অনুষ্ঠানের টুকরা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন এক শিশু মডেল প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানে সবচেয়ে উপভোগ্য ছিল শিশুদের অনবদ্য ক্যাটওয়াক। এই ব্যতিক্রমী ফ্যাশন কিউ চলার সময় হঠাৎ দর্শক সারি থেকে একটি শিশু ক্যাটওয়াকে যোগ দেয়। কোনোরকম অনুশীলন ও প্রস্তুতি ছাড়াই পাকা মডেলদের মতো র‌্যাম্পে হাঁটল কপালে লাল টিপ আর স্কার্ট পরা ছোট্ট মেয়েটি। তবে শিশুটির সাবলীল ভাবভঙ্গির কারণে উপস্থিত অনেক দর্শকের চোখেই ধরা পড়েনি বিষয়টি।তবে ধরা পড়ল ফ্যাশন কিউ শেষে। শিশুরা বেরিয়ে যাচ্ছিল তখন। গুনে দেখা গেল র‌্যাম্পে হেঁটেছে ১১ শিশু। কিন্তু কিউ শুরু করেছিল ১০টি শিশু। তাহলে একজন বাড়ল কীভাবে? ব্যাপারটা খোলাসা হলো কিছুক্ষণ পর। অনুষ্ঠান শেষে জত্রীতা বুটিক হাউসের ডিজাইনার লিনা বলেন, ‘আমার সাড়ে চার বছরের মেয়ে জাইমা মডেলের তালিকায় ছিল না। সে অনুশীলনেও অংশ নেয়নি। অন্য শিশুদের মঞ্চে হাঁটতে দেখে একসময় সেও উঠে র‌্যাম্পে হাঁটা শুরু করে।’‘মেজো ভাবি এসেছেন’পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল তখন। প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিজয়ীদের নাম ঘোষণা করছিলেন। ফতুয়া (মেয়ে) বিভাগে তৃতীয় পুরস্কার নিতে তিনি ডাকলেন ওপেল হাউসের রাশিদুল মজিদ চৌধুরীকে। কিন্তু পুরস্কার নিতে মঞ্চে এলেন এক নারী। সঞ্চালক বিশ্বজিৎ চৌধুরী ওই নারীর কাছে জানতে চাইলেন, তিনি বিজয়ীর কী হন। জবাবে ওই নারী বলেন, ‘আমি তাঁর মেজো ভাবি।’ এই কথা শুনে সঞ্চালক বলেন, ‘মেজো ভাবি এসেছেন।’সাগরের হাওয়ায় দীর্ঘশ্বাসফ্যাশন কিউ শেষে প্রতিযোগীদের মধ্যে একজনের অনুভূতি জানতে চাওয়া হলে কক্সবাজার থেকে আসা প্রতিযোগী সাদিয়া উঠে দাঁড়ান। হাসিমুখে তিনি কথা শুরু করেন। বলেন, ‘প্রতিবারই অনেক কষ্ট করে প্রতিযোগিতায় অংশ নিই। সাগরের হাওয়া খেতে খেতে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসি। কিন্তু এখানে নামী ডিজাইনারদের সঙ্গে পাল্লা দিতে পারি না। আবার সাগরের হাওয়া খেতে খেতে সাগরের কাছে ফিরে যেতে হয়।’ এ সময় তাঁর বলার ভঙ্গিতে মিলনায়তন-ভর্তি দর্শক হেসে ওঠেন। সাদিয়ার কথা শেষে সঞ্চালক বলেন, ‘উনি শুধু ভালো ডিজাইনারই নন, ভালো বক্তাও।’ জাদুকরের কলকাঠিশুরু থেকে পুরস্কার বিতরণীর আগ পর্যন্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন জাদুকর রাজীব বসাক। ফ্যাশন কিউর ফাঁকে ফাঁকে দেখান বেশ কয়েকটি মজার জাদু। পুরস্কার বিতরণীর আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে রাজীব বলেন, ‘শুরুতেই বলেছিলাম সব কাজের পেছনে কেউ কলকাঠি নাড়ে। আমি এতক্ষণ যেসব জাদু দেখলাম, তার পেছনে ছিল এই জাদুর কাঠি।’ এই বলে তিনি মঞ্চে রাখা একটি কালো রঙের লাঠি হাতে তুলে নেন। প্রতিযোগীদের উদ্দেশে জাদুকর বলেন, ‘এবার আমি চলে যাব। কারণ বিজয়ীরা হয়তো আমাকে ধন্যবাদ দেবেন। কিন্তু যাঁরা পুরস্কার পাননি, তাঁরা হয়তো বলবেন পেছন থেকে এই লোকটাই কলকাঠি নেড়েছে।’যাওয়ার আগে জাদুর কাঠিটিকে তিনি বদলে দেন ফুলের তোড়ায়। বলেন, ‘এভাবে যদি জাদুর পরশে বদলে দেওয়া যেত গোটা বাংলাদেশকে!’