অনেকেই আমাকে চেনেন সুবন্ধু বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা যাকের
সারা যাকের

কাজটা আমি শুরু করি হঠাৎ করেই। প্রস্তাবটা দিয়েছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। একদিন বললেন, ‘সারা, আপনি যদি পাঠকদের জন্য তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দিতেন...।’ প্রস্তাবটা আমার কাছে নতুন লাগল। আমি রাজি হয়ে গেলাম। নকশায় আমার বিভাগটির নাম সুবন্ধু সমীপেষু। এখানে প্রথম আলোর পাঠকেরা তাঁদের নানা ধরনের ব্যক্তিগত, পারিবারিক ইত্যাদি সমস্যা লিখে জানাবেন। আমি সেটা পড়ে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তখনো বুঝিনি আমি এক বিশাল অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি।
প্রতি সপ্তাহে পাঠকেরা তাঁদের নানা ধরনের সমস্যা নিয়ে খোলামেলা চিঠি লিখতে থাকলেন আমাকে। প্রতিটি চিঠি পড়েই আমি নতুন নতুন অভিজ্ঞতার মুখে পড়তাম। এখনো পড়ি। অনেক সময় বিষয়টি এত জটিল মনে হতো যে আলী যাকেরের সঙ্গে কথা বলতাম। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলতাম। তারপর একটা সমাধান দেওয়ার চেষ্টা করতাম। সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। পরে জানতে পারলাম মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলা, মতামত দেওয়া একধরনের বিজ্ঞান।
মনোবিদেরা এই কাজটি করে থাকেন যত্নের সঙ্গে। আজকাল সবার কাছে ফোন, ইন্টারনেট থাকায় জীবনটা আরও জটিলতায় পড়েছে। সমস্যার ধরনও বদলাচ্ছে। অনেক কিশোর বা কিশোরী বলে আমার এই এই সমস্যা, এখন আমি আত্মহত্যা করব। কেউ আত্মহত্যা করতে চায় শুনলে আমি ভয় পেয়ে যাই। তাকে বোঝানোর চেষ্টা করি, এটা কোনো সমাধান নয়। মানুষের যে কত ধরনের সমস্যা আছে, সেটা আমি জেনেছি এই কলাম থেকেই। একটা পরিবারে, একটা সমাজে, একটা দেশে কত কিছু ঘটতে পারে তার একটা ধারণা পাচ্ছি এই কলাম দিয়েই। কতভাবে আমাদের সন্তানেরা মাদকের ছোবলে পড়ছে, সেটা জানতে পারছি। এর ফলে নিজের কাছের মানুষদেরও সমাধান দিতে পারি, তাদের সাবধান করতে পারি। অনেকেই আমাকে চেনেন সুবন্ধু বলে। এটা আমি উপভোগ করি। অনেক ধরনের জটিলতা আছে মানুষের জীবনে। একটা ঘরের ভেতরেও একটি শিশু কত ধরনের নির্যাতনের শিকার হচ্ছে পড়লে মাঝে মাঝে স্তব্ধ হয়ে পড়ি। অনেক সময় ভিকটিম নিজেকে দোষী মনে করে। এরপর তাকে যখন বোঝাই নিজের লেখা দিয়ে, আমার কাছেও ভালো লাগে। এখন তো আমি টেলিভিশন ও রেডিওতে এ ধরনের দুটি অনুষ্ঠানে নিয়মিত যাচ্ছি। কিন্তু আমার কাছে ভালো লাগে, যখন আমি ল্যাপটপে বা কলমে সুবন্ধু হিসেবে লিখি। এটাই আমার কাছে সেরা জায়গা মনে হয়। অনেকে সরাসরি দেখা হলেও আজকাল সমস্যা নিয়ে আলাপ করে। আমি তাদের কথা শুনে মনোচিকিৎসক দেখানোর পরামর্শ দিই।

সমস্যা
অনার্স দ্বিতীয় বর্ষে পড়া অবস্থায় পারিবারিক পছন্দে আমার বিয়ে হয়। বিয়ের সপ্তাহ খানেকের মধ্যেই বুঝতে পারি আমার স্বামী শারীরিকভাবে অক্ষম। অনেক অনুরোধ করে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা করাই। সে কখনো বাবা হওয়ার ক্ষমতা রাখে না। সমাজ-সংসারের কথা চিন্তা করে সব মেনে নিই। এরপরই শুরু হয় আমার ওপর নানারকম মানসিক অত্যাচার। আমি একটি কন্যাসন্তান দত্তক নিই। কিন্তু সে তার প্রতিও উদাসীন। ইতিমধ্যে একজনের সঙ্গে আমার পরিচয় এবং নিয়মিত কথা হয়। সে বিবাহিত। এক কন্যাসন্তান ও এক পুত্রসন্তানের জনক। সে আমার সব জানার পর আমাকে আমার মেয়েসহ গ্রহণ করার আগ্রহ প্রকাশ করে। আমিও রাজি হই। কিন্তু সামাজিক প্রেক্ষাপট ও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কোনো সিদ্ধান্তে আসতে পারছি না।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

সমাধান
এখানে আপনার দুিট সমস্যা দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার স্বামী শারীরিকভাবে অক্ষম। এটা যখন জেনেছেন তখনই সম্পর্কটা চুকিয়ে ফেলা উচিত ছিল। আপনার তাই গোড়াতেই গলদ থেকে গেছে। দ্বিতীয়ত, আপনার নতুন একটি সম্পর্ক তৈরি হয়েছে। লোকটির নিজেরও দুটি সন্তান আছে। আবার আপনার একটি দত্তক নেওয়া কন্যাসন্তান আছে। আপনার ভাষ্যমতে, নতুন পরিচিত লোকটি আপনার সন্তানসহ আপনাকে গ্রহণ করতে চায়। এটা তো বেশ ভালো প্রস্তাব। আপনি বর্তমান সম্পর্ক চুকিয়ে নতুনভাবে শুরু করতে পারেন। তবে আপনি আরেকটু যাচাই করে নিন, সত্যিই সে আপনার সন্তানকে গ্রহণ করতে চায় কিনা। না হলে আপনার শিশুটির ওপর অবিচার করা হবে।