অনেক প্রশ্ন হ্যারিসনের মা-বাবার মনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন রাতে ছেলে হ্যারিসন ত্রিপুরার মৃত্যুর সংবাদ পৌঁছায় মা পুষ্পিতা ত্রিপুরার কাছে। এরপর থেকে শয্যাশায়ী তিনি। স্বজনেরা কীই–বা সান্ত্বনা দেবেন তাঁকে। গত ২৭ এপ্রিল হ্যারিসনের খাগড়াছড়ির দীঘিনালার বাড়ি থেকে ছবিটি তোলা l  প্রথম আলো
আগের দিন রাতে ছেলে হ্যারিসন ত্রিপুরার মৃত্যুর সংবাদ পৌঁছায় মা পুষ্পিতা ত্রিপুরার কাছে। এরপর থেকে শয্যাশায়ী তিনি। স্বজনেরা কীই–বা সান্ত্বনা দেবেন তাঁকে। গত ২৭ এপ্রিল হ্যারিসনের খাগড়াছড়ির দীঘিনালার বাড়ি থেকে ছবিটি তোলা l প্রথম আলো

গত ২৬ এপ্রিল রাত ৮টা ৫২ মিনিটে দ্যাসিন ত্রিপুরা ওরফে হ্যারিসন (২২) তাঁর মা পুষ্পিতা ত্রিপুরার মুঠোফোনে মিসড কল দিয়েছিলেন। মা পুষ্পিতা ত্রিপুরা রাত ৯টা ১১ মিনিটে ফিরতি ফোন করলে হ্যারিসন জানান, তিনি তাঁর বন্ধুর বাসায় আছেন। এর পরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ১১টায় বড় ছেলে সাইক্লোনি ত্রিপুরা ফোনে মাকে জানান, হ্যারিসন মারা গেছেন।
গত ২৭ এপ্রিল হ্যারিসনের খাগড়াছড়ির দীঘিনালার বাড়িতে গেলে এসব কথা জানান তাঁর পরিবারের সদস্যরা। সারা বাড়িতে শোকের মাতম চলছিল। বারবার মূর্ছা যাচ্ছিলেন হ্যারিসনের মা পুষ্পিতা ত্রিপুরা। সোনালি ব্যাংক কর্মকর্তা বাবা দশরথ রায় পোমাং বাকরুদ্ধ। ছোট বোন ড্যাজলিং ত্রিপুরা পাশের কক্ষে কাঁদছিলেন। হ্যারিসনের বাবা দশরথ রায় মনে করেন তাঁর সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর পরও ছেলের ফেসবুক আইডিতে স্ট্যাটাস আপলোড হওয়ায় বাবা–মায়ের সন্দেহ আরও বেড়েছে।
দশরথ রায় পোমাং জানান, তাঁর চার সন্তানের মধ্যে হ্যারিসন ছিল দ্বিতীয়। অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। থাকতেন শ্যামলী এলাকায় আদিবাসী ছাত্রাবাসে। মঙ্গলবার এক বন্ধু হ্যারিসনকে ডেকে নিয়ে যায়। রাত ১০টায় ওই বন্ধু হ্যারিসনের খালাতো ভাই তপেশ ত্রিপুরাকে ফোন করে বলেন, হ্যারিসন খাট থেকে পড়ে গেছেন। পরে হ্যারিসনের বড় ভাই সাইক্লোনি ত্রিপুরা ও খালাতো ভাই তপেশ ত্রিপুরা ওই বাসায় গেলে বলা হয় হ্যারিসন ছাদের ওপর থেকে পড়ে মারা গেছে। দশরথ দাবি করেন তাঁর ছেলে ছাদ থেকে পড়ে মারা যায়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
হ্যারিসনের মা পুষ্পিতা ত্রিপুরা বলেন, ‘কিছুদিন আগে একজন নারী ও পুরুষ আমার বাসায় এসে হ্যারিসনকে হত্যার হুমকি দিয়েছিল। ওরাই আমার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার ছেলের সঙ্গে ৯টা ১১ মিনিটে আমার শেষ কথা হয়। সে তার বন্ধুর বাসায় আছে জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর বারবার কল করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমার মনে হয়েছে তাঁর সঙ্গে কথা বলার সময় কেউ একজন তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছে। আমার ছেলে ছাদ থেকে পড়ে মারা যায়নি।’
পুষ্পিতা আরও বলেন, ‘আমার ছেলে মারা যাওয়ার পর আবার কীভাবে ফেসবুক স্ট্যাটাস দেয়? নিশ্চয় হত্যাকারীদের মধ্যে থেকে কেউ একজন স্ট্যাটাস দিয়েছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।’
উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে পুলিশ ঢাকার পশ্চিম কল্যাণপুরের ৩/ই নম্বর বাড়ির সামনের রাস্তা থেকে হ্যারিসনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। তাঁর বাঁ চোয়াল ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তিনি তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ঢাকার দারুস সালাম থানার পুলিশ প্রথম আলোকে জানায়, হ্যারিসন কল্যাণপুরে বন্ধু জাহিদুল ইসলামের মেসে বেড়াতে গিয়েছিলেন। ওই মেসের সামনে থেকেই তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে হ্যারিসনের বন্ধু জাহিদ, গোপালসহ ওই মেসের সাতজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। গত মঙ্গলবার গভীর রাতে হ্যারিসনের বড় ভাইসাইক্রোনি ত্রিপুরা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এজাহারে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।