অনু'ঘটকের' জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লতা ছিল সুন্দরী, আকর্ষণীয়, কণ্ঠশিল্পী, থিয়েটার-কর্মী, ঝলমলে, তারুণ্যে ভরপুর। আর প্রশান্ত ছিল ওভার ওয়েট, বোকাসোকা, নিরেট, নিরহংকার এবং প্রায় নির্বান্ধব ভ্রমণবিলাসী মানুষ। এরা দুজন ছিল দুই গ্রহের বাসিন্দা। শুধু গ্রহ না, এদের আগ্রহও ছিল বিপরীত। লতা হাঁটতে পছন্দ করত, প্রশান্ত পছন্দ করত বাইক চালাতে। তিন বেলা তো দূরে থাক, এক বেলা খেতেই লতা নাক কুঁচকাত, প্রশান্ত খাবার পেলে দুনিয়ার তাবৎ ব্যাপার ভুলে যেত। লতা ছিল বাঁশ পাতা আর প্রশান্ত তার ভুঁড়িটা আড়াল করতে এক সাইজ ঢোলা জামাকাপড় পরত।
অথচ এদের বিয়ে ঠিক হয়ে গেল! হয়ে গেল আংটি বদল। কীভাবে?
কথায় বলে, জন্ম, মৃত্যু আর বিয়ের ভাগ্য মানুষ ওপর থেকে নিয়ে আসে। ওপর থেকে নিয়ে এলে কী হবে, নিচেও এসব ঘটনার অনুঘটক তো থাকে। লতা ও প্রশান্তর বিয়ের অনুঘটক হয়ে গেলাম আমি। যদিও দুর্মুখেরা অনুঘটক থেকে অনু সরিয়ে ফেলেছে এবং আমাকে এখন ঘটক নামেই ডাকতে শুরু করেছে। আমি অবশ্য সমালোচনায় কান দিইনি। যা করার তা তো করেই দিয়েছি। আর সেটা করেছি মাস তিনেক আগে।
লতা আমার সহকর্মী। প্রশান্ত আমার বন্ধুপ্রতিম ছোট ভাই। প্রশান্ত লতার ছবি ফেসবুকে দেখেই আপ্লুত। বলল, ‘হীরক ভাই, মেয়েটা তো সুন্দর!’
আমি বললাম, ‘মেয়েরা সুন্দরই হয়, তাতে তোর কী?’
: না মানে, বাসা থেকেও তো বলছিল বিয়ে করার কথা!
: বাসা থেকে তো তোকে কত দিন বলছে ওয়েট লস করার কথা! করেছিস? বিয়ের কথা শুনে এখন লাফ দিয়ে উঠেছিস, না?
: ওয়েট তো লস করবই, ভাই। কিন্তু ইন্সপায়রেশন পাচ্ছি না। প্রেম হলে একটা গোল থাকত!
: ওই গোলের আশায় বসে থাকলে তুই নিজেই একটা বৃহত্তর গোল হয়ে যাবি! লতার সাথে তোর কিচ্ছু হবে না। লতা তোর টাইপ মেয়েই না।
: আমার টাইপ আবার কী? আমি চাইলে বদলাতে পারি। আমিও লতার মতো হয়ে যাব! আপনি দেখেন না! না চাইলেও আমাকে দেখতে হলো। কারণ, ইতিমধ্যে প্রশান্ত লতাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেলেছে। লতার সঙ্গে আমার কথোপকথন হলো এ রকম—
: প্রশান্ত আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। এর উদ্দেশ্য কী, হীরক ভাই?
: উদ্দেশ্য সম্ভবত ব্যাচেলর লাইফ ত্যাগ।
: তার মানে কী?
: মানে সহজ। সে বোধ হয় তোমাকে পছন্দ করে ফেলেছে।

: হুহ্! পছন্দ করা এতই সহজ? কথা নাই বার্তা নাই ফেসবুকে দুইটা প্রোফাইল পিকচার দেখেই পছন্দ!

: আমিও সেটাই বলেছি। বলেছি যে লতা তোর টাইপের মেয়ে না।

: কেন? আমি আবার কোন টাইপের মেয়ে?

: আরে না না। আমি আসলে বোঝাতে চেয়েছি যে তুমি তো আসলে অনেক ইয়ে...আর প্রশান্তটা অতি সরল। বোকা বলা যায়। এমনিতে আমরা গাধা বলি ওকে।

: আপনাদের ওই গাধাকে বলবেন আমি অপরিচিত কারও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। সরি!

: আচ্ছা।

গভীর রাতে প্রশান্তর ফোন। বলল, ‘লতাকে নিয়ে একটু কথা আছে, ভাই।’

আমি বললাম, ‘লতা-পাতা, বন-জঙ্গল কাউকে নিয়েই কথা বলতে পারব না এখন। আমি ঘুমের মধ্যে আছি। তা ছাড়া লতা তোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, আমাকে বলে দিয়েছে।’

: করেছে, ভাই।

: কী?

: ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে।

: কী বলিস?

: হ্যাঁ, এই একটু আগে। ইনবক্সে ‘হাই’ লিখেছে। এখন আমি কী করব?

আমার হাই উঠল। প্রশান্ত আবার জানতে চাইল, ‘ভাই, এখন আমি কী করব?’

অত্যন্ত বিরক্ত হয়ে বললাম, ‘কিছু করতে হবে না, ঘুমা। আর আমাকেও ঘুমাতে দে।’

আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম।

সকালে লতার সঙ্গে দেখা অফিসে। আমাকে দেখেই লতা বলল, ‘আপনার ওই ছোট ভাই খুব সহজ আর বোকা, না?’

