অন্তিম চাওয়া একটি বয়স্ক ভাতার কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালার দুর্গম জুরাপানি ছড়া গ্রামের রবিচন্দ্র চাকমার চাওয়া একটি বয়স্ক ভাতার কার্ড l প্রথম আলো
দীঘিনালার দুর্গম জুরাপানি ছড়া গ্রামের রবিচন্দ্র চাকমার চাওয়া একটি বয়স্ক ভাতার কার্ড l প্রথম আলো

চিরকুমার রবিচন্দ্র চাকমার (৭৫) নিজের বাড়ি-ঘর নেই। খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম জুরাপানি ছড়া গ্রামের যে পরিবারে তিনি আশ্রিত তাদেরই সংসার চলে না ঠিকমতো। বয়সের বাধা ডিঙিয়ে কাজ করবেন সেটাও সম্ভব নয়। প্যারালাইসিসের কারণে ডান হাত-পা প্রায় অবশ। রবিচন্দ্র চাকমার চাওয়া শুধু একটি বয়স্ক ভাতার কার্ড।
২১ মার্চ উত্তর রেংক্যার্যা এলাকায় কথা হয় রবিচন্দ্র চাকমার সঙ্গে। রবিচন্দ্র চাকমা জানান, তাঁর পিতা ধনঞ্জয় চাকমা অনেক আগে মারা গেছেন। তাঁরা এক ভাই এক বোন।
ঘরবাড়ি, জায়গাজমি কিছুই নেই। আশ্রয় নিয়েছেন ছোট বোন লক্ষ্মীনিদা চাকমার বাড়িতে। তিন বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হন তিনি। রবিচন্দ্র চাকমা জানান, প্যারালাইসিস আক্রান্ত হওয়ার পর তাঁর চিকিৎসা করাতে গিয়ে বোনের অনেক টাকা খরচ হয়েছে। এখনো ওষুধের পেছনে বহু টাকা যাচ্ছে। তিনি বলেন, ‘জনপ্রতিনিধিদের কাছে বয়স্ক ভাতার কার্ডের জন্য অনেকবার গিয়েছি। কেউ কোনো গুরুত্ব দেয় না।’
রবিচন্দ্র চাকমার বোনের স্বামী জ্ঞান সেন চাকমা বলেন, ‘উত্তর রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ের জন্য ভূমি দান করে নৈশপ্রহরীর চাকরি পেয়েছি। এখনো এমপিওভুক্ত হইনি। মাসে মাত্র ছয় শ টাকা বেতন পাই। আমার তিন ছেলে, তিন মেয়েসহ আটজনের সংসার। রবিচন্দ্র চাকমাও আমাদের সঙ্গে থাকেন। তাঁর যদি একটি বয়স্ক ভাতার কার্ড থাকত, তাহলেও তাঁর নিজের ওষুধের খরচটা অন্তত তুলে আনা যেত।’
রবিচন্দ্র চাকমার প্রতিবেশী আলো বিকাশ চাকমা বলেন, ‘আমরা গ্রামবাসীরাও রবিচন্দ্র চাকমাকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য অনেকবার জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। তাঁর একটি বয়স্ক ভাতার কার্ড খুবই প্রয়োজন।’
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘রবিচন্দ্র চাকমার কষ্টের কথা আমিও শুনেছি। এবং তাঁর সঙ্গে আমিও কথা বলেছি। তাঁকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার চেষ্টা করা হবে।’
দীঘিনালা সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা মাটিরাঙ্গা উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, পুরুষদের পক্ষে ৬৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৬২ বছর হলে তারা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্যতা অর্জন করবে। দরিদ্র বা দুস্থ ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। বয়স্ক ভাতা দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে একটি এবং উপজেলা পর্যায়ে একটি কমিটি কাজ করে।
প্রথমে ইউনিয়ন কমিটি উপজেলা কমিটির কাছে বয়স্ক ব্যক্তিদের তালিকা পাঠায়। উপজেলা কমিটি যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করে সমাজসেবা কার্যালয়ে পাঠায়। তার ভিত্তিতে সমাজসেবা কার্যালয় ভাতার জন্য বয়স্ক ব্যক্তিদের মনোনীত করেন। মনোনীত ব্যক্তিরা প্রতি মাসে ভাতা হিসেবে তিন শ টাকা পান।