দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে আটজন ছাত্র আহত হন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা ছিল গুরুতর। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে কর্তৃপক্ষ ১১ ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। ছাত্রলীগের এ অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ১ মে কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ১১ দিনের জন্য স্থগিত ঘোষণা করে। এ সময় অন্তত ১৮টি বিভাগের ২৩টি বর্ষের পরীক্ষা পিছিয়ে যায় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।অনুসন্ধানে জানা গেছে, এই ১১ দিনসহ অনির্ধারিত ছুটি ও অবরোধের কারণে গত ১৬ মাসের মধ্যে প্রায় ৯০ দিন ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হতে পারেনি। এ সময় অনির্ধারিত ছুটির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ৫৮ দিন। আর ছাত্র অবরোধ ছিল আরও ৩১ দিন। অবরোধের সময় কয়েকটি বিভাগ ছাড়া অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেকোনো কারণে বিঘ্নিত হলে, তা শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এবং দেশের জন্য হতাশাজনক বিষয়। অনির্ধারিত ছুটির কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হয়।’পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র মঞ্জুর মোর্শেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনির্ধারিত ছুটির কারণে চার বছরের সম্মান কোর্স সম্পন্ন করেছি পাঁচ বছরে। এক বছরের স্নাতকোত্তর কোর্স কয় বছরে সম্পন্ন করতে পারি, এখন এ নিয়ে দুশ্চিন্তায় আছি।’ একই রকম প্রতিক্রিয়া জানান, ওই বিভাগের ছাত্র দেলোয়ার হোসেন ও ড্যানি বড়ুয়া।সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে গত বছর সন্ত্রাসীদের হাতে তিন ছাত্র খুন হন। এসব ছাত্র হত্যার পর কর্তৃপক্ষ ১৭ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।গত বছর প্রথম ছাত্র হত্যার ঘটনা ঘটে ১২ ফেব্রুয়ারি। ওই দিন নগরের ষোলশহর রেল স্টেশনে রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র এ এ এম মহিউদ্দিনকে খুন করে। পরদিন কর্তৃপক্ষ সাত দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এর প্রায় দেড় মাস পর আবার ছাত্র খুনের ঘটনা ঘটে। গত বছরের ২৯ মার্চ চৌধুরীহাট ও সেনানিবাস রেল স্টেশনের মধ্যবর্তী বড়দীঘির পাড়ের রেললাইনের পাশে মার্কেটিং বিভাগের ছাত্র হারুণ অর রশীদ কায়সারের লাশ পাওয়া যায়। এ হত্যাকাণ্ডের পর তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হয়েছিলেন হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান আসাদ। পরদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মারা যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত দিনের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। তবে ছাত্রলীগ উপাচার্যের পদত্যাগ ও হত্যার বিচারের দাবিতে লাগাতার অবরোধের ডাক দেয়। ২২ দিন পর অবরোধ প্রত্যাহার করা হয়। ছাত্রলীগ এর আগে ২৭-২৯ মার্চ টানা তিন দিন ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি পালন করে।এ ছাড়া, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত বছরের ২৬ জুলাই থেকে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে।