অন্দরে ঈদ
কখনো মেঘ, কখনো বৃষ্টি। আবার কখনো সূর্যের প্রচণ্ড তীব্রতায় ত্রাহি ত্রাহি অবস্থা। এমনই একসময়ে এবারের ঈদ উৎসব। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরিন চৌধুরী বলেন, ‘এবার গরমের প্রকোপটাই বেশি বলে অন্দরে হালকা রঙের ব্যবহার একটু বেশি হতেই পারে। বসার ঘরে খুব বেশি সাজসজ্জার উপকরণ ব্যবহার না করে চেষ্টা করা উচিত, খুব সাধারণভাবেই কীভাবে পরিপাটি রাখা যায়।’উৎসব মানেই নতুন নতুন আসবাবে ভরিয়ে ফেলতে হবে বসার ঘর—এ ধারণা থেকে বেরিয়ে এসে পুরোনোগুলোকে নতুনরূপে সাজিয়ে তোলাটাকেই বেশি প্রাধান্য দেন তিনি। কাঠের আসবাবগুলো নতুনভাবে বার্নিশ করে নিতে পারেন। বসার ঘরের বনসাই রেখেও সবুজ প্রকৃতির কিছুটা স্পর্শ পেতে পারেন। অন্দরে প্রবেশপথের দেয়ালটিকেও চাইলে সাজিয়ে নিতে পারেন মনের মতো করে। খাবার ঘরের দেয়াল হালকা রঙের হলে ভালো হয়। আলোর ব্যবহারটাও দেয়ালের সঙ্গে মিলেই করা উচিত। খাবার ঘরে রকমারি ফুলের ব্যবহার থাকতে পারে। একটু উজ্জ্বল রঙের বাহারি ডিজাইনের টেবিলম্যাটও ব্যবহার করা যেতে পারে খাবার টেবিলে। টেবিলের পাশেই ট্রলি রাখতে পারেন, যাতে যে কেউ চাইলেই খাবার ঘর থেকে বসার ঘরে খাবার নিয়ে গিয়ে আড্ডা দিতে পারেন।‘অনেকেই শোবার ঘরের সঙ্গে ছোট্ট ব্যালকনিটা সবুজে ভরিয়ে তুলতে পারেন। এর সঙ্গে মিল রেখে ব্যবহার করতে পারেন ঘরের পর্দা, বিছানার চাদরের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আর ঈদ আয়োজনে ঘরে ফুল শোভা পাবে না, তা যেন ভাবাই যায় না। আজকাল ফুলের সঙ্গে ইকেবানার প্রচলনটাও বেশ বেড়েছে।’ এমনটিই মনে করেন গুলশান নাসরিন চৌধুরী।পর্দা এবং বিছানার চাদরে উজ্জ্বল ও হালকা রংই ব্যবহার করা হচ্ছে। আড়ং, নিপুণ, যাত্রা, চরকাসহ ঢাকার এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটের দোকানগুলোতে পর্দা, কুশনকভার ও বিছানার চাদর কিনতে পারবেন।