অনুষঙ্গের যত্নআত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবহার শেষে সব অনুষঙ্গেরই যত্ন নিন। মডেল: পিয়া বিপাশা, ছবি: নকশা
ব্যবহার শেষে সব অনুষঙ্গেরই যত্ন নিন। মডেল: পিয়া বিপাশা, ছবি: নকশা

যত্নের ওপরই তো নির্ভর করে যেকোনো কিছুর স্থায়িত্ব, সৌন্দর্য। কিসের যত্নের কথা হচ্ছে বলুন তো? ভাবনায় পড়ে গেলেন, তাই তো? দৈনন্দিন জীবনের সবকিছুরই তো যত্নের প্রয়োজন। বলছি ব্যাগ, জুতা আর গয়নার কথা। এই তিনটি জিনিসই প্রত্যেক মানুষের নিত্যদিনের অপরিহার্য সঙ্গী। এসবের নিয়মিত ব্যবহার করতে সঠিক যত্নআত্তি চাই বৈকি।

ব্যাগের যত্ন
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা মনে করেন, ঠিকমতো যত্ন করতে পারলে ব্যাগ টেকে অনেক দিন। প্রয়োজনের ধরন অনুযায়ী ব্যাগের আকার-প্রকার আর নকশারও ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতা বুঝে ব্যাগের যত্ন নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। নিয়মিত যেসব ব্যাগ ব্যবহৃত হয়, সেসবে প্রতিদিনই একটু একটু করে ধুলো পড়ে থাকে। বাইরে থেকে ফিরেই যদি সময় করে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে বা মুছে রাখা হয়, তবে তা আর নোংরা হবে না। আবার পার্টিতে যেসব ব্যাগ ব্যবহার করা হয়, সেসব সাধারণত একটু শৌখিন হয়। ঝকমকে পাথর, পুঁতি, মুক্তা এবং বিভিন্ন উপকরণের নকশা থাকে। এসব ব্যাগের যত্নও একটু ভিন্নভাবে নিতে হবে। ব্যবহার শেষে বাসায় ফিরে ছোট পার্স হলে টিস্যু মুড়িয়ে, বড় হলে পাতলা কাপড় বা প্লাস্টিক মুড়িয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে বা সোজাসুজি করে ড্রয়ারে তুলে রাখলে দীর্ঘ সময় ধরে ভালো থাকবে। ব্যাগের কড়ি, কাঠ বা পুঁতি ছিঁড়ে গেলে ব্যাগের আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে ছিঁড়ে না যায়। আর যদি ছিঁড়েই যায়, তবে এ ধরনের পুঁতি বা কড়ি বাজারে কিনতে পাওয়া যায়। দেখতে সুন্দর এমন উপকরণ দিয়ে পুনরায় ঠিক করে নিলে ব্যবহারের উপযোগী হবে। ফ্যাশন ডিজাইনার রামিম রাজ জানালেন, চামড়া বা সুতির যেসব ব্যাগ ব্যবহার করা হয়, সেগুলো একটু আলো–বাতাসে রাখতে হয়। তাতে ব্যাগের গায়ে ছত্রাক সংক্রমণ হবে না। ধুলো–ময়লা বা ছত্রাক পড়ে গেলে যতটা সম্ভব সাবধানে শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলে হালকা রোদে শুকিয়ে নিতে হবে। নকশার মধ্যে ধুলো ঢুকে গেলে পুরোনো ব্রাশ দিয়ে আস্তে ঝেড়ে ফেলতে হবে। বেশি জোরে ঘষলে ক্ষতি হতে পারে। এমন হলে রং করিয়ে বা শাইনার লাগিয়ে নিলে তা ঠিক হয়ে যেতে পারে। আর সুতি কাপড়ের ব্যাগে ধুলো–ময়লা লাগলে ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলে হালকা রোদে শুকাতে হবে। কড়া রোদে রং নষ্ট হয়ে যেতে পারে।

.
.

