অনেক প্রশ্ন উসকে দিল 'তরঙ্গভঙ্গ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ ওয়ালীউল্লাহর তরঙ্গভঙ্গ নাটকের একটি দৃশ্য
সৈয়দ ওয়ালীউল্লাহর তরঙ্গভঙ্গ নাটকের একটি দৃশ্য

মানুষ খুন করে কেন? খুনের পেছনে কার দায় বেশি, খুনির নাকি সমাজের? এসব প্রশ্নে বারবার আক্রান্ত হতে হয়েছে দর্শককে। এমনটা অনুমিতই ছিল। ওয়ালীউল্লাহর নাটক দেখতে এসে দর্শকদের এমন ভাবনার মধ্যেই পড়ার কথা।
গত শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সৈয়দ ওয়ালীউল্লাহর তরঙ্গভঙ্গ নাটকের প্রথম প্রদর্শনী বাস্তবিকই বহু প্রশ্ন উসকে দিয়েছে দর্শকের মনে। লালসালু কিংবা চাঁদের অমাবস্যা উপন্যাসে ওয়ালীউল্লাহ যেমন পাঠককে দার্শনিক জিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করিয়ে দেন এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি। ছাঁচে-ঢালা কাহিনি কিংবা নাটকীয়তার চমকবিহীন দর্শননির্ভর এমন নাটক মঞ্চে আনা খুব সহজ নয়। তির্যক নাট্যদল সেই কঠিন কাজটাই করে দেখাল। নাটকের নির্দেশনা, মঞ্চসজ্জা কিংবা অভিনয় শতভাগ উতরে গেছে বলেই দর্শক সহজেই তরঙ্গভঙ্গ–এর ভেতরে প্রবেশ করতে পেরেছে।
নাটকের ভেতরে দর্শক যখন একাত্ম, তখন হঠাৎই উপলব্ধি ঘটে, এ যেন সাম্প্রতিক বাংলাদেশেরই চিত্র। মায়ের হাতে সন্তান, স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা সংবাদপত্রের পাতা খুললেই দেখতে পাই আমরা। এই নাটকেও অনেকটা তেমন ঘটনাই ঘটতে দেখা যায়। আমেনা নামের অতিদরিদ্র নারী ক্ষুধার জ্বালা থেকে মুক্তি দিতে আদরের শিশু সন্তান ও কঠিন রোগে আক্রান্ত স্বামীকে হত্যা করে। তবে নাটকের মূল কাহিনি নয় এটি। বরং ঘটনাটি যখন আদালতে গড়ায় তখনই নাটকটির অবয়ব স্পষ্ট হতে থাকে।
আদালতে খুনের বিচার করতে এসে ‘জজ সাহেব’ অর্থাৎ বিচারক হঠাৎ দ্বন্দ্বের ভেতরে পড়ে যান। কাঠগড়ায় দেখা যায়, সন্তান ও স্বামী হন্তারক আমেনা দৃঢ়চেতা, অবিচলিত ও নির্ভার হলেও বিচারক বিষণ্ন ও অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত।
অসম সমাজব্যবস্থার প্রকৃত স্বরূপটি চিনতে পেরেই এমন মনোজাগতিক সংকটে ভোগেন বিচারক। খুনি আমেনা তঁার কাছে বড় বিবেচ্য নয়। যেসব প্ররোচনায় এমন নির্মম হত্যাকাণ্ড সে ঘটাল, তা নিয়েই ভাবতে থাকেন তিনি। স্বাভাবিকভাবেই ন্যায়বোধ, পাপ-পুণ্য, নৈতিকতার প্রশ্ন নিয়েও বিচারক জর্জরিত হতে থাকেন। তবে কেবল বিচারকই এই দ্বন্দ্বের মধ্যে পড়েন না। ওয়ালীউল্লাহর আসল লক্ষ্য নাটকের পাঠক বা দর্শককে এই দ্বন্দ্বের মধ্যে ফেলা।
নাটকে জজের চরিত্রে চমৎকার অভিনয় করলেন মাহবুবুল আলম। নাটকের নির্দেশক আহমেদ ইকবাল হায়দার ভিখারি, বারিশ পীর ও পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। সব কটি চরিত্রেই তাঁর অভিনয় ছিল অনবদ্য।
নাটকে নানা চরিত্রে অভিনয় করেন সুজিত চক্রবর্তী, রমিজ আহমেদ, অমিত চক্রবর্তী, রিপন বড়ুয়া, মফিজুর রহমান, জুয়েল চাকমা, তন্বী চৌধুরী, মোহাম্মদ নুরুদ্দিন ও কিরীটী সাহা। মঞ্চ ও আলোক পরিকল্পনায় ছিলেন আহমেদ ইকবাল হায়দার, পোশাক পরিকল্পনায় নায়লা আজাদ এবং সংগীতে ছিলেন সুজিত চক্রবর্তী, রমিজ আহমেদ, মাহবুবুল ইসলাম, রিপন বড়ুয়া ও মফিজুর রহমান।