সাত মাস আগে নির্বাচন হয়ে গেলেও রাজনৈতিক অচলাবস্থা ইরাককে এমনভাবেই জড়িয়ে রেখেছে যে এত দিনেও নতুন সরকার ক্ষমতায় আসতে পারেনি। নানা ধরনের রাজনৈতিক সমীকরণ আর বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে দুলছে ইরাকের আগামী সরকারের বিষয়টি। নির্বাচনের পর সরকার গঠনে বিলম্বের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে যুদ্ধ ও সহিংসতায় ক্ষত-বিক্ষত মধ্যপ্রাচ্যের এ দেশটি। সম্প্রতি শিয়া ন্যাশনাল অ্যালায়েন্স সরকার গঠনে বর্তমান প্রধানমন্ত্রী নূরি আল মালিকিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে নতুন সরকার গঠনে আশার আলো দেখা দেয়। কিন্তু ইতিমধ্যেই নির্বাচন ও সরকার গঠনের মাঝখানে সময়ের ব্যবধানের হিসাবে ইতিহাসের আর সব উদাহরণকে ছাড়িয়ে গেছে ইরাক। এর আগে ১৯৭৭ সালে হল্যান্ডে নির্বাচনের পর এক অচলাবস্থায় ২০৮ দিন সরকার গঠন করা যায়নি। ইরাক এই হিসাবকে ইতিমধ্যেই পেছনে ফেলেছে বিপুল ব্যবধানে।ইরাকের সমস্যাটি কেবল সোজাসাপ্টা রাজনৈতিক আদর্শগত মতবিরোধ নয়, গোষ্ঠীগত ব্যবধান আর দীর্ঘদিনের নিপীড়নমূলক সরকারব্যবস্থা ইরাকিদের মনে কখনো পারস্পরিক আস্থা তৈরি হতে দেয়নি। আজ নির্বাচনের পর যে অচলাবস্থা তার জন্য দায়ী অতীতের অভিজ্ঞতা। প্রতিটি গোষ্ঠীই নিজেদের প্রাপ্তি আর লাভালাভের ব্যাপারে নিশ্চিত হতে চায়। ইরাকের নির্বাচনী রাজনীতিতে এখন দুটি পক্ষ। একটির নেতৃত্বে রয়েছেন নূরি আল মালিকি। তাঁর দল নির্বাচনে জিতেছে পার্লামেন্টের ৮৯টি আসন। আরেকটির নেতা আইয়াদ আলাবি। তাঁর দলের আসন ৯১টি। কিন্তু সরকার গঠন করতে হলে দরকার ৩২৫ আসনের মধ্যে ১৬৩টি। দুই পক্ষের কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে তাদের এই মুহূর্তে নির্ভর করতে হচ্ছে অন্য বিবদমান গোষ্ঠীগুলোর ওপর। মুকতাদা আল সদরের শিয়া ন্যাশনাল অ্যালায়েন্সের আসন ৩৯টি। আরেকটি বড় পক্ষ কুর্দিদের রাজনৈতিক দল পেয়েছে ৫৭টি আসন। নূরি আল মালিকির শাসন নিয়ে কুর্দিরা কখনোই খুশি ছিল না। তাই মালিকির পক্ষে কুর্দিদের সমর্থন আদায় করা বেশ কঠিন। মালিকির ওপর খুশি নয় মুকতাদা আল সদরের শিয়া ন্যাশনাল অ্যালায়েন্সও। কেবল শিয়াদের স্বার্থ সংরক্ষণের আশায় মালিকির সঙ্গে হাত মিলিয়েছে তারা। তবে শিয়া ন্যাশনাল অ্যালায়েন্স সমর্থন দিলেও সরকার গঠনের জন্য মালিকিকে এখনো ঢের কাঠখড় পোড়াতে হবে।এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ছোট দলগুলো। যাদের হাতে রয়েছে ২৪টি আসন। এরা যদি আলাবির দলকে সমর্থন জানায় তাহলে কুর্দিদের ৫৭টি আসনের সমর্থনে তিনিই সরকার গঠন করবেন। তবে নূরি আল মালিকি কিন্তু ২৪ আসনের ছোট দল ও শিয়াদের নিয়েও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না। এই মুহূর্তে মালিকির জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে কুর্দিরা। ৫৭টি আসন পেয়ে যাওয়ায় নির্বাচন-পরবর্তী ইরাকে কুর্দিরাই সরকার গঠনের জন্য প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর কাছে সবচেয়ে আরাধ্য হয়ে উঠেছে।কিন্তু ইরাকের সরকার গঠন যদি কেবল আসনের অঙ্কেই আটকে থাকত, তাহলে সমস্যাটা অনেক সহজ হতো। ইরাকের সাম্প্রতিক রাজনৈতিক পাশাখেলায় পক্ষ অনেকগুলো এবং তাদের স্বার্থও বহুমুখী। এর সঙ্গে আবার জড়িত যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তি। তাহলে এই মুহূর্তে ইরাকের জন্য সবচেয়ে ভালো সমাধান কোনটি? অনেকেই মনে করছেন, মালিকি ও আলাবি মিলে যদি জোট সরকার গঠন করেন, সেটাই হবে ইরাকের জন্য আদর্শ সমাধান। তবে এ সম্ভাবনার প্রত্যাশায়ও জল ঢেলে দিয়ে আলাবি তাঁর অনুসারীদের জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই তিনি মালিকির সঙ্গে ঐক্যে যাবেন না।যে নির্বাচন ইরাকে শান্তি ও স্থিতিশীলতা এনে দেবে বলে মনে করেছিলেন সবাই, তা-ই হয়ে দাঁড়িয়েছে এক বড় সমস্যা। সব মিলিয়ে ইরাকের বর্তমান রাজনৈতিক চিত্র সত্যিই জটিল। রাজনৈতিক বিশ্লেষকেরাও তার তল খুঁজে পেতে রীতিমতো বেগ পাচ্ছেন।