অনূর্ধ্ব ১৮ ফুটবলের আঞ্চলিক পর্বে চট্টগ্রাম চ্যাম্পিয়ন
ফেনীতে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দল ২-১ গোলে কক্সবাজার জেলা দলকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। ১৮ মার্চ বিকেলে ফেনীর ভাষাশহীদ আবদুস সালাম স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা দল ও কক্সবাজার জেলা দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন স্বরাষ্ট্রসচিব (সেবা ও সুরক্ষা) ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জমান, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। ৯ মার্চ এ টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
অনূর্ধ্ব–১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফেনী আঞ্চলিক পর্বে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা অংশগ্রহণ করে।