বিয়ে, জন্মদিন, পুনর্মিলনী কিংবা পারিবারিক অনুষ্ঠান। উপলক্ষ যা-ই হোক, আয়োজনটা রাতে হলে তাতে আলোকসজ্জা দরকার হয়। ছোট ছোট মরিচবাতি পুরো অনুষ্ঠানস্থল ঘিরে না থাকলে উত্সবের আবহটা যেন ম্লান হয়ে যায়। হলুদ, সাদা, লাল, নীল ও সবুজ—বিভিন্ন রঙের মরিচবাতি পাবেন বাজারে। একেক রঙে তুলে ধরতে পারেন একেক আবহ। অনুষ্ঠানের আগে বাড়ির কাছের যেকোনো ডেকোরেটরের দোকানে ঢুঁ মারলেই মরিচবাতির খোঁজ পাবেন।পুরো অনুষ্ঠানস্থল আলোকিত করে ফেলার আগে পকেটের হালচালটা কেমন থাকা দরকার, জেনে নিন। মরিচবাতির খরচের হিসাব হয় হাজারে। ঢাকার তেজগাঁও রেলগেট এলাকার আজিজ ইলেকট্রনিকস অ্যান্ড ডেকোরেটরের স্বত্বাধিকারী আবদুল আজিজ বলেন, ‘স্থানের পরিমাপ বুঝে মরিচবাতির হিসাব করা হয়।’ বাতির সংখ্যা বেশি হলে খরচটা কমে আসবে। এ ছাড়া দূরত্ব, সাজানোর ধরন—এসবের ওপরও খরচ কিছুটা ওঠানামা করবে। বাতি লাগাতে হলে আপনার ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হবে। মিস্ত্রির মজুরি আলাদা।বাড়ির ছোট্ট শিশুর জন্মদিন কিংবা পারিবারিক পুনর্মিলনীর মতো ছোটখাটো অনুষ্ঠানেও ঘর সাজাতে পারেন মরিচবাতি দিয়ে। এ বিষয়ে ঢাকার রামপুরার সাইফুল ডেকোরেটর থেকে জানা গেল, ছোট অনুষ্ঠানের জন্য কম বাতি দিলে খরচ বেশি পড়ে। এ ক্ষেত্রে ভালো হয়, আপনি যদি ঢাকার নবাবপুরে চলে যান। এখানে আছে মরিচবাতির বাজার। আপনি সেখানে নিজের মনের মতো অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন।অনুষ্ঠানের আরও একটি সংযোজন—শব্দব্যবস্থা। হাল আমলের জনপ্রিয় গানগুলো তো বাজবেই, সঙ্গে পরিবারের কেউ কেউ গিটার-মাইক হাতে মঞ্চে উঠে যান। আজকাল প্রায় সব এলাকাতেই সাউন্ড সিস্টেম ভাড়া দেয়। মগবাজার লাইভ সাউন্ডের কামরুল হাসান জানান, কী পরিমাণ সাউন্ড সিস্টেম লাগবে, সেটা নির্ভর করে জায়গার ওপর। ছোটখাটো অনুষ্ঠানে পাঁচ হাজার টাকার মধ্যে সাউন্ড সিস্টেম ভাড়া পাবেন। পরিবহন এবং আনুষঙ্গিক খরচ আলাদা। তবে সাউন্ড সিস্টেমের মান কিছুটা ভালো হওয়ায় খরচও পড়বে কিছুটা বেশি। অন্যান্য জায়গায় কম খরচেও পাওয়া যেতে পারে।অনুষ্ঠানে আনন্দ আয়োজন তো থাকবেই। তবে অতিরিক্ত শব্দ যেন প্রতিবেশীদের বিরক্তির কারণ না হয়, সে ব্যাপারে অবশ্যই লক্ষ রাখা উচিত। আলোকসজ্জার ক্ষেত্রেও সচেতন থাকুন, যেন বিদ্যুতের অপচয় না হয়।