অন্তরাক্ষী
দিনটা শুরুই হয়েছিল একটু অন্যভাবে। নাশতা খেতে খেতে সিমিন বলল—‘আজকে সব সাদা জিনিস ধোবো...সাদা কিছু থাকলে দাও।’‘যা ছিল ওয়াশিং মেশিনে দিয়েছি। সাদা একটা মন ছাড়া আর কিছুই নেই।’ভেবেছিলাম আমার কথায় সিমিন খুশি হবে, কিন্তু হলো না। তাহলে কি আমার ভান সে বুঝতে পারে? হয়তো পারে। তা না হলে এ রকম হচ্ছে কেন? সেদিন রাতে একটু তাড়াতাড়িই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে হঠাৎ শুনতে পেলাম, সিমিন কার সঙ্গে যেন কথা বলছে: ‘কী খুঁজছ?’‘ভালোবাসা।’‘পেয়েছ?’‘না।’‘কোথায় রেখেছিলে?’‘তোমার মনের মধ্যে।’‘তাহলে পাচ্ছ না কেন?’‘জানি না, ওখানেই তো রেখেছিলাম...।’রাত দুপুর। ডিম লাইট জ্বলছে। এদিক-ওদিক তাকালাম। দরজা-জানালা ভালো করে ঠেলে-ঠুলে দেখলাম। খাটের নিচেও উঁকি দিলাম। আলমারি খুললাম। বারান্দায় গেলাম। কাউকেই তো দেখছি না। আমরা ছয়তলার একটি ফ্ল্যাটে থাকি। আশপাশে আর কোনো বিল্ডিংও নেই। তাহলে সিমিন কথা বলল কার সঙ্গে? আমার নড়াচড়ার শব্দে কথা বন্ধ করে দিয়েছে। একবার মনে হচ্ছে জিজ্ঞেস করি। আবার মনে হচ্ছে আমার হ্যালুসিনেশন হয়নি তো? হতেও পারে। দুশ্চিন্তাগ্রস্ত মানুষ ঘুমের ঘোরে কত কিছু দেখে! কত কিছু শোনে! সকাল হলো, কিন্তু সিমিনের ঘটনাটি আমার মাথা থেকে গেল না।আমাদের বিয়ের বয়স দুই বছরের একটু বেশি। সিমিন অস্ট্রেলিয়ায় এসেছে মাত্র এক বছর চার মাস। শুরু থেকেই বিবাহিত জীবনটা ভালো যাচ্ছিল না। এক দিনের জন্যও নিজেদের সুখী দম্পতি মনে হয়নি। কেন যে মা-বাবার কথায় বিয়েটা করেছিলাম? এত দিন ভাবতাম, সমস্যা শুধু আমারই; এখন দেখি সিমিনও নতুন সমস্যা তৈরি করেছে। রাত-দুপুরে প্রেমালাপ করে। হাতেনাতে ধরতে হবে; নইলে ‘তোমাকে বিয়ে করে জীবনটা মাটি হয়ে গেল’ টাইপ কান্নাকাটি জুড়ে দেবে। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করবে। ওত পেতে আছি।চার-পাঁচ দিন পর হঠাৎ আবার সেই কথোপকথন। যথারীতি কাউকেই খুঁজে পেলাম না। কিন্তু সিমিন প্রায়ই আজকাল গভীর রাতে একটি ছেলের সঙ্গে কথা বলে। ছেলেটির কণ্ঠ শুনতে পাই। কিন্তু তাকে খুঁজে পাই না। মোবাইলে কথা বলে কি না, তা-ও নিরীক্ষা করলাম। না, তা নয়। এর মধ্যে একদিন ওদের কথোপকথন ছিল আমার আর ফিওনার গোপন সব বিষয়। ফিওনা আমার সঙ্গে পড়ত, পরিচয় থেকে প্রণয়...