অন্দরমহলও সাজবে ঈদের খুশিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু নতুন জামা–জুতা নয়, ঈদে গৃহসজ্জার জন্যও চাই নতুন উপকরণ। রাজধানীর নিউমার্কেট থেকে গতকাল তোলা ছবি l সাইফুল ইসলাম
শুধু নতুন জামা–জুতা নয়, ঈদে গৃহসজ্জার জন্যও চাই নতুন উপকরণ। রাজধানীর নিউমার্কেট থেকে গতকাল তোলা ছবি l সাইফুল ইসলাম

নিজেদের সাজসজ্জা শেষে ঈদবাজারের ক্রেতারা অন্দরমহল সাজাতে ঢুঁ দিচ্ছেন নানান বিপণিবিতানে। ঈদের দিন আত্মীয়স্বজনকে যদি খানিকটা চমকই না দেওয়া গেল, তাহলে আর নতুনত্ব থাকবে না। যে পর্দা বা বিছানার চাদর সারা বছর ঘরে শোভা পেয়েছে, ঈদের দিন সেটা ঘরে থাকলে ঈদের আমেজই আসবে না। সেমাই, পায়েস খাওয়ার জন্যও চাই নতুন বাসন।

ঈদের শৌখিন ক্রেতাদের কথাই আলাদা। উত্তরার বাসিন্দা রাসমাত ময়না। এসেছেন মিরপুর রোডে আইডিয়া ক্র্যাফটসে। এর আগে একদিন এসে মুখোশ কিনে নিয়ে গেছেন, তখনই কাঠের অ্যান্টিকের বড় ঘড়িটার দিকে চোখ যায়।

আইডিয়া ক্র্যাফটসের ব্যবস্থাপক সুকুমার চন্দ্র রায় জানালেন, ঈদ উপলক্ষে ক্রেতারা নারকেল, বাঁশ ও পাট দিয়ে তৈরি ল্যাম্প, টব রাখার জন্য কাঠের তাক, বিভিন্ন টুংটাং শব্দের ডোর বেল, কাঠের ওপরে কাঠ বা কাঠের টুকরা দিয়ে মা-সন্তানসহ নানা কারুকাজ করা ওয়ালমেট, কাঠ ও মাটির ফ্রেমের বড় আয়না, হাতপাখা কিনছেন। ফাইবারের ফ্লাওয়ার ভাস তো নিচ্ছেনই।

হোম টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে বেড কভার কিনছিলেন মরিয়ম বেগম। বললেন, ঈদে এমনকি কোরবানির ঈদেও অন্য কিছু না কিনলেও বেড কভার তো কিনতেই হবে। এবার ঈদ উপলক্ষে ঘরের পর্দাও নতুন কিনবেন।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে হোম টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাঈদ হোসাইন বলছিলেন, তাঁদের এই আউটলেটে ঘরসজ্জার জন্য এক হাজারের বেশি পণ্য আছে। তবে এবারের ঈদবাজারের অবস্থা খুব খারাপ যাচ্ছে। জানালেন, পর্দার ক্ষেত্রে ক্রেপ, নেট এবং সুতির পর্দা বেশি চলছে।

আড়ং নকশিকাঁথা, কুশন কভার, পর্দা, সিরামিক, মাটি ও কাঠের আসবাব, পাতা, নানা কিছু দিয়ে বানানো শুকনো ফুলের ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে। বিক্রেতা পারভীন আক্তার বললেন, ঈদে ঘর সজ্জার জিনিসপত্র ভালোই বিক্রি হয়।

ধানমন্ডির বাসিন্দা নওরিন রওনকের বিয়ে হয়েছে সাড়ে চার বছর। তবে এবারই নিজের ফ্ল্যাটে সংসার পাতবেন। স্বামীর কাজের সূত্রে বছরে কয়েকবার চীনে যাওয়া হয়। তাই বারান্দায় রাখার জন্য দোলনা এনেছেন চীন থেকে। গুলশানের বিভিন্ন বিপণিবিতান থেকে ক্রোকারিজ, ল্যাম্প, কার্পেটসহ নানা জিনিস কিনেছেন।

নিউমার্কেটে পাওয়া যাচ্ছে নানা কৃত্রিম ফুল। ঈদে ঘর সাজানোর জন্য এ ফুলের কদর বাড়ে বলেই জানালেন বিক্রেতারা। আর ঈদের আগের দিন তাজা ফুল বিক্রেতাদের মুখে হাসি ফুটবে।

ঈদের আগে বা পরে অনেক পরিবারে বিয়ে থাকে। তাই অনেকেই এ সময়টা বেছে নেন বাড়ির সাজসজ্জায় পরিবর্তন আনতে। স্থাপত্যভিত্তিক প্রতিষ্ঠান জিওম্যাট্রি অন্দরসজ্জাসহ নানা কাজ করে দিচ্ছে ও পরামর্শ দিচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক স্থপতি তাসবীর শাতিল বলেন, ঈদে তাঁদের কাজে ব্যস্ততা বাড়ে। অনেকেই ঘরের আসবাব পরিবর্তন করতে চান। বেশির ভাগ ক্ষেত্রে বেত, ওক কাঠ দিয়ে আসবাবগুলো বানানো হচ্ছে। আর অন্দরসজ্জায় ঘরটা ছোট না বড়, তা তো মাথায় রাখতেই হবে। ঘরের আয়তনের ওপর নির্ভর করবে দেয়ালের রং হালকা, নাকি গাঢ় হবে।