
ইন্টারনেটের কল্যাণে বিশ্ব ফ্যাশন এখন হাতের মুঠোয়। তাই বলে হুবহু দেখে নকল করা! না, তা কখনোই নয়। তবে সেই নকশার সঙ্গে দেশীয় প্যাটার্নের মেলবন্ধন হলেই তা হবে আকর্ষণীয়। দেশি কাপড়ে নকশায় বৈচিত্র্য আনা গেলে ক্রেতারা ওই পোশাক লুফে নেবেন। তাতে নিজের সৃজনশীলতাও থাকল, আর এগিয়ে থাকা হলো যুগের সঙ্গে তাল মিলিয়ে। তাই অনুকরণ নয়, দেশি কাপড়ে নিজের নতুন ভাবনায় তৈরি হোক ফ্যাশনবেল পোশাক। চট্টগ্রামের নবীন ডিজাইনারদের এমনটাই ধারণা দিয়েছেন অগ্রজেরা।
১৯ জুন প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আয়োজন করা হয় ফ্যাশন ডিজাইনারদের মতবিনিময় সভা। বৃষ্টি উপেক্ষা করে সভায় যোগ দেন অর্ধশতাধিক নবীন ডিজাইনার। অগ্রজদের কথা শুনে তুলে ধরেন নিজেদের মতামত। প্রাণবন্ত আলোচনায় মুখর হয়ে ওঠে প্রথম আলোর সম্মেলনকক্ষ।
শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বক্তব্যে চট্টগ্রামের ফ্যাশন নিয়ে প্রথম আলোর দীর্ঘযাত্রার কথা তুলে ধরেন।
আরও বক্তব্য দেন ডিজাইনার রওশন আরা চৌধুরী, শিমুল খালেদ, লুৎফা সানজিদা, সুলতানা নুরজাহান ও এইচ এম ইলিয়াস।
ডিজাইনারদের পক্ষ থেকে শুরুতে মতামত তুলে ধরেন এইচ এম ইলিয়াস। তিনি বলেন, প্রথমত ভাবতে হবে বড় পরিসরে। বিশ্ব বাজারে কীভাবে যাব সে চিন্তা নিয়ে এগোতে হবে। এ জন্য নিজেকে তৈরি করা জরুরি। এখন ইন্টারনেটে সব কিছু পাওয়া যায়। সেখান থেকে জানা যায় নতুন কী চলছে। ফ্যাশন সম্পর্কে জ্ঞান ভান্ডার বাড়াতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের সাহায্য নেওয়া যায়। সবচেয়ে বড় কথা, ফ্যাশন দ্রুত পাল্টায়। এ জন্য নতুনত্ব চাই। অন্যথায় ক্রেতা আকৃষ্ট হবে না। ইলিয়াসের কথার সূত্র ধরে শুরু করেন লুৎফা সানজিদা। তিনি বলেন, ইন্টারনেটে বিশ্বের ফ্যাশন দেখা মানে নকল নয়। সেই নকশা দেখে নিজেদের প্যাটার্নে ব্যবহার করা যায়। বিশ্ব ফ্যাশন মাথায় রেখে নিজের সৃজনশীলতা দিয়ে পোশাক তৈরি করলে তা হবে আধুনিক।
আলোচনায় এবার যোগ দেন রওশন আরা চৌধুরী। তাঁর মতে, আগে ফ্যাশন ডিজাইনারদের নিজের পরিধেয় পোশাক সম্পর্কে সচেতন হতে হবে। কারণ একজন ডিজাইনারকে দেখে ক্রেতা তাঁর পোশাকের প্রতি আকৃষ্ট হবেন। তা ছাড়া পোশাক তৈরির সময় মাথায় রাখতে হবে উৎসব ও আবহাওয়ার ব্যাপারটা। দুটোর সমন্বয় ঘটাতে হবে পোশাকে। পোশাকের রং উজ্জ্বল, কাপড় হবে আরামদায়ক। নজর দিতে হবে ভালো সেলাই ও নকশাও।
সুলতানা নুরজাহান বলেন, এগিয়ে আসতে হবে নিজের ওপর আস্থা রেখে। অনুরোধ থাকবে মৌসুমি হয় নয় স্থায়ীভাবে আসেন এই পেশায়। তিনি নতুনদের ব্যবহারিক দিকগুলো ভালোভাবে বোঝানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর জোর দেন।
এর মধ্যে আলোচনায় উঠে আসে প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার বিচারপ্রক্রিয়া। বিভিন্ন সময় বিচারকের দায়িত্ব পালনকারী সভার আলোচকেরা এ ব্যাপারে এক বাক্যে বলেন, এখানে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। কাপড়ের গায়ে শুধু কোড থাকে। কার কাপড় কোনোভাবেই বোঝা যায় না।
সবশেষে আলোচনায় শিমুল খালেদ বলেন, সময়ের সঙ্গে চলাটাই হচ্ছে ফ্যাশন। এ জন্য একজন ডিজাইনারকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে, তারপর এগোতে হবে। পোশাকে সৃজনশীলতা রেখে নিজের ভাবনাকে প্রাধান্য দিন। তবে কাজটা অবশ্যই নিখুঁত হতে হবে। তিনি আরও বলেন, আমরা যখন শুরু করি, তখন পথটা এত মসৃণ ছিল না।
নতুন ডিজাইনাররা এখন অনেক বেশি সুযোগ পাচ্ছেন। আশা করছি তাঁরা এগিয়েই যাবেন।