অনেক কষ্টে পাওয়া ঈদের খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ মানে আনন্দ, কিন্তু এই আনন্দ টুকু পেতে কত যে কষ্ট আর ঝামেলা পোহাতে হয় তা বলার অপেক্ষা রাখে না। পরিবারের সবার সাথে, বন্ধু-বান্ধবের সাথে ঈদ করার মজাই আলাদা, তা বলে বোঝানো যাবে না। পুরো বছর এই আনন্দ টুকু পাওয়ার অপেক্ষায় থাকি। আমার বাড়ি হচ্ছে বগুড়াতে, কাজের কারণে আমাকে ঢাকাতে থাকতে হয়। গত ঈদে বাড়ি ফেরা নিয়ে আমাকে কম কষ্ট করতে হয়নি। 


চাকরি করার কারণে অফিস থেকে ছুটি পেলাম ঈদের এক দিন আগে, টিকিট তখন সোনার হরিণ। অনেক কষ্টে বাড়তি ২০০ টাকা দিয়ে কোনো রকমে একটা টিকিট পেলাম। টিকিটটা হাতে পাওয়ার পর অনেক খুশি হলাম। এবার বাড়ি ফেরার পালা। মনে মনে অনেক ভালো লাগছিল যে, অনেক দিন পর সবার সাথে দেখা হবে, অনেক আনন্দ হবে।

বাস স্ট্যান্ডে যাওয়ার পর গিয়ে শুনি বাস এখনো আসে নাই, বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম, নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পর বাস এল। বাসে ওঠার পর এবার বাড়ি যাওয়ার যাত্রা শুরু। বুকের ভেতর আমার ধুঁক ধুঁক শব্দ শুরু হয়ে গেছে যে, কখন বাড়ি ফিরব। কিন্তু, গাড়ি যেন এগোচ্ছেই না আর আমার বাড়ি ফেরাও হচ্ছে না, কারণ হচ্ছে রাস্তাই প্রচণ্ড জ্যাম। দুই ঘণ্টার পথ পাড়ি দিতে লাগল চার ঘণ্টা। ছয় ঘণ্টার মতো সময় লাগল টাঙ্গাইল পার হতে। এর পড়েই হলো আরেক বিপত্তি, গাড়ির চাকা গেল ফেটে, সেখানে আরও চল্লিশ মিনিট নষ্ট হলো। গাড়ি ঠিক করে আবার চলতে শুরু করলাম। যমুনা ব্রিজ যখন পাড় হলাম তখন অনেকটা শান্তি পেলাম। আর বেশি পথ বাকি নেই ভাবতেই আবারও জ্যামে পড়লাম। গাড়ি একটু একটু করে এগোতে এগোতে শেষ পর্যন্ত পাঁচ ঘণ্টার পথ শেষ হলো সাড়ে দশ ঘণ্টাই।

বাস থেকে নেমে একটা রিকশা নিয়ে বাসায় চললাম। ঈদের আগের রাত বলে রিকশা ভাড়াও ডবল দিতে হলো। শেষ পর্যন্ত আমি আমার পরিবারের কাছে পোঁছালাম। তখন কি যে আনন্দ হচ্ছিল বলে বোঝানো যাবে না। আসলে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এক সাথে ঈদ করার যে অনুভূতি, ভালো লাগা কাজ করে তা মুখে কখনোই প্রকাশ করা সম্ভব না।