অন্তরা সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের ১৪ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অন্তরা সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের ১৪ বছর পূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ৩ ও ৪ এপ্রিল চকরিয়া পৌর শহরের একটি সামাজিক কেন্দ্রে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৩ এপ্রিল সকালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গুণীশিল্পী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় আঞ্চলিক গানের শিল্পী বুলবুল আকতারকে। তাঁর হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। সংবর্ধিত শিল্পী বুলবুল আকতার বলেন, ‘গানের ভুবনে ৪৪ বছর কাটিয়েছি। বার্ধক্যে এসে নানা রোগে আক্রান্ত হয়ে এখন গান করতে পারছি না। শেষজীবনে সংবর্ধনা পেয়ে ভীষণ ভালো লাগছে।’ পরে ‘বাঁকখালীর মাঝি ও ভাই সোনাদিয়া বাসা’, ‘টেকনাফের তরমুজ-কুতুবদিয়ার ইছা মাছ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে দর্শক মাতান তিনি।
অপু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ হোসেন ভূঁইয়া, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী, অন্তরা সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ দীপলাল চক্রবর্তী, অন্তরা শিক্ষাকেন্দ্রের শিক্ষক রাজু চক্রবর্তী প্রমুখ।
আসরে শিশুশিল্পীরা নাচ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এ ছাড়া অতিথি শিল্পীরা আধুনিক, আঞ্চলিক ও হারানো দিনের গান পরিবেশন করেন। ছিল আবৃত্তি ও ছড়া পাঠ।