নগরের পাঠানটুলী থেকে প্রচণ্ড জ্বরে আক্রান্ত শিশু তানিয়াকে (৩) নিয়ে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন গৃহবধূ রাশেদা বেগম। কর্তব্যরত চিকিত্সকের ব্যবস্থাপত্র নিয়ে হাসপাতাল ছাড়ার সময় এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি তিন সন্তানের মা। এই হাসপাতাল থেকেই বাচ্চাদের চিকিৎসা করাই। সেবার মান মোটামুটি ভালো।’ জরুরি বিভাগের বারান্দায় দাঁড়িয়ে আছেন পুলিশের উপ-পরিদর্শক কেশব বড়ুয়া। তিনি বলেন, ‘আমার স্ত্রী এখন সন্তানসম্ভাবা। আমাদের আরেকটি বাচ্চা এই হাসপাতালেই ভূমিষ্ঠ হয়েছিল। চিকিৎসাসেবা ভালো।’ হাসপাতালের প্রশাসনিক ব্লকে ঢোকার সময় দেখা যায় পটিয়া এয়াকুবদণ্ডীর ব্যবসায়ী আরমান আলীর সঙ্গে। তিনি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের কিছু চিকিত্সক ও সেবিকার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেন, ‘২০ দিন বয়সী বাচ্চাকে ওই ওয়ার্ডে ভর্তি করেছি আজ আট দিন চলে গেল। বাচ্চার চিকিৎসা ভালোভাবে চললেও চিকিত্সক- সেবিকাদের ব্যবহারে আমি অসন্তুষ্ট।’ ৫ এপ্রিল নগরের আগ্রাবাদে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা সম্পর্কে এমনই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।এ ছাড়া, হাসপাতালের কিছু চিকিত্সক ও সেবিকার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, ভুল চিকিৎসা ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আলকরণ এলাকার গোলাম মোহাম্মদ ফারুকী হাসপাতালের ডিপার্টমেন্ট অব নিউনেটালজি বিভাগের প্রধান অধ্যাপক ওয়াজির আহমেদ ও মো. রাসেল ফরিদ চৌধুরীসহ তিন সেবিকার বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ করেন। তিনি বলেন, কর্তব্যে অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তাঁর একটি কন্যা সন্তান এই হাসপাতালে ২১ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছে। একই অভিযোগ করেন, রাঙ্গুনিয়ার সৈয়দ নাছেরের স্ত্রী শামীমা আকতার। তিনি বলেন, ‘গত বছরের ৩ নভেম্বর নগরের ন্যাশনাল হাসপাতালে আমার দুটি জমজ বাচ্চা ভূমিষ্ঠ হয়। ওজনে খুব কম হওয়ায় বাচ্চা দুটির উন্নত চিকিৎসার জন্য একই দিন চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের নিউনেটালজি ওয়ার্ডে ভর্তি করেন আমার এক ছোট ভাই। কিন্তু বাচ্চা দুটির সঙ্গে ওয়ার্ডে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। ৯ নভেম্বর আমি বাচ্চাদের দুধ পান করাতে গেলে দেখি বাচ্চা দুটোর একটি কঙ্কালসার হয়ে গেছে। প্রশ্ন করলে কর্তব্যরত চিকিত্সক ও সেবিকা আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। ১৪ নভেম্বর প্রথম ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটি মারা যায়। পরবর্তীকালে দেখি কর্তব্যরত চিকিত্সক আমার অন্য বাচ্চাটিকে একটি ইনজেকশন দেওয়ার আধঘণ্টার মধ্যে তার শরীর বেলুনের মতো ফুলে যায়। মন মানে না দেখে হাসপাতাল থেকে নিয়ে আসার সময় ওই বাচ্চাটিও মারা যায়।’ অভিযোগ প্রসঙ্গে পরিচালক (প্রশাসন) লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘চিকিৎসাসেবায় গাফিলতি, অযোগ্যতা বা অদক্ষতা কিংবা ভুলচিকিৎসার কারণে ওই তিনটি শিশু মারা যাওয়ার ধারণাটি সঠিক নয়। বিষয়টি আমরা তদন্ত করেছি। আইনজীবীর মাধ্যমে দেওয়া আইনগত বিজ্ঞপ্তিতে চিকিৎসাসেবাসংক্রান্ত অভিযোগ ভিত্তিহীন। এ ব্যাপারে কোথায় আমাদের গাফিলতি হয়েছে সেটি দেখিয়ে দিতে বা তদন্তে সহযোগিতা করতে গোলাম মো. ফায়েজীকে একাধিকবার বলেছি। কিন্তু তিনি কোনো সহযোগিতা করেননি।’ এদিকে, হাসপাতালে অবকাঠামোগত কিছু সমস্যাও রয়েছে।হাসপাতালের পরিচালক (প্রশাসন) বলেন, ‘চিকিৎসাসেবার ক্ষেত্রে দীর্ঘ ৩১ বছরের সুনাম রয়েছে এই প্রতিষ্ঠানের। চাহিদার তুলনায় হাসপাতালে শয্যা কম। এত বেশি রোগী আসে যে, অনেককেই ভর্তি করানো যায় না।’ রোগীদের কাছ থেকে নানা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা চিকিত্সকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ পেলে আমরা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি।’ হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৭৯ সালে এই হাসপাতালের যাত্রা শুরু। বর্তমানে এর শয্যাসংখ্যা ৫০০। প্রতিদিন অন্তর্বিভাগের বিভিন্ন ওয়ার্ডে গড়ে ৩৫০-৪০০ রোগী ভর্তি থাকে। ৪ এপ্রিল ভর্তি ছিল ৩৫২ জন রোগী। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫০০ রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে ১০০ জনকে। হাসপাতালে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসার জন্য চালু আছে শিশুবিকাশকেন্দ্র। কিডনি হেমো-ডায়ালাইসিস চিকিৎসাসেবায় যোগ করেছে নতুনমাত্রা। ৫০ শয্যার নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেটর, ইনকিউবেটর, ওয়ার্মার, ফটোথেরাপি সুবিধার পাশাপাশি রয়েছে শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্র (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ল্যাপারোস্কোপিক শিশু সার্জারি (৩৫ শয্যা), ১৬৫ শয্যার শিশুস্বাস্থ্য, নাক-কান-গলা, দন্ত, চক্ষু, মানসিক ব্যাধি, ডটস কর্নার (যক্ষ্মা), ইপিআই (টিকাদান), অ্যাজমা সেন্টার, লেকটেশন ম্যানেজমেন্ট সেন্টার, পরিবার পরিকল্পনা ও আরটি, ব্লাড ট্রান্সফিউশন সুবিধা, নিউরোলজি, পুষ্টি, ডায়রিয়া এবং থ্যালাসেমিয়া ক্লিনিক। এ ছাড়াও রয়েছে বয়স্ক রোগীদের জন্য ৫০ শয্যার মেডিসিন, ৪০ শয্যার জেনারেল সার্জারি, ১০ শয্যার অর্থোপেডিক সার্জারি, চর্ম ও যৌন রোগ, কিডনি রোগ, ইউরোলজিসহ আরও বিভিন্ন প্রকার চিকিৎসাসেবা। ৫ এপ্রিল হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, জরুরি বিভাগ, হাসপাতালের বারান্দার রোগী ও রোগীদের আত্মীয়-স্বজনদের প্রচণ্ড ভিড়।