অনৈক্যের শিকার আসিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক সংহতি গড়ে তোলার জন্য কয়েক দশক ধরেই চেষ্টা চালিয়ে আসছে অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন (আসিয়ান)। বিভেদ পাশ কাটিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনই ছিল এই প্রচেষ্টার লক্ষ্য। তবে বিশেষ করে দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি দেশের মধ্যে টানাপোড়েন বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে আসিয়ান। গত জুলাইয়ে কম্বোডিয়ার রাজধানী নমপেনে জোটের ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এই সংকটের ছবিটি স্পষ্ট হয়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম কোনো সম্মেলনে আসিয়ান একটি ইস্যুতে সর্বসম্মত যৌথ ইশতেহার রচনা করতে ব্যর্থ হয়। দক্ষিণ চীন সাগরের জলসীমার নিয়ন্ত্রণ দাবি করা দেশ ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্রুনাই চেয়েছিল সংস্থাটি চীনের নিয়ন্ত্রণের বিরুদ্ধে গভীর উদ্বেগ জানাক। এ পদক্ষেপের প্রতি সিঙ্গাপুর ও থাইল্যান্ডেরও সমর্থন ছিল। এসব দেশের দাবি, স্প্র্যাটলি, প্যারাসেলসহ অন্যান্য দ্বীপপুঞ্জ ও প্রবাল দ্বীপ এবং দক্ষিণ চীন সাগরের ওপর জোরপূর্বক নিয়ন্ত্রণ স্থাপন করেছে আঞ্চলিক পরাশক্তি চীন। তবে এই ইস্যুতে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার চুপচাপ ছিল। কারণ, তারা চীনকে চটাতে চায় না। নমপেনের সম্মেলনের পরপরই ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারতি নাতালেগাওয়া বিরোধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সেটা কাজে আসেনি। তিক্ত বিরোধ প্রকাশ্যে চলে আসে। আগস্টের শুরুর দিকে ফিলিপাইন কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। কারণ, ওই রাষ্ট্রদূত অভিযোগ করেছিলেন, দক্ষিণ চীন সাগরে জলসীমার মালিকানার বিষয়টি আসিয়ান সম্মেলনে তোলার জন্য ফিলিপাইন ও থাইল্যান্ড ‘নোংরা রাজনীতি’ শুরু করেছে। এ ঘটনায় আঞ্চলিক পত্রিকাগুলোও কম্বোডিয়ার অবস্থানের ব্যাপক সমালোচনা করে।আসিয়ানের সদস্য দেশগুলোর প্রত্যাশা ছিল, দক্ষিণ চীন সাগর বিষয়ে একটি ‘আচরণবিধি’ তৈরির মাধ্যমে সংকটের সমাধান করা যাবে। তবে চীন এ বিষয়ে ‘উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে’ আলোচনা করতে অস্বীকৃতি জানাচ্ছে। এরই মধ্যে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় আসিয়ানের পূর্ণাঙ্গ শীর্ষ সম্মেলনের প্রস্তুতির মধ্যে গুমোট ভাব দেখা যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, এবার হয়তো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের মতো অনাকাঙ্ক্ষিত মতানৈক্য হবে না। তবে কোনো কোনো দেশের একান্ত কিছু অভাব-অভিযোগ থাকবে না তা নিশ্চিত করে বলা যায় না। কূটনীতিকদের কেউ কেউ প্রশ্ন করছেন, বিশেষ করে কম্বোডিয়া কি তা হলে পাকাপাকিভাবে চীনের পক্ষে ভিড়ে গেল? সত্যিই যদি তা হয়, তা হলে বিখ্যাত ‘আসিয়ান মতৈক্যের’ অবসান ঘটবে। প্রথাগতভাবে এই সমঝোতার ভিত্তিতেই সংস্থাটি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কম্বোডিয়া এ অঞ্চলের বেশির ভাগ দেশের তুলনায় বিনিয়োগ ও অন্যান্য বিষয়ে চীনের ওপর বেশি নির্ভরশীল। তারা এখন বেইজিংয়ের কথামতো চলবে বলেই মনে করা হয়। এমনকি কম্বোডিয়ার একজন কূটনীতিকও জানান, নমপেনের গত