অন্তর্বাস বোমার আদ্যোপান্ত
সম্প্রতি যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রগামী বহু ফ্লাইটে শত শত সশস্ত্র মার্কিন এয়ার মার্শাল সাদা পোশাকে পাহারা দিয়েছেন। যাত্রীদের অজ্ঞাতসারেই তা ঘটেছে, কারণ বিষয়টি গোপন রাখা হয়েছিল।মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা গত এপ্রিলে জানতে পারেন ইয়েমেনভিত্তিক একিউএপি যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে বোমা হামলার পরিকল্পনা করছে। তারা একজন যাত্রীকে দিয়ে তাঁর অন্তর্বাসে লুকানো বিশেষ ধরনের বোমার মাধ্যমে ওই হামলা করতে চেয়েছিল। বিশেষজ্ঞরা বলেছেন, ২০১২ ও ২০০৯ সালের দুটি অন্তর্বাস বোমার নির্মাণশৈলীর সঙ্গেই একিউএপির শীর্ষ বোমাবিশেষজ্ঞ ইব্রাহীম হাসান তালি আল-আসিরির কায়দার মিল আছে। ২০১০ সালের অক্টোবরে শিকাগোগামী একটি বিমানে প্রিন্টারের কার্টিজের মতো করে বানানো বোমা তোলার পরিকল্পনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে মনে করা হয়। সৌদি কর্তৃপক্ষের সহায়তায় ওই পরিকল্পনা বানচাল করে দেওয়া হয়।২০০৯ সালের বড়দিনে নাইজেরীয় নাগরিক ওমর ফারুক আবদুল মোতালেব যুক্তরাষ্ট্রগামী বিমানে প্রথম অন্তর্বাস বোমা হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু বোমাবিশেষজ্ঞ আসিরি ওই ব্যর্থতায় হতোদ্যম না হয়ে দৃশ্যত তাঁর বোমাকে আরও আধুনিক করায় ব্রতী হন। এবারেরটিতে ছিল দুটি ডেটোনেটর। একটি ডেটোনেটর কোনো রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি।জানা গেছে, আলোচিত ডবল এজেন্টকে ব্রিটিশ গোয়েন্দা বাহিনী নিযুক্ত করেছিল বোমানির্মাতা ইব্রাহীম হাসান তালি আল-আসিরির খোঁজ পাওয়ার জন্য। তবে তাঁর দেওয়া তথ্যে হত্যা করা হয়েছে ‘অন্যতম মোস্ট ওয়ান্টেড’ ফাহদ আল কুসোকে। কুসোর জন্য ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল এফবিআই।