আওয়ামী লীগ নেতা, সাবেক সাংসদ মো. আবদুল ওয়াহাব। নিরহংকারী সুস্থ রাজনৈতিক ধারার প্রবীণ এই মানুষটি চলে গেলেন গত ২৯ অক্টোবর। তাঁর বাবা খলিলুর রহমান ছিলেন জনপ্রতিনিধি। সেই সুবাদে নিজেও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ছাত্রাবস্থা থেকেই। ৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পর থেকেই সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েন। এর পর থেকে আর পেছন ফিরে তাকাননি। রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যান। দীর্ঘ জীবনে নানা গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন তিনি। বিভিন্ন সময় হাটহাজারী থানা ও চট্টগ্রাম উত্তর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, থানা কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের সহসম্পাদক, সহসভাপতি, বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উত্তর জেলার সভাপতি নির্বাচিত হন। ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ) এবং ১৯৭৩ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম কলেজে পড়ার সময় (৪৭-৫৪) ছাত্রসংসদ গঠনসহ বিভিন্ন দাবি এবং বায়ান্নের ভাষা আন্দোলনের সময় মিছিল-সমাবেশ আয়োজনে সক্রিয় ভূমিকা রাখেন। ’৪৭ সালে ছাত্রসংসদের দাবিতে মিছিলের একপর্যায়ে কলেজ ভবনের ছাদে উঠে পাকিস্তানের পতাকা তোলার অপরাধে অধ্যক্ষের রোষানলে পড়েন। আন্দোলনের ফলে ওই বছরই কলেজ ছাত্রসংসদ গঠিত হয়। ছাত্রদের কাছে প্রিয় হয়ে ওঠেন ওয়াহাব। ’৬৬ সালে লালদীঘিতে বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করে যাওয়ার পর থেকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছয় দফা সম্পর্কে জনগণকে বোঝানো। তাঁর বক্তৃতা শুনে কামরুজ্জামান মন্তব্য করেছিলেন ‘ছয় দফা বিশারদ’।বাবা তাঁকে একদিন বলেছিলেন, ‘একটা কথা মনে রাখবে, আমি কোনো রকম অন্যায় পথে পয়সা কামাইনি। তুমিও ওয়াদা করো, যত দিন পার কাজ করে যাবে। যখন অন্যের অর্থ কিংবা ঘুষ দুর্নীতির দিকে তাকাতে হবে, তখন ঘরে চলে আসবে।’ বাবাকে দেওয়া ওয়াদা জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করে চলেছেন ওয়াহাব। রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং সাংসদ হওয়ার সুবাদে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইচ এম কামরুজ্জামানের মতো কেন্দ্রীয় নেতাদের সংস্পর্শে এসেছেন। চট্টগ্রামের এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এম এ হান্নান, এম আর সিদ্দিকীর মতো নেতাদের সঙ্গে কাজ করে নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার সুযোগও হয়েছে তাঁর। এমন সুযোগের অপব্যবহার করে অর্থ-বিত্ত সংগ্রহের মালিক হওয়ার অপসংস্কৃতি থেকে মুক্ত ছিলেন ওয়াহাব। পৈতৃক বিষয়-সম্পত্তির আয় থেকে নানাভাবে অর্থ সংগ্রহ করে খরচ করেছেন। অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। এমনকি জাতীয় সংসদ সদস্য থাকার সময়ও নিজের জমিতে দিনমজুরদের সঙ্গে কাঁধ মিলিয়ে চাষাবাদ করেছেন। সাধারণ মানুষের মতোই বাসে চড়ে বাড়িতে যাতায়াত করেছেন। স্বাধীনতার পর মহকুমা প্রশাসন চালানোর জন্য গঠিত কমিটির সভাপতি ছিলেন তিনি। কমিটির সচিব মহকুমা প্রশাসক বদলি হওয়ার আগে তাঁকে কয়েক শ একরের পাহাড়ি জায়গা বন্দোবস্ত নেওয়ার পরামর্শ দিলে ওয়াহাব বলেছিলেন, ‘চলার মতো জায়গা-জমি আমাদের আছে, এর বেশি কিছু আমি চাই না।’ এভাবে নিজের সততার ব্যাপারে প্রশ্ন তোলার মতো কোনো সুযোগ রাখেননি প্রবীণ এই রাজনীতিক। একাত্তরের মার্চে এলাকায় স্বাধীনতা সংগ্রাম জোরদার করার জন্য আত্মনিয়োগ করেন। ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে বাঙালি সৈনিক-জনতাকে সংগঠিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় অবস্থান নেওয়া শত্রুবাহিনীকে স্থানীয়ভাবে প্রতিরোধ করার উদ্যোগ নেন। পরে বেশ কিছু সঙ্গীসহ ভারতে গিয়ে শরণার্থী-মুক্তিযোদ্ধা চিহ্নিত করে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া এবং যথাস্থানে পাঠানোসহ নানা বিষয়ে ভূমিকা রাখেন। নিরহংকার ত্যাগী এই মানুষটির আদর্শ নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের অনুসরণীয় হতে পারে।