অনুমোদন পায়নি পানছড়ি আ. লীগের ৫ ইউনিয়ন কমিটি
পানছড়ি আওয়ামী লীগের পাঁচ ইউনিয়নে ত্রিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে সাত মাস আগে। কিন্তু এখনো এসব কমিটির অনুমোদন মেলেনি। এ নিয়ে গত ১৭ এপ্রিল জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরার কাছে পাঁচ ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এতে তাঁরা অভিযোগের তীর ছোড়েন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের দিকে। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের মনোনীত পরিষদগুলো নির্বাচনে পরাজিত হওয়ায় কমিটিগুলো অনুমোদন দিতে তিনি গড়িমসি করছেন। গত বছর ৫ অক্টোবর সদর ইউনিয়নে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। ১৯ অক্টোবর উল্টাছড়ি, ২০ অক্টোবর লোগাং, ১৩ নভেম্বর চেঙ্গী, ১৪ নভেম্বর লতিবান ইউনিয়নের কাউন্সিল অধিবেশন শেষ হয়। প্রত্যেকটি অধিবেশনে গোপন ভোটে কাউন্সিলরেরা প্রতিনিধি নির্বাচন করেন। বিশেষ করে সভাপতি-সম্পাদক পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। সদর ইউনিয়ন কমিটিতে সভাপতি পদে আবদুল খালেক ও সম্পাদক পদে আবাদ মিয়া, উল্টাছড়িতে সভাপতি ও সম্পাদক পদে আব্দুল কাদের ও শান্তি কুমার ত্রিপুরা, মো. হানিফ ও শফিকুল ইসলাম। লোগাং ইউনিয়ন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আব্দুল বাছেদ ও জামির আলী, লতিবান ইউনিয়নে সভাপতি ও সম্পাদক দেবাশীষ চাকমা ও সুবল ত্রিপুরা এবং চেঙ্গী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সুনীল চাকমা ও রমেশ কান্তি চাকমা। এ সব কাউন্সিল অধিবেশনে জেলা আওয়ামী লীগ নেতা খগেশ্বর ত্রিপুরা, সৈয়দ আহাম্মদ, মো. ইউসুফ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বাহার মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি সতীশচন্দ্র চাকমা, উপদেষ্টা সাধনচন্দ্র চাকমা, মো. রফিকসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, ইউনিয়ন কাউন্সিলগুলো শেষ হওয়ায় উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে যে প্রচারণা শুরু হয়েছিল তা এখন স্তিমিত হয়ে পড়েছে। দলের মধ্যে দেখা দিয়েছে কোন্দল-কলহ। দুই ভাগ হয়ে নেতা-কর্মীরা একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েছেন। গত ১৬ এপ্রিল মরাটিলা এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বনভোজনে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ উপজেলা পর্যায়ের অনেক নেতা-কর্মীকে আমন্ত্রণ না জানানোতে দ্বন্দ্বটা প্রকাশ্যে চলে আসে। এখানে সভাপতি আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বাহার মিয়া দুই ভাগের নেতৃত্বে রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. রফিক বলেন, ‘কাউন্সিল না হওয়ায় দলের মধ্যে কোন্দল ও কলহ বেড়েছে। সাংগঠনিক কাঠামো একেবারে ভেঙে পড়েছে।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন বলেন, ‘কমিটিগুলো যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে।’ সাধারণ সম্পাদক বাহার মিয়া বলেন, ‘দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু লোকজন দলাদলি সৃষ্টি করে সংগঠনের ক্ষতি করতে চায়।’ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম সফি বলেন, ‘জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের কলহ মেটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’