অনুমোদন নেই, তবুও চলছে বিক্রয় উৎসব
নগরের বড় বড় বিপণিকেন্দ্রে চলছে ঈদবিক্রয় উৎসব (লটারি)। ক্রেতা আকর্ষণের জন্য টাঙানো হয়েছে ডিজিটাল ব্যানার, পোস্টার। মারুতি গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টেলিভিশনের মতো দামি দামি সব পণ্য সাজিয়ে রাখা হয়েছে পুরস্কার হিসেবে। ক্রেতাদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে রঙিন প্রচারপত্র। প্রতিদিন, সাপ্তাহিক ও মেগা ড্রয়ের হাতছানিতে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। লটারির কারণে বেড়েছে ক্রেতাসমাগম। তবে এ ধরনের লটারির আয়োজন বৈধ কি না তার স্পষ্ট কোনো জবাব দেননি আয়োজকেরা। ক্রেতা ঠকতে পারেন এ আশঙ্কা থেকে এ ধরনের লটারি কিংবা বিক্রয় উৎসবের জন্য পুলিশের বিশেষ শাখার অনুমোদন নেওয়ার নিয়ম আছে। নগরে ঈদের বাজারে বিক্রয় উৎসব কিংবা লাটারির জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে নগর পুলিশ নিশ্চিত করেছে।তবে উদ্যোক্তারা পুলিশের অনুমোদন না নিয়ে বিক্রয় উৎসব উদ্বোধনের সময় সিটি মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কিংবা চট্টগ্রাম চেম্বার সভাপতি, সহসভাপতিকে অতিথি করে এসব মেলার আইনগত বৈধতা দেওয়ার চেষ্টা করছেন বলে জানা যায়। ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশের কাছে অনুমোদনের জন্য গেলে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। এজন্য অনুমোদন না নিয়েই বিক্রয় উৎসব করা হয়।জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মুহম্মদ মায়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোনো ব্যবসাপ্রতিষ্ঠান লটারি করার জন্য আমাদের অনুমোদন নেয়নি। তারপরও লটারি করা বেআইনি। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।সরেজমিনে দেখা গেছে, বিপণিবিতান (নিউমার্কেট), মিমি সুপার মার্কেট, সানমার ওশান সিটি, ইউনুসকো সেন্টার, আমিন সেন্টার, আখতারুজ্জামান সেন্টার, চিটাগাং শপিং কমপ্লেক্স, ভিআইপি টাওয়ার ও কেয়ারি ইলিশিয়াম শপিংমলে ঈদ বিক্রয় উৎসব চলছে। বিপণিবিতানে প্রতিদিন একটি মুঠোফোন ও দুই হাজার থেকে ৫০০ টাকা পর্যন্ত ১৬ হাজার টাকার গিফট ভাউচার পুরস্কার দেওয়া হচ্ছে। ২১ ও ২৭ আগস্ট মেগা পুরস্কারের ড্র অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে আরেকটি মেগা পুরস্কার। প্রচারপত্রের ঘোষণা অনুযায়ী, ঈদের পর অনুষ্ঠিত হবে সুপার মেগা পুরস্কার। এতে থাকবে ৪০ ইঞ্চি এলসিডি টিভি, শীততাপ-নিয়ন্ত্রণ যন্ত্র ও ল্যাপটপ।মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজল বণিক প্রথম আলোকে বলেন, এ মার্কেটে প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জনকে ‘উপহার’ দেওয়া হচ্ছে। মেগা পুরস্কার হিসেবে থাকছে ছয় লাখ টাকা দামের মারুতি গাড়ি, এলইডি ও এলসিডি টেলিভিশন।পুলিশের অনুমোদন নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘গত ৯ আগস্ট আমাদের ২৫ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেছেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম।’জানতে চাইলে মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি বর্ষপূর্তি উৎসব উদ্বোধন করেছিলাম, বিক্রয় উৎসব কিংবা লটারির অনুষ্ঠান নয়।’ইউনুসকো সেন্টারে সাজানো দেখা গেছে ফ্রিজ, ওয়াশিং মেশিন, টেবিল ফ্যান, টেলিভিশন ইত্যাদি। চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে সাজিয়ে রাখা হয়েছে ফ্রিজ, টেলিভিশনসহ নানা পুরস্কার। চকবাজারের কেয়ারি ইলিশিয়াম শপিংমলে সাজানো আছে মোটরসাইকেল। জানতে চাইলে বিপণিবিতানের মেগা ঈদ ফেস্টিভ্যাল কমিটির আহ্বায়ক ইলিয়াছ চৌধুরীও প্রথম আলোকে বলেন, ‘গত ৯ আগস্ট আমাদের এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি এম এ ছালাম। এটা একধরনের অনুমোদনের মতোই।’প্রসঙ্গত, এর আগে ২০০৭ সালের ঈদের সময় চট্টগ্রাম শপিং কমপ্লেক্স এবং রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি বিক্রয় উৎসবের সময় গাড়িসহ নানান দামি দামি পণ্যসামগ্রী পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু এ দুই আয়োজক সংস্থা পুরস্কার বিতরণ করেননি বলে অভিযোগ আছে। চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের পুরস্কারের পণ্যসামগ্রী ব্যবসায়ী নেতারা ভাগাভাগি করে নেন। রিয়াজউদ্দিন বাজারের প্রথম পুরস্কারের গাড়িটি কাউকে দেওয়া হয়নি বলে অভিযোগ আছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পরের বছর (২০০৮ সালে) চট্টগ্রামের ঈদ বাজারে কোনো বিপণিকেন্দ্রে বিক্রয় উৎসব করতে দেয়নি নগর পুলিশ প্রশাসন।