সেবার লন্ডনে গেছি গরমের ছুটি কাটাতে। প্রথম লন্ডনে যাওয়া, তাই একটু উত্তেজিত ছিলাম। চিড়িয়াখানা দেখছি, বিগবেন দেখছি, মিউজিয়াম দেখছি, দেখছি মিসরের মমি, নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধপোশাক, তরবারি, ক্লাইভের বন্দুক, কোহিনূর হীরক, মাদাম ত্যুসো দেখছি আর আপ্লুত হচ্ছি। ঠিক সে সময় হোটেলে একটি লং ডিসটেন্স কল এল। ফোনটা এসেছে সুইডেন থেকে, আবার সুইডেনে কলটি এসেছিল বাংলাদেশ থেকে। দেশে মায়ের অবস্থা ভালো নয়, যেন এই মুহূর্তে রওনা হই। খবরটা শোনার পর তাৎক্ষণিক রওনা দিতে চাইলেও হয়ে ওঠে না। বিশেষ কারণে লন্ডন থেকেই রওনা দেওয়া সম্ভব হয় না। লন্ডন দেখা অসমাপ্ত রেখেই সুইডেন ফেরা ও বাংলাদেশের পথে রওনা হওয়া। এ যেন দ্রুত দুটি দেশের টার্মিনাল পার হয়ে যাওয়া। স্টকহোম থেকে ব্যাংকক প্রায় আট-নয় ঘণ্টার একটানা উড়ালপথ। বেশ বিরক্তিকর একঠায় বসে থাকা। বিরক্তিকর অপেক্ষা। ভাবছিলাম অনেক কিছু, মাকে গিয়ে ঠিকমতো দেখতে পাব কি না! কথা বলতে পারব কি না! তিনি কতটুকু অসুস্থ! ভাবনার কোনো কিনারা পাচ্ছিলাম না। ঘুরেফিরে মাকে ঘিরে ছেলেবেলার স্মৃতি শরতের খণ্ড খণ্ড মেঘের মতো চোখের সামনে ভেসে আসছিল। স্টকহোম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যখন দেশ ত্যাগ করি, তখন হয়তো ভেবেছিলেন, ছেলে পড়াশোনা শেষ করে দেশেই ফিরবে। তাই নির্ভাবনায় বিদায় দিয়েছিলেন। কিন্তু তাঁর ভাবনা বেড়ে গিয়েছিল দেশে ফেরা আর হচ্ছিল না বলে। তাঁর প্রতিটি চিঠিতে সে আকুলতা ধরা পড়ত। অবশেষে যখন বুঝতে পারলেন, দেশে আর ফেরা হচ্ছে না তখন লিখতেন, ‘যত দূরেই থাকিস, ভালো থাকিস।’ এই ভালো থাকতে গিয়েই প্রতিজন প্রবাসীর অনেক মূল্য দিতে হয়, যা অর্থের মাপকাঠিতে কোনো দিনই শোধ হয় না। ব্যাংককে বেশ কিছু সময় অপেক্ষার পর বাংলাদেশের পথে উড়াল দেওয়া। অবশেষে ঢাকা বিমানবন্দরে অবতরণ করার পর যখন বিমান থেকে সিঁড়ি দিয়ে নামছি, তখন পেছন থেকে নাম ধরে উনি ডাকলেন, স্পষ্ট শুনতে পেলাম, ‘এসেছিস, আমার জন্য চিন্তা করিস না।’ শরীরের প্রতিটি শিরা-উপশিরায় যেন বিদ্যুৎ বয়ে গেল। সিঁড়ির প্রতিটি ধাপ নামছি আর মনে মনে বলছি, ‘আমার জন্য একটু অপেক্ষা কর, আমার জন্য একটু অপেক্ষা কর। আমি আসছি।’ কিন্তু পথ যেন ফুরায় না। অবস্থা দ্রুত খারাপ হওয়ায় মাকে শেষ অবধি বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছিল নার্সিং হোমে। নার্সিং হোমের শুভ্র বিছানায় শুয়ে আছেন মা। ডাক্তার, নার্স, অক্সিজেন সিলিন্ডার সবই আছে, শুধু মা নেই। উনি তখন গভীর ‘কোমায়’। না, মায়ের সঙ্গে আমার কথা হয়নি। যে কটা দিন দেশে ছিলাম, পায়ে হাত দিয়ে শুধু বসেই থেকেছি। আর মনকে শক্ত করেছি, ‘মা আর ফিরবে না। এই তাঁর সঙ্গে শেষ দেখা।’ ছুটি না থাকায় ওভাবেই মাকে রেখে তিন সপ্তাহ পর ফিরতে হলো। মা আরও সপ্তাহ দুই ছিলেন ওই ‘কোমার’ ভেতরেই। তারপর শেষ খবর এল, উনি আর নেই। চলে গেলেন ঠিক নববর্ষের দিনে। যে একবার চলে যায়, সে কি আর ফিরে আসে? আসে না, তবু আমরা প্রবাসীরা বেঁচে আছি, বেঁচে থাকি এভাবেই।লিয়াকত হোসেনসুইডেন, স্টকহোম[email protected]