সত্তর দশকের খেমাররুজ শাসনামলের দুঃস্বপ্নময় অতীত পেছনে ফেলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এগিয়ে চলেছে কম্বোডিয়া। কিন্তু মানবতার বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ সেসব অপরাধের বিচার এখনো সম্পন্ন না হওয়ার বিষয়টি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিকে তাড়িয়ে বেড়াচ্ছে।খেমাররুজ জঙ্গিরা গোটা সত্তরের দশকজুড়ে যে বিশেষ ধরনের সমাজতন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল তার বলি হয় লাখ লাখ মানুষ। বিপ্লবের দোহাই দিয়ে কট্টরপন্থী এ সংগঠনটি শহরের বহু মানুষকে গ্রামে পাঠিয়েছিল ধানখেতে শ্রমিকের কাজ করতে। পরিশ্রম আর অপুষ্টি সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অনেক মানুষ। ‘বিপ্লবের শত্রু’ আখ্যা দিয়ে বিচারের নামে হত্যা করার ঘটনাও সে সময় কম ঘটেনি। আজ ৩৩ বছর পর এই গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার জন্য বেঁচে-বর্তে আছেন মাত্র তিনজন। এঁরা হলেন নুওন চেআ, যাঁকে শীর্ষ নেতা পল-পটের ডান হাত হিসেবে অভিহিত করা হতো। এ ছাড়া আছেন খেমাররুজ জামানার শেষ রাষ্ট্রপ্রধান খিউ সামফান ও তাঁর পররাষ্ট্রমন্ত্রী ইয়েং সেরি। তবে মানবতার বিরুদ্ধে এঁদের অপরাধগুলোর বিচার দেখে যাওয়ার মতো কতজন অত্যাচারিত এখনো জীবিত আছেন, তা এক বড় প্রশ্ন।খেমাররুজদের গণহত্যার বিচার-প্রক্রিয়া শুরু হতে লেগে গেছে অনেক বছর। বার্ধক্যের কারণে দুনিয়া ছেড়ে চলে গেছেন অনেক নেতৃস্থানীয় অভিযুক্ত। পল-পট মারা গেছেন ১৯৯৮ সালে। ২০০৬ সালে কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন পল-পটের প্রধান সমরবিদ তা মক। বিচার থেকে অব্যাহতি পেয়েছেন বয়সের ভারে নুয়ে পড়া ও আলঝেইমার রোগে আক্রান্ত ইয়েং সেরির স্ত্রী সমাজকল্যাণমন্ত্রী ইয়েং তিরিথ। বিচার-প্রক্রিয়া পুরোপুরি শেষ হতে আর কত অপেক্ষা করতে হবে, তা জানে না কম্বোডীয়রা। অপেক্ষা করে করে সম্প্রতি মারা গেছেন সবচেয়ে উচ্চকণ্ঠ বিচারপ্রার্থী ভান নাথ। খেমাররুজদের বন্দিশিবির থেকে বেঁচে ফেরা খুব অল্পসংখ্যক মানুষের একজন ছিলেন তিনি। ছিলেন এই বিচারের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষীও। ভান নাথের মৃত্যু তাই এ বিচার-প্রক্রিয়ার জন্য এক বড় আঘাত। দীর্ঘসূত্রতা একটি সুষ্ঠু বিচারের পথে কতটা বাধা হয়ে দাঁড়াতে পারে, কম্বোডিয়ার গণহত্যার বিচার-প্রক্রিয়া তার একটি জলন্ত প্রমাণ।জাতিসংঘ এ বিচারের কার্যক্রম শুরু করে পাঁচ বছর আগে। সন্দেহভাজন অপরাধীদের জেলে ঢোকানো হয় ২০০৭ সালে। অভিযোগপত্রও তৈরি হয় ওই সময়। কিন্তু সেই প্রক্রিয়া এগিয়েছে কচ্ছপ গতিতে। বিচারের গতি এতটাই মন্থর যে জাতিসংঘ কর্তৃপক্ষ এ মুহূর্তে ভাবছে দ্রুতগতির ‘মিনি ট্রায়ালের’ কথা। বেঁচে থাকা তিনজন খেমাররুজ নেতার বিরুদ্ধে বিচার-প্রক্রিয়াটি তিন ভাগে ভাগ করে দিয়ে রায় ঘোষণার জন্য অধীর গণহত্যার বিচারের জন্য গঠিত এ আদালত। কিন্তু সমস্যা রয়েই যাচ্ছে। কম্বোডীয়রা বিনা প্রশ্নে রায় মেনে নেবে না বলেই মনে করছেন অনেকে। আবার সেই জঘন্য অপরাধের পরিপূর্ণ বিচার না হলেও স্বস্তি পাবে না জাতি।বিচার-প্রক্রিয়া চলার সময় গত এক বছর ধরে কম্বোডীয়দের যে প্রশ্নটা তাড়িয়ে বেড়াচ্ছে তা হলো, খেমাররুজরা কেন সে দিন নিজের দেশের মানুষকে হত্যা করেছিল। সে দিন খেমাররুজদের হাতে যাঁরা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছিলেন, তাঁরা সবাই ছিলেন এক জাতি। ৩৩ বছর আগের সেই গণহত্যার বিচারের পরিপূর্ণতার জন্য এ প্রশ্নের উত্তর পাওয়াটা জরুরি কম্বোডীয়দের। নাইর ইকবাল