অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের ফাইনালে চট্টগ্রাম জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে বয়সভিত্তিক টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দলের বিভাগের বেষ্টনী পার হওয়াটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। বার বার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়েছে। কিন্তু এবার সেই খরা ঘুচিয়েছে অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়েরা। তারা পেরিয়েছে বিভাগের বেষ্টনী। অনূর্ধ্ব-১৮তে ফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল। ১৪ মে কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে চট্টগ্রাম জেলা ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন ফরিদপুর জেলা দলকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৮ আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়। ১৯ মে ঢাকায় ধানমন্ডি ক্রিকেট মাঠে চট্টগ্রাম জেলা দল মোকাবিলা করবে খুলনা জেলা দলের সঙ্গে। দলের অধিনায়ক আরমান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এবার পুরো বছরটাই আমরা সবাই খেলার মধ্যে ছিলাম, তাই সাফল্য পেতে বেগ পেতে হয়নি। আশা রাখছি ফাইনালেও আমরা সফল হব।’ দলের সাফল্যে দারুণ আশাবাদী কোচ তপন দত্ত। তিনি বলেন, ‘আমাদের ছেলেরা দারুণ ফর্মে আছে। জাতীয় পর্যায়ে ভালো করার জন্য সবাই উন্মুখ হয়ে আছে। খেলোয়াড়দের মেধা, মাঠের পারফরম্যান্সের ধারাবাহিকতা আর নিবিড় অনুশীলনে সাফল্য এসেছে।’ সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোছাইন বলেন, ‘আগে বয়সভিত্তিক খেলাগুলোতে জেলা দল বিভাগীয় পর্যায়ে খেলার পর বিভাগীয় দলই জাতীয় পর্যায়ে অংশ নিত। এবারই প্রথম জেলা দল অংশ নিচ্ছে।’ বয়সভিত্তিক দলের অতীতের ব্যর্থতার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে সবাই খারাপটা বেশি মনে রাখে। অথচ এ বছর আমরা অনূর্ধ্ব-১৮ দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৪ দলের ফাইনালেও উঠেছি। যে ফাইনালে ১৭ মে (আজ) চট্টগ্রাম জেলা দল ঢাকায় মুখোমুখি হবে ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন ময়মনসিংহ দলের।’