কক্সবাজারের মহেশখালী উপজেলায় দরিদ্র পরিবারের শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও নিয়মিত ক্লাসে আসত না। ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতির হার বেড়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানান, আগে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ে আসার জন্য বলা হলেও অনেকেই আসত না। কিন্তু মিড ডে মিল কর্মসূচি চালু হওয়ার পর থেকে অনিয়মিত শিক্ষার্থীরা এখন বিদ্যালয়মুখী হচ্ছে।সরেজমিনে দেখা যায়, ধলঘাটা সাপমারার ডেইল, সুতরিয়া, সরইতলা, মিজ্জিরপাড়া, নুনাছড়ি, কালারমারছড়া, মাতারবাড়ি রাজঘাট, পুরানবাজার ও সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভিড়। শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় বসতে হচ্ছে ঠাসাঠাসি করে।মাতারবাড়ি সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মীর কাসেম জানান, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির হার বেড়ে যাওয়ায় বসার জন্য জায়গা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালী উপজেলায় ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৩০ জুলাই থেকে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথম পর্যায়ে সারা দেশে ১০টি উপজেলার মধ্যে মহেশখালী উপজেলায়ও এ প্রকল্প চালু করে। মহেশখালীতে কর্মসূচি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। ধলঘাট সরইতলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘চর এলাকা হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে অনেক কষ্ট হতো। বিশেষ করে, বিদ্যালয়ের সময় অনেক ছাত্র সাগরে মাছ ধরতে যেত। এ কর্মসূচি চালু হওয়ায় মাছ ধরতে না গিয়ে বিদ্যালয়ে আসছে। এতে ঝরে পড়ার প্রবণতা কমে যাবে।’ধলঘাট সরইতলার বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘অভাবের তাড়নায় আমার ছেলেকে বিদ্যালয়ে না পাঠিয়ে সাগরে মাছ ধরার জন্য পাঠাতাম। এখন ছেলে নিজেই বিদ্যালয়ে যাচ্ছে।’ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, এ এলাকাটি শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে। বেশির ভাগ মানুষ শিশুদের বিদ্যালয়ে না পাঠিয়ে সাগরে মাছ ধরতে পাঠায়। বর্তমান সরকারের বিদ্যালয় পর্যায়ের কর্মসূচি এলাকার শিক্ষার হার বাড়াবে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বরত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, স্কুল ফিডিং প্রোগ্রাম চালু হওয়ার পর থেকে বিদ্যালয়ে উপস্থিতির হার অনেক বেড়েছে। আগে ৮৫ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে গেলেও এখন বিদ্যালয়ে যাচ্ছে ৯৫ শতাংশ। এতে বিদ্যালয়ে ঝরে পড়ার প্রবণতা অনেক কমে যাবে। বর্তমানে ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী বিদ্যালয়ে বিস্কুট পাচ্ছে।