চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষপ্রথম আলো: চট্টগ্রাম নগর উন্নয়ন মহাপরিকল্পনায় শহরতলীতে দুটি ট্রাক টার্মিনাল করার কথা উল্লেখ আছে। আপনারা এই পরিকল্পনা বাস্তবায়নে কোনো উদ্যোগ নিয়েছেন? আবদুচ ছালাম: নগরে দুটি নয়, অন্তত পাঁচটি টার্মিনাল থাকা প্রয়োজন। নগর ও শহরতলী ছাড়াও প্রতিটি শিল্প এলাকায় একটি করে টার্মিনাল থাকলে যানজট কমে আসবে। বন্দরকে ঘিরে চট্টগ্রামে প্রতিদিন হাজার হাজার ট্রাক চলাচল করছে। অথচ এই নগরে কোনো ট্রাক টার্মিনাল নেই। এ কথা শুনতেও অবিশ্বাস্য মনে হয়। ট্রাক দাঁড়ানোর কোনো জায়গা আমরা করে দিতে পারিনি। এটা অনেক আগে হওয়া উচিত ছিল। অথচ আমরা করতে পারিনি। এটা খুবই দুঃখজনক। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ২২টি প্রকল্পের কাজ চলছে। এগুলোর বাস্তবায়ন শেষ হলেই আমরা ট্রাক টার্মিনালের কাজ শুরু করতে পারব।প্রথম আলো: কবে নাগাদ শুরু করতে পারবেন?আবদুচ ছালাম: চলমান প্রকল্পগুলোর কাজ গুছিয়ে আনতে আমাদের অন্তত ছয় মাস লাগতে পারে। এরপর টার্মিনালের কাজে হাত দেব। অর্থাৎ ২০১২ সালের মধ্যে শুরু করতে পারব বলে আশা করছি।প্রথম আলো: সিডিএর মহাপরিকল্পনা অনুসরণ করবেন, নাকি টার্মিনালের জন্য নতুন জায়গা বাছাই করবেন?আবদুচ ছালাম: বন্দরকে ঘিরেই চট্টগ্রামে ট্রাক চলাচল বেশি। বন্দরের টোল সড়কের মাথায় আমরা টার্মিনাল নির্মাণ করব। মহাপরিকল্পনায় তা উল্লেখ আছে। আর একই সময়ে ফৌজদারহাটের অদূরে ফৌজদারহাট-বায়েজিদ আউটার রিং রোডের কাছে নির্মাণ করা হবে আন্তজেলা বাস টার্মিনাল।