: হ্যাঁ, তাই তো!

: হুহ্! আপনি তাকে চেনেনই না। কাল রাতে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। ভদ্রতা করে ইনবক্সে ‘হাই’ বলেছি। আর সে কী করেছে, জানেন?

আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ‘কী করেছে?’

লতা রেগে বলল, ‘কিচ্ছু করেনি। এমনই বিচ্ছু এমনই বেয়াদব। সিন করে রেখে দিয়েছে। হাইয়ের বদলে একটা হ্যালোও দিতে পারেনি। আজকেই ওকে আমি ব্লক করব!’

গভীর রাতে আবারও প্রশান্তর ফোন।

: ভাই, ঘটনা তো ঘটে গেছে।

: লতা ব্লক করেছে তোকে, তাই তো?

: না, লতার সাথে চ্যাট হচ্ছে। সে তো কাল দেখা করতে বলে!

: কী বলিস এইসব?

: হ্যাঁ। এখন কী করব, ভাই?

: দেখা করতে বলছে দেখা করবি। আর কী করবি?

 : কিন্তু ভয় লাগছে তো ভাই।

: ভয় লাগলে দেখা করবি না। যত্ত সব।

বিরক্ত হয়ে ফোন রেখে দিলাম। পরের সকালে আবার লতা।

: আপনি জানেন, আপনার ওই প্রশান্ত একটা এত্তগুলা বেয়াদব!

: কেন, কী হলো আবার?

: তাকে আমি দেখা করতে বলেছি আর সে বলে কি না তার ভয় লাগছে! কত বড় বেয়াদব হলে সে এই কথা বলতে পারে!

: কিন্তু তুমি ওর সাথে দেখা করবে কেন?

: দেখা করব না। মানে আপনিই তো বললেন, সহজ-সরল একটা ছেলে। ভাবলাম দেখি। সত্যি সত্যি ভাজা মাছ উল্টে খেতে পারে না, নাকি ভাব ধরে। কিন্তু আর দেখা করব না! মরে গেলেও দেখা করব না! ইম্পসিবল!

পরের রাতে আমি মনে মনে প্রশান্তর ফোন আশা করলাম। এল না। তার পরের রাতেও না। তার পরের রাতেও না। হাঁফ ছেড়ে বাঁচলাম। যাক, আপদ গেছে। লতা আর প্রশান্তর তাহলে সব চুকেবুকে গেছে। কিন্তু মাত্র একটা সপ্তাহ পরেই গভীর রাতে প্রশান্তর ফোন।

: ভাই?

: বল।

: ঘুমিয়ে গেছেন?

: না। রাত একটায় তোর ফোনের আশাতেই বসে আছি।

: সত্যিই ভাই, আপনি মহান। আপনি সেরা। আপনি আপনি আপনি একটা বটগাছ!

আমি ভীষণ ভড়কে গেলাম। লতাকে না পেয়ে প্রশান্তর মাথা বোধ হয় নষ্ট হয়ে গেছে। বললাম, ‘কী বলছিস এসব?’

: সত্যি বলছি, ভাই। আপনি না থাকলে আমাদের যে কী হতো!

: তোদের?

: হ্যাঁ। এই একটা সপ্তাহ আমরা অনেক ঘুরেছি-ফিরেছি আর দুজন একসাথে সিদ্ধান্ত নিয়েছি...আমরা বিয়ে করব। আমি আর লতা!

: সর্বনাশ! বিয়ে?

: হ্যাঁ, ভাই। আপনার জন্য, শুধু আপনার জন্য লতার মতো এত দারুণ একটা মেয়ে আমার জীবনে এসেছে। লতাও আপনার সাথে কথা বলবে, কিন্তু লজ্জা পাচ্ছে। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো?

পরের দিন অফিসে পৌঁছাতেই সবাই আমাকে ছেঁকে ধরল। আমি নাকি লতা আর প্রশান্তর এমন চমৎকার জুটি করিয়ে দিয়েছি। আমি নাকি সেই আশ্চর্য ঘটক। আমি শুনি কিন্তু কিছু বলতে পারি না। বলতে পারি না, আমি আসলে কিছুই করিনি। লতা আমাকে দেখেই বলল, ‘প্রশান্ত আসলেই খুব ভালো, ভাই। আপনাকে থ্যাংকস।’

আমার বুকের রক্ত হিম হয়ে এল। আগামী দিনগুলোতে অনেক মধ্যরাতে আমার ফোনের রিংটোন বেজে উঠবে। প্রশান্ত জানতে চাইবে, ‘ভাই, আমি এখন কী করব?’

হয়তো লতাও ফোন দিয়ে রাগী রাগী স্বরে জানতে চাইবে, ‘হীরক ভাই, আপনি না বলছিলেন আপনার ভাই বোকা। আমি বলছি, সে শুধু বোকা না। সে বোকার স্কুলের প্রিন্সিপাল। বোকা দ্য গ্রেট। সে আজকে কী করেছে শোনেন...’

আমি আবার শিউরে উঠলাম। দাঁতে দাঁত চেপে সিদ্ধান্ত নিলাম, প্রশান্ত আর লতার যেদিন বিয়ে হবে, সেদিনই আমি আমার মোবাইল ফোন নম্বর বদলে ফেলব। সে নম্বর আর যাদেরই দিই, প্রশান্ত কিংবা লতাকে দেব না!