সে অনেক কথা। সপ্তাহ খানেক আগেও ডেট করেছি। কিন্তু এসব তো কেউ জানে না। সিমিন জানল কীভাবে? অনেক চিন্তাভাবনা করেও কোনো কূল-কিনারা পেলাম না। যখন নিশ্চিত হলাম যে ফিওনা কিছু বলেনি, তখন ভয়ে-বিস্ময়ে হাত-পা ঠান্ডা হওয়ার জোগাড়। সিমিনকে ‘রাতের বেলা কথা বলার’ ঘটনাটি জিজ্ঞেস করব ভেবেছিলাম; তা বাদ দিলাম। না দিয়ে উপায় কী? আমার যে আরও গোপন ব্যাপার আছে...। কী জিজ্ঞেস করতে কী বলে ফেলে ঠিক আছে?শুনেছি, এসব নাকি প্যারাসাইকোলজিক্যাল বিষয়। পীর-ফকিরদের এসব ক্ষমতা থাকে। ইংরেজিতে এদের বলে মেন্টালিস্ট। এরা নানা রকম অদ্ভুত কাজকর্মও করতে পারে। তাই বেশ কিছু বইপত্র জোগাড় করলাম। অফিস থেকে ছুটি নিয়ে সারা দিন একটার পর একটা বই পড়ছি আর সিমিনকে খেয়াল করছি। ও রাতের বেলা চলে যায় অন্য জগতে। সকাল হলেই স্বাভাবিক। কিছুই বলে না। এমনকি ফিওনা সম্পর্কেও না। আমার ঘুম হারাম হয়ে গেল। রাতের পর রাত জেগে শরীর-মন কোনোটাই ভালো নেই। সিমিন সেই অন্য মানুষটার সঙ্গে কথা বলে, গল্প করে। ওদের একদিনের কথোপকথন:‘...ছেলেটাকে সে অনেক ভালোবাসত।’‘মানে?’‘মানে ভালোবাসত।’‘তুমি এটা কী বললে? ভালোবাসার কী অতীত কাল হয়?’‘হয়।’‘না, হয় না। ভালোবাসা আংশিক কিংবা অতীত হয় না। যে ভালোবাসে, সে সব সময়ই বাসে। ভালোবাসা জীবনব্যাপী হয়।’গভীর মনোযোগে ওদের আলাপ শুনছিলাম। হঠাৎ ছেলেকণ্ঠটা নীরব হয়ে গেল। ধরা পড়ে গেলাম। সিমিন কথা বন্ধ করে তীব্র চোখে আমার দিকে তাকাল। আমাকে চমকে দিয়ে জিজ্ঞেস করল— ‘ফিওনা প্রেগন্যান্ট। আমাকে দেশে পাঠিয়ে তুমি ওকে বিয়ে করবে, তাই না?’হতবাক হয়ে গেলাম। স্বীকার করতে সাহস পেলাম না।‘ওর সঙ্গে তোমার বহুদিনের প্রেম, তাই তো?’‘তুমি জানলে কীভাবে?’‘মনের চোখ সবই দেখে।’‘কিন্তু রাতের বেলা তুমি কথা বলো কার সঙ্গে?’সিমিন কোনো উত্তর দিল না। নীরবে কিছুক্ষণ কেঁদে আবার প্রশ্ন করল—‘তুমি কি জানো বিয়ের গয়নাগুলো দিয়ে আমি কী করেছি?’‘না।’‘একটা সোনার গ্লাস বানিয়েছি।’ ‘কেন?’ ‘ভেবেছিলাম কোনো এক পূর্ণিমা রাতে সোনার গ্লাসে করে বিষ খাব। এখন মনে হচ্ছে কাজটা ঠিক হবে না। তুমি বেঁচে যাবে। আমাকে অন্য কিছু করতে হবে। খুব কঠিন একটা কিছু। তোমার মতো মানুষেরা জন্মের মতো শিক্ষা পেয়ে যায় এমন একটা কিছু।’ শাখাওয়াৎ নয়নঅস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে গবেষণারত।[email protected]