অনুন্নয়নের ৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনাম দেখেই বর্তমান সরকারের কথা ভাববেন না। এখনো তাদের পাঁচ বছর হয়নি। রস+আলো কিন্তু ঠিকই পাঁচটি বছর পার করে ফেলেছে। আজ থেকে পাঁচ বছর আগে ২০০৮ সালের এই দিনে, অর্থাৎ জানুয়ারি মাসের ৭ তারিখে প্রকাশিত হয়েছিল রস+আলোর প্রথম সংখ্যা। শুরুর দিকে রস+আলোতে লেখা ছিল বেশি, বিজ্ঞাপন ছিল কম। কিন্তু কালের বিবর্তনে, পাঠকের চাহিদায় রস+আলোতে এখন বিজ্ঞাপন বেশি, লেখা কম। প্রায়ই চিঠি আসে, ‘ভাইয়া, রিংটোনের বিজ্ঞাপনটা এত সুন্দর ছিল যে কী বলব! আমি মুগ্ধ!’ পাঠকের ভালোবাসায় আমরাও মুগ্ধ। তবে একেবারে শুরুতে আমরা মুগ্ধ হতাম সিমু ভাইয়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাথা দেখে। মাথার ভেতরের আইডিয়াগুলো দেখতে না পেলেও ঠিকই দেখতে পেতাম কালো চুলের অগ্রভাগে এক গোছা সাদা চুল। প্রতি মিটিংয়েই কেউ না কেউ প্রশ্ন করত, ‘সিমু ভাই, আপনার সাদা চুলগুলা কি প্রাকৃতিক, নাকি রং করছেন?’ সিমু ভাই যখন ‘আমার মাথার চুল রং ও কেমিক্যালমুক্ত’ টাইপ সাইনবোর্ড টাঙাবেন কি না ভাবছেন, তখনই আমাদের প্রশ্ন বন্ধ হলো। পাঁচ বছরে আমাদের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। মেহেদী মাহমুদ আকন্দ আগে ধুমিয়ে আইডিয়া লিখতেন। এখন তিনি ম্যাজিস্ট্রেট হয়ে অবৈধ স্থাপনা বা ভেজাল খাদ্য পেলেই ‘স্ট্রেট’ মামলা-জরিমানা লিখে ফেলেন। আগে তাঁর আশপাশে থাকত রস+আলো বাহিনী, এখন থাকে র‌্যাব বাহিনী! তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়ে আমাদের আসিফ মেহ্দীও বিসিএস দিচ্ছেন। নম্র-ভদ্র আসিফ ভাই এখন সন্ধ্যা ছয়টা বাজলেই ‘আমি যাই, অনেক রাত হয়ে গেছে’ বলে বাসায় গিয়ে বিসিএস গাইড মুখস্থ করেন। বিশিষ্ট অনুবাদক আলিয়া রিফাতও দ্রুত বাড়ি ফেরার দলে। অনুবাদ নিয়ে তিনি এতই ব্যস্ত থাকেন যে নিজের গাড়ির রং কী তা এখনো জানেন না। সাদিয়া ইসলাম আগে দুই ঘরের কার্টুন আঁকতেন। তারপর শুরু করলেন এক ঘরের কার্টুন। এখন তিনি ড্রয়িং খাতায় পেঁপে এঁকে তাঁর পিচ্চিকে পেঁপে চেনান। বিয়ে করলে যা হয়! বিজ্ঞাপনী সংস্থার উজ্জ্বল নক্ষত্র তাওহিদ মিলটন এতবার কর্মক্ষেত্র বদলান যে শুধু তাঁর ভিজিটিং কার্ড দিয়েই আমাদের মানিব্যাগের ৭৫ শতাংশ জায়গা ভরে গেছে। ‘আমি অফিসে’ বললেই আমরা জিজ্ঞেস করি, ‘আগেরটাতেই?’ শাত শামীম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এখন শিক্ষক হয়ে নিয়মিত আমাদের উপদেশ দেন, ‘লেখাপড়া ঠিকমতো কর ব্যাটা।’ শিক্ষক হলে যা হয়! রস+আলো পড়ে অনেকেরই হার্ট অ্যাটাক হতে পারে ভেবে মহিউদ্দিন কাউসার হার্টের হাসপাতাল খুলে বসেছেন। রস+আলো নিয়মিত বের হচ্ছে, হার্টের রোগীর সংখ্যাও বাড়ছে। দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো বের করা সম্ভব হয়নি। রস+আলোতে অনিয়মিত, কিন্তু মিটিংয়ের নিয়মিত সদস্য ব্যাংকার সৈয়দ রাকিব কদিন আগে পূর্বাভাস ছাড়াই বিয়ে করে ফেলেছেন এবং রস+আলোর মিটিংয়ের চেয়ে শ্বশুরবাড়ির মিটিংয়ের প্রতি জোর দিয়েছেন। এ থেকে তাঁর প্রতিবেশী কার্টুনিস্ট জুনায়েদ আজীম ঠিক করেছেন, তিনিও ব্যাংকার হবেন। ব্যাংকার না হলে নাকি বিয়ে করা যায় না। আমাদের মাথায় হাত। জুনায়েদ ভাই ব্যাংকার হলে ক্লায়েন্টরা টাকা জমা দিতে গিয়ে বলবেন, ‘চেক পরে ইস্যু করলেও হবে, আগে আমার একটা ক্যারিকেচার করে দেন।’ তবে ব্যাংকার না হয়েও যে বিয়ে করা যায়, তার প্রমাণ সাদাত ভাই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানগুলোতে নিয়মিত অংশ নিলেও মিটিংয়ে উনি বেশ অনিয়মিত। বিবাহিত ব্যক্তিরা মিটিংয়ে অনিয়মিত হতেই পারে, কিন্তু বিয়ে না করেও মিটিংয়ে অনিয়মিত কামরুল হাসান। সে এতই অলস যে কষ্ট করে টাইপ করতে হবে বলে লেখালেখি ছেড়ে দিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তার ফেসবুক স্ট্যাটাসও আরেকজন লিখে দেয়। আরেক ফেসবুক-যোদ্ধা পাভেল মহিতুল আলম বাংলা কলেজে ইংরেজি পড়তেন। বিদেশি ভাষার বেড়াজাল ভাঙার প্রত্যয় নিয়ে তিনি এখন ইংরেজি ছেড়ে বাংলা পড়া শুরু করেছেন। কিন্তু ফেসবুক নিয়ে ব্যস্ততার কারণে তিনি ক্লাসে যাওয়ার সময় পান না। শিক্ষক ফোন দেন, ‘পাভেল, তুমি কি ক্লাসে আসবে না?’ পাভেল ‘অবশ্যই’ বলে ফেসবুকের নোটিফিকেশন চেক করতে থাকেন। ক্লাসে আর যাওয়া হয় না। সময় পান না ইবনে বতুতার পর্যটন রেকর্ড ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ রাকিব কিশোরও। যদি বলি: —ভাই, এই শুক্রবার ফ্রি আছেন? —না, বান্দরবান যাব।—পরের শুক্রবার?—সুন্দরবন যাব। এরপর যাব সেন্ট মার্টিন। কী বিপদ! শাকিব খানের শিডিউল পেতেও এত কষ্ট হয় না। মাহফুজ রহমানের অবস্থাও কাছাকাছি। বিকেলে আমাদের সিনেমা দেখানোর কথা। দুপুরে ফোন দিয়ে শুনি উনি খাগড়াছড়ি। পাহাড়ে উঠছেন। তিন সদস্য সিলেটে থাকায় রস+আলো অনেকটাই ঢাকা-সিলেট মহাসড়কে পরিণত হয়েছে। সিলেটে গিয়ে মাশুদুল হকের ওপর ভূতের গল্প লেখার ভূত ভর করেছে। এখন সে পরীক্ষার খাতায়ও ভূতের গল্প লিখে আসে। আলিম আল রাজি ও নাসিফ চৌধুরী ব্লগ নিয়ে এত ব্যস্ত থাকে যে রস+আলোতে লেখার সময় পায় না। বাধ্যতামূলকভাবে রস+আলো বাহিনীর সবাইকে খাওয়াতে হবে—এই ভয়ে তারা ঢাকায় আসে না এবং রস+আলোর সব খাওয়া, ভ্রমণ কৃতিত্বের সঙ্গে মিস করে ভাগ্যের দোষ দেয়। তবে সবার পরিবর্তন হলেও কার্টুনিস্ট শিখা একদম আগের মতোই আছেন। ‘শিখা আপু, খাওয়াবেন না?’ বললেই তিনি বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা খুঁজতে থাকেন। শিখা চিরন্তন! জর্জ এলিয়ট বলেছেন, ‘খালি পেটে কোনো মানুষ বিচক্ষণ হতে পারে না।’ শিখা আপু এ কথাটা কিছুতেই বুঝতে চান না। রাজনীতিবিদেরা সুযোগ পেলেই বলেন, পাঁচ বছরে আমরা অমুক করেছি, তমুক করেছি, এই-সেই কত কিছু। আমরা রাজনীতিবিদ নই। তাই দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, পাঁচ বছরে রস+আলো কিছুই করেনি। আমরা পদ্মা সেতু বানাতে পারিনি। সন্ত্রাস, দুর্নীতি, জ্যাম কমানো বহু দূরের ব্যাপার, বিজ্ঞাপনই কমাতে পারিনি। ২৪১টি বিজ্ঞাপনভর্তি সংখ্যা প্রকাশ করা ছাড়া আর কিছু করতে পারিনি আমরা। রস+আলোর পাঁচ বছর আসলে অনুন্নয়নের পাঁচ বছর। তাই রস+আলো নয়, আপনারা অবশ্যই কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে থাকুন। পাঁচ বছরে উন্নয়নের জোয়ার তৈরি করা একমাত্র রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব।