অপহূত আওয়ামী লীগের নেতা অনিল চন্দ্র তংচংগ্যাকে উদ্ধারের দাবিতে ২৫ জানুয়ারি কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মানববন্ধন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার বরইছড়িতে সড়কের দুই পাশে মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও কর্ণফুলী কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ উপলক্ষে বরইছড়িতে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন অনিল তংচংগ্যার ছেলে ঝন্টু তংচংগ্যা। তিনি বলেন, ‘১০ জানুয়ারি সন্ত্রাসীরা আমার বাবাকে কাপ্তাই ঘাঘড়া সড়কের বগাছড়া নামক এলাকা থেকে অপহরণ করে। প্রশাসন এখনো তাঁকে উদ্ধার করতে পারেনি।’ তিনি দ্রুত তাঁর বাবাকে উদ্ধারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, চিৎমরম ইউপি চেয়ারম্যান থোয়াইচিং মারমা, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ এবং বিএফআইডিসি সিবিএ সাধারণ সম্পাদক খালেকুর নূর সিকদার প্রমুখ। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।