গয়না
অনেক পরিবারেই তো বংশপরম্পরায় মায়ের গয়না মেয়ে, তার মেয়ে পেয়ে থাকে। কী করে এত দীর্ঘ সময় ধরে তাঁদের গয়নাগুলো সুন্দর থাকে—এমন প্রশ্নের উত্তর জানালেন স্কুলশিক্ষক মিনতি চৌধুরী। তিনি অনেক গয়না তাঁর মায়ের কাছ থেকে পেয়েছেন। এত দিন ধরে গয়নাগুলো সুন্দর ঝকঝকে থাকার কারণ নিয়মিত যত্ন। তবে চলুন, জেনে নিই নানা রকম গয়নার যত্নের কথা।
সোনার গয়না
খাঁটি সোনার গয়না নরম হয়ে থাকে। সামান্য আঘাতেই বেঁকে যেতে পারে, তাই গয়নাটা ঠিকমতো ঢুকে যায় এমন এয়ার টাইট বক্সে রাখা উচিত। সোনা অনেক দিন ব্যবহারের ফলে উজ্জ্বলতা একটু কমে যায়। পানির মধ্যে সামান্য শ্যাম্পু গুলিয়ে সঙ্গে একটু টুথপেস্ট নিয়ে তাতে গয়না ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে হালকা ঘষে নিলে হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন। জানালেন ঢাকার স্বর্ণ কমল জুয়েলার্সের কর্মী বাবু বসাক। এ ছাড়া সোনার গয়নাগুলো দোকান থেকে পলিশ করিয়েও নেওয়া যায়। এতে দীর্ঘদিন ব্যবহারের জন্য কালচে ভাব থাকলে চলে যাবে।
গয়নায় ঘাম লাগলে মুছে নিয়ে কিছুক্ষণ বাতাসে শুকিয়ে নিন। এবার মখমলের কাপড় বা টিস্যু মুড়িয়ে বক্সে তুলে রাখুন।
রুপার গয়না
রুপার গয়নার সমস্যা হলো, বেশি দিন ব্যবহার করলেই কালচে হয়ে যায়। তা বলে কমেনি রুপার গয়নার কদর। ফ্যাশনে কানের দুল থেকে পায়ের নূপুর সবকিছুতেই নতুন ঢঙে নতুন নকশায় হাজির হয় রুপার গয়না। ডিজাইনার বিপ্লব সাহা জানান, সঠিক যত্ন নিলে রুপার গয়না ভালো থাকবে দীর্ঘদিন।
ব্যবহারের পর গয়নাটি ভালোভাবে মুছে তুলা, টিস্যু বা মখমল কাপড়ে মুড়িয়ে তুলে রাখুন।
কালচে হয়ে গেলে তেঁতুল গোলা পানি বা রিঠা–পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষলে ঝকঝকে হয়ে উঠবে।
অনেক সময় পানিতে হলুদ দিয়ে তাতে গয়নাটি ভিজিয়ে রেখে দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিলেও পরিষ্কার ও ঝকঝকে হয়ে ওঠে।
পাথরের গয়না
ভারী কুন্দন, পাথর বসানো গয়না হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে ঘষে পরিষ্কার করতে হয়।
গোল্ড প্লেটেড গয়না
গোল্ড প্লেটেড গয়নার কদর বেড়েই চলেছে। আর তাই জেনে নেওয়া প্রয়োজন এসবের যত্নআত্তির দিকটাও। এ বিষয়ে জানালেন টোকিও স্কয়ারের সৃষ্টি গোল্ড প্লেট জুয়েলার্সের কর্মী দীপু।
গোল্ড প্লেটেড গয়না ব্যবহার শেষে কিছুক্ষণ বাতাসে শুকিয়ে নিয়ে তারপর টিস্যু মুড়িয়ে তুলে রাখলে ভালো থাকবে।
এসব গয়নায় পারফিউম লাগলে কালচে হয়ে যাবে, তাই সাবধানে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ঘাম ও পানি না লাগে। পানি লাগলেও কালচে হয়ে যেতে পারে। কালচে হয়ে গেলে দোকান থেকে পুনরায় সোনালি রং করিয়ে নেওয়া যায়।
হীরার গয়না
নিয়মিত ব্যবহৃত হলে এক সপ্তাহ পরপর এটি পরিষ্কার করে বাক্সে তুলে রাখলে ভালো হয়। এটি চাইলে দোকান থেকেও করিয়ে নেওয়া যায় আবার বাড়িতে বসেও করা যায়। যেমন একটা পাত্রে পানি নিয়ে তাতে কিছুটা ডিটারজেন্ট ও টুথপেস্ট মিশিয়ে নিন। এবার তাতে গয়না ডুবিয়ে ব্রাশের সাহায্যে হালকা ঘষে পরিষ্কার করে নিন। এবার শুকনো নরম কাপড় বা তুলা দিয়ে মুছে নিয়ে মখমলের বাক্সে তুলে রাখতে হবে। তাহলেই ভালো থাকবে হীরার গয়না।
নানা রকম সব গয়না কিন্তু এক জায়গায় একই বাক্সে রাখা যাবে না। তাতে বরং বিড়ম্বনা বেড়ে যাবে। এবং নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে। একেক ধরনের গয়নার জন্য আলাদা গয়নার বাক্স হলে যত্নে থাকবে আপনার প্রিয় গয়না—এমনটাই মনে করেন ডিজাইনার বিপ্লব সাহা।

.
.

জুতা
জুতার আসল জৌলুশ ধরে রাখতে চাই সঠিক যত্ন। বলছিলেন ফ্যাশন ডিজাইনার রামিম রাজ। প্রতিদিনের ব্যবহারে পথের ধুলোবালি, কাদা, পানি লেগে অনেক সময়ই জুতার আসল চেহারা নষ্ট হয়ে যায়। বাইরে থেকে ফিরে প্রতিদিনই একটু সময় করে পাতলা নরম কাপড় দিয়ে ধুলোবালি ঝেড়েমুছে রাখা ভালো। আর যদি তা না করে অনাদরেই ফেলে রাখি, তাহলে দেখা যাবে কিছুদিন পরে জুতাটির বেহাল অবস্থা হয়ে গেছে। আগের নকশা তখন আর বোঝাই যাবে না। ছিঁড়ে যাবে, দাগ পড়ে যাবে। জুতার ধরন বুঝে নিতে হবে যত্ন। এ নিয়ে বে এম্পোরিয়ামের কর্মী মো. রিয়াদ জানালেন, সব থেকে বেশি যত্ন প্রয়োজন হাই হিল বা স্যান্ডেলের। কারণ, হাঁটাহাটির ফলে এর হিল ক্ষয়ে যায়। এ ধরনের জুতা কেনার পরপরই হিলের নিচে রাবারের সোল লাগিয়ে নিলে ভালো হয়।
বাজারে চামড়ার জুতার জন্য লেদার ওয়েল, ময়েশ্চারাইজার, কন্ডিশনার, শাইনার কালার পাওয়া যায়। এগুলো দিয়ে মাঝে মাঝে জুতা পরিষ্কার করলে দেখতে বেশ ঝকঝকে নতুনের মতো লাগে আবার টেকেও বেশি দিন।
যেসব জুতা প্রতিদিন ব্যবহার করা হয় না, সেগুলো মাঝে মাঝেই বাইরে বের করে রোদে দেওয়া উচিত। জুতায় ঠিকমতো আলো–বাতাস লাগলে ছত্রাক পড়বে না আবার জুতার আকারও ঠিক থাকবে।
দামি সুন্দর জুতা আলাদা বাক্সে তুলে রাখতে পারলে ভালো হয়। সেটা না করা গেলে অন্তত প্লাস্টিকের আলাদা প্যাকেটে মুড়িয়ে তুলে রাখলে জুতা ভালো থাকবে। কোথায় কীভাবে জুতা রাখছেন, তার ওপরেই নির্ভরও করে আপনার জুতা কতটা ভালো থাকবে।