অনুপ্রেরণার চিরভাস্বর উৎস
২৪ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের ৭৯তম আত্মাহুতি দিবস। ইংরেজ শাসকদের ভিত কাঁপিয়ে দেওয়া এই নারী পটিয়ার ধলঘাটে জন্ম নিলেও লেখাপড়া ও শিক্ষকতা করেছেন এই শহরে। অথচ এই প্রজন্মের নাগরিকেরা কতটুকু চেনেন তাঁকে?প্রীতিলতা এক অবিস্মরণীয় বাঙালি নারী। ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের এক উজ্জ্বল নাম প্রীতিলতা। এ বছর তাঁর জন্মশতবার্ষিকী। চট্টগ্রামের কন্যা হিসেবে এ উপলক্ষে তাঁকে বিশেষভাবে স্মরণ করাই স্বাভাবিক। কিন্তু ঠিক উপযুক্ত কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে?কিন্তু প্রীতিলতা তো আমাদের পূর্বসূরি, কেবল ব্রিটিশবিরোধী সশস্ত্র স্বাধীনতাসংগ্রামের একজন যোদ্ধা নন। আমরা মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে সংঘটিত ১৯৩০ সালের চট্টগ্রাম যুববিদ্রোহ নিয়ে গর্বিত। কিন্তু তা সীমাবদ্ধ প্রগতিশীল অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী মানুষের মধ্যে। সমাজের একটি বড় অংশ এ নিয়ে কোনো আবেগ ধারণ করে না। একইভাবে প্রীতিলতার অবিস্মরণীয় ভূমিকা, তাঁর সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে অধিকাংশ মানুষই উদাসীন।যখন এ দেশে হিন্দু-মুসলিম অধিকাংশ নারীই উচ্চশিক্ষা থেকে বঞ্চিত, তখন প্রীতিলতা প্রবেশিকা পরীক্ষায় পেয়েছেন প্রথম বিভাগ আর ডিগ্রি পরীক্ষায় পেয়েছেন ডিস্টিংকশন। যখন অধিকাংশ বাঙালি নারী ছিল—বেগম রোকেয়ার ভাষায়—‘অবরোধবাসিনী’ তখন এই বিদূষী তরুণী পুরুষদের পাশাপাশি আগ্নেয়াস্ত্র চালিয়ে সশস্ত্র স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়েছিলেন। কেবল অংশই নেননি, একটি অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং পরিস্থিতি অনুধাবন করে সায়ানাইড বিষ গ্রহণ করে আত্মাহুতি দিয়েছেন। তখন তো নারী মূলত সংসারজীবনেই আবদ্ধ। ইতিহাস বা জাতীয় জীবনে মুষ্টিমেয় কিছু নারীর ভূমিকা ছিল মাত্র।তা ছাড়া প্রীতিলতার নিম্নমধ্যবিত্ত পটভূমির কথা ভাবলে এ ভূমিকা ও আত্মত্যাগ আরও বিস্ময়কর মনে হয়। ওঁর বাবা চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির সামান্য কর্মচারী ছিলেন। কিন্তু কন্যার বিপ্লবী ভূমিকার কারণে সামান্য বেতনের সেই চাকরিটাও হারান। তখন তাঁর মা ধাত্রীর কাজ শুরু করেন। প্রীতিলতার পরিবার বাস করত হেমসেন লেনে, একটি মাটির গুদাম ঘরে।এই মাটির ঘরে অসচ্ছল এক পরিবারে জন্মেছিলেন সিংহহূদয় অগ্নিকন্যা প্রীতিলতা। প্রীতিলতা দেখতে ছিলেন আর দশটা নিম্নমধ্যবিত্ত ঘরের বাঙালি মেয়ের মতো সাদামাটা। কিন্তু তাঁর মুখের দৃঢ়তা, বিশেষত দৃষ্টির তীক্ষতায় বোঝা যায়, মেয়েটি কেবল অবলা জাতের মেয়ে নন। তাঁর আছে ব্যক্তিত্ব, দৃঢ় ইচ্ছাশক্তি এবং দুর্জয় সাহস। ফলে পড়লেখায় যেমন তিনি আপন গণ্ডিকে ছাপিয়ে উঠেছিলেন, তেমনি সংগ্রামী চেতনা তাঁকে দিয়েছে ইতিহাসে অনন্য আসন। আজ একাডেমিক মহলে—ভারত-বাংলাদেশের গণ্ডি ছাপিয়ে—বিশ্বব্যাপী প্রীতিলতা, তাঁর ভূমিকা ও অবদান আলোচনার বিষয় হয়ে উঠেছে। নারীবাদী রচনা ছাড়াও ইতিহাসের যে নতুন নির্মাণ ও নতুন পাঠ শুরু হয়েছে সেখানে উপমহাদেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্নমধ্যবিত্ত পরিবারের একটি মেয়ের এত বড় ভূমিকা বহুমাত্রিক আলোচনার জন্ম দিয়েছে। এক শ বছর আগে জন্ম নেওয়া এক নারীর নাম ও জীবন দিনে দিনে কেবল উজ্জ্বলতর হয়েছে। এই চট্টগ্রামের দীনহীন মাটির ঘরে জন্মে এই শহরের খাস্তগীর স্কুলে লেখাপড়া করে একটি সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনি প্রীতিলতা। তার জীবন থেকে কী শিক্ষা আমরা পাই? শেখা যাবে অনেক কিছু। প্রথমত, দারিদ্র্য বাধা হতে পারে না মেধার বিকাশে, মেধার কাছে পরাভূত হবেই। দ্বিতীয়ত, সাধারণ ঘরে জন্মেও অসাধারণ হওয়া সম্ভব। কথা হলো—কীভাবে, কিসের জোরে? প্রথমত, মেধা ও শিক্ষার জোরে; দ্বিতীয়ত, দেশ ও জাতির জন্য বড় কোনো কাজ করার অঙ্গীকারের জোরে। কেবল নিজের ডিগ্রি, ক্যারিয়ার নিয়ে চিন্তা মানুষকে বড় করে না, বড় হওয়া যায় অন্যের জন্য অর্থাৎ বহু মানুষের জন্য তথা সমাজ ও জাতির জন্য চিন্তা ও কাজ করলে। নিজের নানা ক্ষুদ্রতার গণ্ডি ভেঙে, বিলুপ্ত করেই কেবল এমন চিন্তা করা সম্ভব।আজকে যখন মানুষ ভোগে ও আসক্তিতে কেবল নিজেকে ছোট করছে, অপমান করছে তখন প্রীতিলতার দৃষ্টান্ত আমাদের নারী-পুরুষ সবার জন্য অনুপ্রেরণার চিরভাস্বর উৎস হয়ে থাকবে। সেটাই বোঝা দরকার আমাদের। শতবর্ষে এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।