অনুষ্ঠান ব্যবস্থাপনায় চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠান সফল করে তোলার কাজ করে দিচ্ছে অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। ছবিটি প্রথম আলো পাঠক মেলা থেকে​ তোলা
অনুষ্ঠান সফল করে তোলার কাজ করে দিচ্ছে অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। ছবিটি প্রথম আলো পাঠক মেলা থেকে​ তোলা

করপোরেট প্রতিষ্ঠানগুলো পণ্য বা ব্যবসা প্রচার বা প্রসারের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে। আর এই প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠান সফল করে তোলার কাজ করে দিচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট বা অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান। সুন্দরভাবে ও সফলভাবে এই কাজগুলো করতে অনেক লোকের প্রয়োজন হয়। গত কয়েক বছরে বাংলাদেশে অনুষ্ঠান ব্যবস্থাপনা নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি করেছে।
কাজের ধরন: অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান অনেক ধরনের কাজ করে থাকে। এ সম্পর্কে জানতে চাইলে অনুষ্ঠান ব্যবস্থাপনা ও বিজ্ঞাপন সংস্থা গ্রে বাংলাদেশের মার্কেটিং সার্ভিসেসের মহাব্যবস্থাপক সাইফুল আজিম জানান, ‘অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করে থাকে। প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে যেভাবে চায় সেভাবে আমরা কাজ করে দিই। অনেক নতুন প্রতিষ্ঠান বা পণ্য ব্র্যান্ডের প্রমোশন পরিচালনা করে, বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করে এবং তা মাঠপর্যায়ে নিয়ে যায়। মূলত এই কাজগুলোই করে থাকে অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান।’ তিনি জানান, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান যদি তাদের মতো করে কোনো ইভেন্ট আয়োজন করতে চায় তাহলে সেই আয়োজনও অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান করে দেয়।
শিক্ষাগত যোগ্যতা: তরুণ ও পরিশ্রমীদের অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠানে ভালো করার সুযোগ অনেক বেশি। কাজের ভিন্নতার কারণে বিভিন্ন পর্যায়ের পড়াশোনা শেষ করা মানুষের কাজের সুযোগ আছে এখানে। এসএসসি পাস থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ডিগ্রিধারীরা এসব প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। তাই বলা যায়, শিক্ষাগত যোগ্যতা যেটাই হোক না কেন, যে কেউ এখানে কাজ করতে পারবেন।
বাড়তি যোগ্যতা: এসব প্রতিষ্ঠানের কাজ করতে চাইলে বাড়তি কিছু যোগ্যতার দরকার। বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা। অনুষ্ঠান ব্যবস্থাপনার প্রতিষ্ঠান মাত্রা-র টিম লিডার আহমেদ রেজাউল করিম বলেন, বাড়তি যোগ্যতা হিসেবে সবার আগে প্রয়োজন সুন্দরভাবে কথা বলার দক্ষতা। পাশাপাশি ইংরেজি ভালো জানা থাকলে এই পেশায় ভালো করার সুযোগ অনেক বেশি। পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এখানে কাজের প্রয়োজনে বাড়তি দায়িত্ব নেওয়ার মানসিকতা থাকতে হবে। থাকতে হবে তথ্য-প্রযুক্তির জ্ঞান।
কীভাবে জানবে: এখানে কাজের সুযোগের খবর নানা মাধ্যমেই জানা যায়। সংবাদপত্র বা জব পোর্টালে এ-সংক্রান্ত নিয়োগ প্রকাশ করা হয়। তবে কাজের ভিন্নতার ওপর বেশির ভাগ ক্ষেত্রে জনবল নিয়োগের ধরন নির্ভর করে। মাঠপর্যায়ে লোক নিয়োগের খবর জানানোর ধরন এক ধরনের, আবার উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তির ধরন আলাদা। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ফেসবুক পেজেও জনবল নিয়োগসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়ে থাকে।
বেতন ও সুযোগসুবিধা: বেতন ও বিভিন্ন সুযোগসুবিধা কাজের ধরনের ওপর নির্ভর করে। পার্টটাইম ও ফুলটাইম লোকের ক্ষেত্রে কাজের ধরন ও বেতন বা সুযোগসুবিধা ভিন্ন। সাইফুল আজিম জানান, অনেক সময় ঘণ্টা বা ইভেন্টে ওপর এই বিষয়গুলো নির্ভর করে। নতুনদের ক্ষেত্রে মাসিক বেতন ১২ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত, আর খণ্ডকালীন কাজের ক্ষেত্রে দৈনিক এক হাজার থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া অন্যান্য সুযোগসুবিধা তো আছেই।