অন্তরঙ্গ আয়না
‘ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু’, আর ক্লান্তির হাত থেকে মুক্তি মেলে স্নান কিংবা গোসল শেষে। তাই স্নানঘরটা হওয়া চাই মনের মতো। গোসল শেষে নিজে কতটা শুভ্র আর স্নিগ্ধ হলেন, তা দেখে নেওয়ার জন্য চাই ভালো একটা আয়না। আর স্নানঘরের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে কেমন আয়না লাগিয়েছেন তার ওপর।রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের ডিজাইনার ফারজানা গাজী বলেন, বাথরুমের আয়নাটা খুবই জরুরি। একসময় কোনো রকমে ক্লিপ দিয়ে আয়না ঝুলিয়ে রাখা হতো। তবে এখন বাথরুম বা স্নানঘরের আয়না নির্বাচনে যোগ হয়েছে অনেক সচেতনতা। বাথরুমটা কোন ঘরের লাগোয়া, সেই ঘরের ধরন কিংবা সেই ঘরে কে থাকবে তার রুচির ওপর নির্ভর করে আয়নাটা কেমন হবে। ধরা যাক, মাস্টার বেডরুম বা শোবার ঘরের সঙ্গে যে বাথরুমটা হবে, সেটার জন্য উপযোগী হলো ভালো একটা আয়না। যদি স্নানঘর বা বাথরুমটা বড় হয়, সে ক্ষেত্রে বড় আয়না বসানো যেতে পারে। এতে গোসল শেষে পূর্ণ অবয়বটা দেখে ফেলা যায়। ছোট আয়না বসালে সামনে-পেছনে উভয় পাশেই বসানো যেতে পারে। অনেকে আবার বড় আয়না কেটে কয়েক টুকরো করে বাথরুমে বসান। তবে এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, টুকরো আয়নাগুলোর দূরত্ব এমন না হয় যাতে চেহারা দেখতে সমস্যা হয়। শিশুদের বাথরুমের জন্য বসানো যেতে পারে কার্টুন আকারের আয়না। এ ক্ষেত্রে একটা বড় আয়না কিনে দোকান থেকে কাটিয়ে কার্টুনের আকার দেওয়া যেতে পারে।আর এই নানা আকারের আয়নাকে আরও সুন্দরভাবে উপস্থাপনের কথা বললেন ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের স্থপতি সাইদা ফজিলাতুন নাজ। তিনি বলেন, বিভিন্ন আকারের আয়না বসিয়ে তাতে চাইলে ডিজাইন করে নেওয়া যেতে পারে। আয়নার যেকোনো একটা কোনায় গ্লাস পেইন্ট দিয়ে মনের মতো করে ডিজাইন করে নেওয়া যেতে পারে। আবার কাচের দোকান থেকে আয়নাটার কিছু অংশ ফ্রস্টেড করে নেওয়া যেতে পারে। ছোট কাচের টুকরো আয়নায় বসিয়ে কিংবা বিভিন্ন রঙের কাচের চুড়ির ভাঙা অংশ আঠা দিয়ে আয়নায় বসিয়ে বিভিন্ন ডিজাইন করা যায়। অনেকে আবার এচিং করা আয়না বাথরুমে বসিয়ে থাকেন। বাথরুমে যেহেতু আজকাল টাইলসের ব্যবহার বেশি হয়, তাই হালকা রঙের টাইলসের সঙ্গে গাঢ় রঙের বর্ডার দেওয়া বা গাঢ় রংঙের কাজ করা আয়না বেশি মানায়। আয়না বসানোর আগে টাইলস বসানো হয়। তাই টাইলস বসানোর সময় আয়না বসানোর জায়গাটা ফাঁকা রাখলে ভালো। ফাঁকা জায়গায় আঠা দিয়ে আয়নাটা লাগাতে হবে। আয়নার ফ্রেমটাও কাচের নির্মিত হতে পারে। আবার কাঠের বা বেতেরও হতে পারে। তবে কাঠের ফ্রেম হলে ভালো একটা বার্নিশ দিয়ে নিতে হবে। এতে পানি লাগলেও কাঠের কোনো ক্ষতি হয় না। ক্রিয়েটোর স্বত্বাধিকারী ও ডিজাইনার রাশিদ খান বলেন, স্নানঘরের আয়নাটা অবশ্যই বসাতে হবে আলোর নিচে। এতে মুখে পর্যাপ্ত আলো পড়ে এবং অনেক বেশি উজ্জ্বল দেখায়। আর আয়নার পাশে কাচের স্বচ্ছ তাক বসানো যেতে পারে। আজকাল বাজারে বেসিনের সঙ্গে মেলানো আয়নার সেট পাওয়া যায়। চাইলে বেসিনের সঙ্গে মিলিয়ে স্নানঘরে এই আয়নাও ব্যবহার করা যায়। তিনি আরও বলেন, আয়নাটা যেন ঢেউ খেলানো বা বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আয়নায় পানি পড়লে গোসল শেষে মুছে ফেলা উচিত। নাহলে পানির দাগ বসে আপনার পছন্দের আয়না ঘোলা হয়ে যেতে পারে।ঢাকার লালমাটিয়ায় অবস্থিত শূন্য আর্ট স্পেস- এর স্বত্বাধিকারী মুহাম্মদ জাফর ইকবাল বলেন, এচিং করা আর গ্লাস পেইন্টের আয়না এখন বেশি চলে। দামটা নির্ভর করে ডিজাইন আর আয়নার পুরুত্বের ওপর। স্যানিটারির দোকানগুলোতে পাওয়া যাবে নানা আকার আর ডিজাইনের আয়না। নগরের গ্রিন সুপার মার্কেটের এ এইচ স্যানিটারি মার্ট-এর মালিক দেলোয়ার হোসেন বলেন, চায়না আয়না এখন বেশি চলে। কাঠের ফ্রেম, ফ্রেম ছাড়া, বেসিনসহ আয়না সেট এবং আয়নার শেলফসহ সেট পাওয়া যাবে এখানে। কেনা যাবে এক হাজার থেকে চার হাজার টাকার মধ্যে। পাওয়া যাবে নগরের গ্রিন রোড, হাতিরপুল, পরীবাগ, নবাবপুর মার্কেটসহ বেশ কিছু মার্কেটে।