ব্যর্থ সম্মেলনে চীনকে সমর্থন দেওয়ার জন্য বেইজিং কম্বোডিয়াকে যে চাপ দেয়, সেটা তাঁর সরকারের জন্য ছিল বিস্ময়কর। মিয়ানমার এবং ক্ষুদ্র লাওসও চীনের আর্থিক সাহায্য তথা নেকনজরের ওপর অনেক নির্ভরশীল। এসব কারণেই হয়তো একজন বিশ্লেষক লিখেছেন, নিজের স্বার্থ হুমকির মুখে পড়লে চীন দৃশ্যত আসিয়ানের ওপর ‘বাইরে থেকেই ভেটো’ দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। এসব কারণে আসিয়ান জোট এ অঞ্চলে বড় শক্তিগুলোর নতুন ক্ষমতার দ্বন্দ্বের শিকার হতে পারে। অথচ কিছুদিন আগেও জোটটি এশীয় দেশগুলোর সংলাপের মূল ফোরাম হিসেবে বেশ অগ্রগতি করেছিল। এখন মনে হচ্ছে, আসিয়ানভুক্ত দেশগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর এক পক্ষে রয়েছে উঠতি শক্তি চীন; আর অন্য পক্ষে রয়েছে চীনের প্রভাব ঠেকাতে এ অঞ্চলের প্রতি নতুন করে আগ্রহী হয়ে ওঠা যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে নিজের প্রভাব বাড়াতে উন্মুখ চীনকে ঠেকাতে প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সমর্থন নেয় ফিলিপাইন ও ভিয়েতনাম। আগেই বলা হয়েছে, কম্বোডিয়া ও লাওসের ঝোঁক চীনের পক্ষে। মিয়ানমারও হয়তো চীনকেই চূড়ান্ত সমর্থন দেবে। তবে থাইল্যান্ড ও ফিলিপাইন চুক্তিসূত্রে যুক্তরাষ্ট্রের মিত্র। যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরেও তার সামরিক সম্পৃক্ততা সম্প্রসারিত করতে চাইছে। আশঙ্কা করা হচ্ছে, এসব আনুগত্যের পাল্লার আড়ালে পড়ে যাবে আসিয়ানের আসল লাভের দিকটি। কারণ, তা সাদা চোখে তত আকর্ষণীয় নয়। আসিয়ান সদস্যদের রেষারেষির ফলে যেসব ক্ষতি হবে তার মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো হচ্ছে একক বাজার আসিয়ান ইকোনমিক কমিউনিটি (এইসি) সৃষ্টির উদ্যোগ। ইউরোপীয় ইউনিয়ন ধাঁচের এ আর্থিক জোট মাত্র তিন বছরের মধ্যেই চালু হওয়ার কথা। সিঙ্গাপুরের ইনস্টিটিউট ফর সাউথ-ইস্ট এশিয়ান স্টাডিজের ইয়ান স্টোরি বলেছেন, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব এই অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক সংহতির উদ্যোগকে দূরে ঠেলে দিয়েছে। কার্যকর তো পরের কথা, এইসি যথাসময়ে বাস্তবায়িত হবে কি না তাও এখন অনিশ্চিত। আসিয়ানের বৃহত্তর পরিকল্পনা দক্ষিণ চীন সাগরেই ডুবতে যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, এখন আসিয়ানকে সক্রিয় রাখতে ভরসা ইন্দোনেশিয়া। আসিয়ান সচিবালয়ের অবস্থান সে দেশেই। একমাত্র ইন্দোনেশিয়াই সংস্থাটির ঐক্য অক্ষুণ্ন রাখার জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। দেশটির সরকারের রাজনীতি ও পররাষ্ট্রবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা দেওয়ি আনোয়ার বলেছেন, দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ আসিয়ানের জন্য একটা ভালো শিক্ষা। তাঁর মতে, ‘বাস্তব জগতে, বড় বড় শক্তি ও ইস্যুর গায়ে গা লাগিয়ে চলার শিক্ষা এটা। এটা বড় হয়ে ওঠারই অংশ।’আসিয়ান এখন খুবই কম খরচে পরিচালিত হয়। সংস্থাটি কখনোই খুব বেশি কিছু করতে পারবে না—এ ধরনের ধারণা থেকে সদস্য দেশগুলো সামান্য অঙ্কের চাঁদা দেয়। তবে ইন্দোনেশিয়ার কিছু নীতিনির্ধারক বলেছেন, আঞ্চলিক সংহতির পুরো ধারণাটাই যেহেতু ঝুঁকির মুখে পড়েছে, সেহেতু এখনই আসিয়ানকে সব ধরনের সহায়তা দিয়ে পুনরুজ্জীবিত করা উচিত।  আবুল হোসেন