‘কিচ্ছু পারি না’-টাইপ
পড়াশোনার দিক থেকে উচ্চবিত্ত ও নিম্নবিত্ত—দুই রকমের ছাত্রই এই শ্রেণির অন্তর্ভুক্ত। পরীক্ষার আগের রাতে এরা সমমনা কয়েকজনকে ট্যাগ করে ফেসবুকে স্ট্যাটাস দেবে, ‘এত্ত পড়া ক্যারে!’ কিংবা ‘ধুর, কিছুই পড়া হয়নি!’ পরীক্ষার হলে ঢোকামাত্রই এদের চোখেমুখে যথেষ্ট করুণভাব এনে আশপাশের বেঞ্চের ‘পাড়া-প্রতিবেশীদের’ বলতে শোনা যায়, ‘মামা, আজকে কিন্তু দেখাতেই হবে। কিচ্ছু পারি না!’ আর উচ্চবিত্তের ছাত্ররা সিলেবাসের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধঃ, নৈঋ৴তের...এক ইঞ্চি জায়গা বাদ না রাখলেও প্রস্তুতি কেমন জিজ্ঞেস করলে তোতাপাখির মতো উত্তর দেবে, ‘আর প্রস্তুতি! একটুও পড়া হয়নি।’ ‘পরীক্ষা কেমন দিলা?’-এর উত্তরে অবশ্যই বলবে, ‘খুবই বাজে। পুরো দেড় মার্কসের অ্যানসার ছেড়ে আসছি!’
‘প্রশ্নবিদ্বেষী’-টাইপ
প্রশ্ন যেমনই হোক, পরীক্ষার পরপরই এই বেচারা নিরীহ প্রশ্নপত্রের ঘাড়ে সব দোষ চাপিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে! এ সময় এদের অতি অবশ্যই নিম্নোক্ত কথাগুলো বলতে শোনা যায়:
‘ধুর, এইটা কোনো প্রশ্ন হইল?’
‘খুব বাজে হইছে প্রশ্ন!’
‘এইটা কোনো জাতের প্রশ্ন না।’
‘কোয়েশ্চেন অনেক হার্ড হইছে।’
‘ড্যামকেয়ার’-টাইপ
এদের ভাবসাব ‘এলাম, দেখলাম, পরীক্ষা দিলাম’ ধরনের! পাস-ফেল নয়, পরীক্ষায় অংশগ্রহণই এদের কাছে বড় কথা! সারা বছরের মতো পরীক্ষার আগেও এরা গায়ে বাতাস লাগিয়ে দিব্যি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াতে পারে! এরা বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের ভাবশিষ্য। ওই যে এডিসন বলেছিলেন, ‘আগামীকাল আমার পরীক্ষা। কিন্তু আমি মোটেও বিচলিত নই। কারণ, সামান্য একখণ্ড কাগজ আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে না!’
‘ইশ্’-টাইপ
এদের পরীক্ষা ‘ইশ্’ময়! পরীক্ষা নিয়ে এরা তিন দফায় আফসোস করে। প্রথম দফা পরীক্ষার আগের রাতে। যত দিনই ছুটি দেওয়া হোক না কেন, পরীক্ষার ঠিক আগের রাতেই এদের আফসোস হবে, ‘ইশ্ রে! আর একটা দিন যদি সময় পাইতাম!’ দ্বিতীয় দফা আফসোস পরীক্ষা চলাকালীন। প্রশ্ন দেখেই এদের আফসোস হবে, ‘শিট, ক্যান যে এই প্রশ্নটা দেখে আসলাম না!’ কিংবা ‘ইশ্, ওই প্রশ্নটায় যদি একবার চোখ বুলিয়ে আসতাম!’ পরীক্ষা শেষ হলেও এদের ‘ইশ্’ শেষ হয় না! তৃতীয় দফায় আফসোস পরীক্ষার পর ‘আহা, আর পাঁচটা মার্কসের অ্যানসার যদি করতে পারতাম!’
‘ফাটায়া দিছি’-টাইপ
এরা অল্পতেই তুষ্ট থাকে। পরীক্ষা যেমনই হোক না কেন, ‘কেমন হইছে?’ জিজ্ঞেস করলেই দুই পাটি দাঁত বিকশিত করে বলবে, ‘সেই হইছে। একদম ফাটায়া দিছি!’
‘ওরে বাপ রে, পরীক্ষা!’-টাইপ
পরীক্ষার কথা শুনলেই এদের বুকে ধুকপুকানি শুরু হয়। মন কেমন-কেমন করতে থাকে। পরীক্ষার আগের রাতে এরা অবশ্যই গোটা কতক দুঃস্বপ্ন দেখবে। তার মধ্যে অন্যতম হলো ‘সবার শেষে হলে যাওয়া’ কিংবা ‘কিছুই লিখতে না পারা’।
‘সামনের বার’-টাইপ
এরা দুনিয়ার সবচেয়ে ইতিবাচক মানুষ! প্রতিটা পরীক্ষার পরই এরা বেশ টাইট করে আশায় বুক বাঁধে, ‘সামনের বার অবশ্যই...।’ সামনের বার কীভাবে সব ওলটপালট করে দেবে, সেটাও একদফা কল্পনা করে নেয় তারা! বলা বাহুল্য, এদের ‘সামনের বার’ কখনোই আসে না (লেখকের নিজস্ব অভিজ্ঞতা থেকে)!