মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে শিক্ষিত প্রার্থীর চেয়ে অশিক্ষিত এবং স্বল্পশিক্ষিত ও নিরক্ষর কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা বেশি। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভায় কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন ৯০ জন। এর মধ্যে মিরসরাইয়ে রয়েছেন ৪২ জন ও বারইয়ারহাটে ৪৮ জন। উভয় পৌরসভায় এসএসসি থেকে ডিগ্রি পাস পর্যন্ত প্রার্থী রয়েছেন ৩৮ জন। বাকি ৫২ জনই অষ্টম থেকে নিরক্ষর।প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য থেকে জানা যায়, মিরসরাইয়ে কাউন্সিলরদের মধ্যে রয়েছেন অক্ষরজ্ঞানসম্পন্ন সাতজন, পঞ্চম শ্রেণী একজন, স্বাক্ষরজ্ঞানসম্পন্ন পাঁচজন ও নিরক্ষর একজন। বারইয়ারহাটে রয়েছেন অক্ষরজ্ঞানসম্পন্ন ১০ জন, স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ছয়জন, নিরক্ষর, তৃতীয় ও চতুর্থ শ্রেণী একজন করে তিনজন। এ ছাড়া মিরসরাইয়ে ১১ জন ও বারইয়ারহাটে আটজন কাউন্সিলর পদপ্রার্থী অষ্টম শ্রেণী পাস করছেন। মিরসরাইয়ে এসএসসি সাতজন, এইচএসসি ছয়জন, স্নাতক (বিএ) দুজন এবং বারইয়ারহাটে এসএসসি ছয়জন, এইচএসসি ১০ জন ও বিএ পাস সাতজন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।অক্ষরজ্ঞান ও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন বলতে কী বোঝায় এ প্রশ্নের উত্তরে মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ বলেন, ‘যাঁর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, কিন্তু তিনি অক্ষর চেনেন, তাঁকে অক্ষরজ্ঞানসম্পন্ন বলা হয়। আর যাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু নিজের নাম সই করতে জানেন, তাঁকে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন বলা হয়।’এ সম্পর্কে মিরসরাই পৌরসভার ভোটার সুজাউল হক ও বারইয়ারহাট পৌরসভার সুজন কান্তি দাশ প্রশ্ন তোলেন, কাউন্সিলর পদপ্রার্থীরা নিজেরা শিক্ষিত না হয়ে কীভাবে পৌর এলাকার শিক্ষার মান উন্নয়ন করবেন? প্রসঙ্গত, প্রার্থীরা ভোট চাইতে গিয়ে এলাকার অন্যান্য উন্নয়নের সঙ্গে শিক্ষার মান উন্নয়ন করার প্রতিশ্রুতিও দিচ্ছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাহদাত হোসেন বলেন, ‘জনগণের শিক্ষিত প্রার্থীদের নির্বাচিত করা উচিত। কারণ, আধুনিক বিশ্বে শিক্ষার কোনো বিকল্প নেই।’