জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত বছরের ২৪ জুন চটগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে একটি নতুন খাল খননের অনুমোদন দিয়েছিল। এরপর বছর পার হতে চললেও কাজ শুরু তো দূরে, এখনো প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড় দেওয়া হয়নি। ফলে এখন প্রকল্পের মেয়াদ ও ব্যয় দুটিই বাড়বে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশলীরা।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, একনেকে অনুমোদন পেলেও পুনর্গঠিত প্রকল্পটি এখনো পরিকল্পনা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পায়নি। তাই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। অনুমোদনের পর কাজ শুরু করতে গেলে প্রকল্পের ব্যয় ও মেয়াদ দুটিই বাড়াতে হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রণীত ড্রেনেজ মহাপরিকল্পনায় নগরে নতুন তিনটি খাল খননের কথা উল্লেখ করা হয়। এর অংশ হিসেবে সিটি করপোরেশন নগরের বহদ্দারহাটের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত একটি নতুন খাল খননের উদ্যোগ নেয়। এ জন্য ২০১২ সালের ২৯ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাঠায়। ২ দশমিক ৯৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬৫ ফুট প্রস্থের এই খালের জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ২৯৫ কোটি টাকা। ডিপিপি অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয় ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬–এর জুন পর্যন্ত।
এদিকে গত বছরের ২০ থেকে ২২ জুন টানা তিন দিনের বৃষ্টিতে চট্টগ্রাম শহরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চট্টগ্রাম শহর প্রায় অচল হয়ে পড়ে। ব্যাপক আলোচনা-সমালোচনার পর ওই বছরের ২৪ জুন একনেকের সভায় সিটি করপোরেশনের নতুন খাল খনন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তবে প্রকল্প ব্যয় কমিয়ে ২৮৯ কোটি ৪৪ লাখ টাকা ধরা হয়।
একনেকের অনুমোদনের পর এই প্রকল্প পুনর্গঠনের জন্য গত বছরের ১৫ জুলাই পরিকল্পনা কমিশন থেকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে একটি চিঠি দেওয়া হয়। কমিশনের পরিকল্পনা বিভাগের সহকারী প্রধান মোহাম্মদ কাউছার আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রস্তাবিত প্রকল্পের উভয় পাশের ২০ ফুট প্রস্থের সড়ক প্রয়োজনের নিরিখে আরও প্রশস্ত করতে হবে এবং খালের দুপাশে ওয়াকওয়ে (হাঁটার পথ) রাখতে হবে। খালে যাতে কোনো ক্রমেই ময়লা-বর্জ্য নির্গমনের সুযোগ না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ছাড়া প্রকল্পের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০১৭ সালের জুন পর্যন্ত করা হয়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, গত বছর একনেক প্রকল্পটি অনুমোদন দেওয়ার পর কিছু পর্যবেক্ষণ দিয়েছে। সেগুলোর ভিত্তিতে প্রকল্প পুনর্গঠিত করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পিইসিতে (প্রকল্প পুনর্মূল্যায়ন কমিটি) প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এখন তা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বর্তমানে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৩৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ থাকবে ২৫২ কোটি টাকা এবং সিটি করপোরেশন নিজস্ব তহবিল থেকে খরচ করবে ৮৪ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রধান নূরে আলম প্রথম আলোকে বলেন, একনেক প্রকল্পটি পুনর্গঠনের জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছিল। তার ভিত্তিতে প্রকল্পটি পুনর্গঠন করে সিটি করপোরেশন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তার সারসংক্ষেপ মন্ত্রী মহোদয়ের কাছে কয়েক দিনের মধ্যে উপস্থাপন করা হবে। মন্ত্রীর অনুমোদন পেলে অর্থ ছাড় দেওয়া হবে।
সিটি করপোরেশনের ডিপিপি অনুযায়ী, নতুন খাল খননের জন্য ২৩ একর জমি অধিগ্রহণ করতে হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২২৪ কোটি টাকা। স্থাপনার জন্য ক্ষতিপূরণ ধরা হয়েছে নয় কোটি টাকা। বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিবহন সামগ্রী কেনার জন্য ব্যয় হবে সাড়ে ২১ কোটি টাকা। খাল সংশ্লিষ্ট প্রয়োজনীয় স্থাপনা (প্রতিরোধ দেয়াল, সড়ক ও নালা নির্মাণ, ফুটপাত নির্মাণ, মাটি উত্তোলন, জলকপাট তৈরি) নির্মাণ খাতে ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি টাকা। বিবিধ খাতে ব্যয় হবে তিন কোটি টাকা।
করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, নতুন এই খাল খনন করা হলে নগরের নাসিরাবাদ, বহদ্দারহাট, মুরাদপুর, শুলকবহর, বাড়ইপাড়া ও বাকলিয়া এলাকার জলাবদ্ধতা দূর হবে।