মাতারবাড়ি-মহেশখালী সড়কে বক্সকালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কালভার্টগুলোর কাজ করা হচ্ছে নিম্নমানের কংক্রিট, বালুসহ নোনা পানি মিশিয়ে। এতে কালভার্টগুলো কম সময়ে ভেঙে পড়ার আশঙ্কা করছে এলাকার লোকজন। কর্তৃপক্ষ কার্যাদেশের শর্ত না মেনে তৈরি করা কালভার্টগুলো ভেঙে পুনরায় মানসম্মতভাবে তৈরির জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছে। মহেশখালী উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, মাতারবাড়ি-জনতাবাজার সড়কের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার ও তিনটি কালভার্ট তৈরির জন্য ২০০৯ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৫৬ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কুহেলিয়া এন্টারপ্রাইজ। ২০০৯ সালের ১ মার্চ কাজ শুরু হয়ে আগস্টে শেষ হওয়ার কথা। কিন্তু ঠিকাদার যথাসময়ে না করে কাজ শুরু করেন ডিসেম্বরে। জানা গেছে, ঠিকাদার শুরুতেই কালভার্ট তৈরি করতে গিয়ে নিম্নমানের কংক্রিট, বালু ও নোনা পানি দিয়ে কালভার্টের ঢালাইয়ের কাজ শুরু করলে স্থানীয় লোকজন তাতে বাধা দেয়। মিয়াজিরপাড়ার বাসিন্দা জিএম ছমিউদ্দিন বলেন, দুই কিলোমিটার কাঁচা সড়কে ইট না বসিয়ে ঠিকাদার শুধু বক্সকালভার্টের কাজ শেষ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কালভার্ট নির্মাণ করলেও কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি অভিযোগ করেন, ঠিকাদারের নিম্নমানের কাজে উপজেলা প্রকৌশলী পরোক্ষভাবে সহযোগিতা করছেন। এ নিয়ে এলাকাবাসী উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেন। মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় একাধিকবার বলা হলেও কোনো কাজ হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা প্রকৌশলী রহস্যজনক কারণে ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। একই কথা বললেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমদ। তিনি বলেন, তিনটি বক্সকালভার্ট শেষ না করেই প্রায় ২৩ লাখ টাকার বিল তুলে নেন ঠিকাদার। যোগাযোগ করলে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি নির্দেশনামতে কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসার হোসেন জানান, নিম্নমানের কংক্রিট, বালু ও নোনা পানি মিশিয়ে বক্সকালভার্ট নির্মাণের অভিযোগের ভিত্তিতে ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মদ জানান, নোনা পানি মিশ্রিত নির্মীয়মাণ বক্সকালভার্টগুলো ভেঙে ফেলার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে পত্রিকায় সংবাদ না ছাপানোর জন্য প্রকৌশলী এ প্রতিনিধিকে অনুরোধ জানান।