অন্দরে কাচের নকশা
অন্দরসাজে কাচের ব্যবহার ইদানীং বেশ চোখে পড়ছে। তুলনামূলক কম খরচে নিজের পছন্দমতো নকশা করিয়ে নেওয়া যায় বলে এর জনপ্রিয়তা বাড়ছে। বাড়িতে তো হচ্ছেই—রেস্তোরাঁ, অফিসেও এর ব্যবহার চলছে। আলো আর রঙের খেলায় কাচের সজ্জায় ফুটিয়ে তুলতে পারেন নানা বৈচিত্র্য।কাচের ব্যবহারে নিজের অফিস বা ঘরটি প্রশান্তি জোগাবে আপনার মনে। অন্দরসাজের প্রতিষ্ঠান ফারজানা’স ব্লিসের প্রধান নির্বাহী ফারজানা গাজী বলেন, ‘আজকাল অনেকেই বাসা-বাড়ি, অফিস বা রেস্তোরাঁ সাজাতে গ্লাস ডেকোরের দিকে ঝুঁকছেন। কারণ, এটি বেশ দৃষ্টিনন্দন। আর নিজের ইচ্ছামতো এখানে যে কেউ নকশা করে নিতে পারেন।’জায়গা বুঝে কাচের ওপর নানা ধরনের নকশা জুড়ে দেওয়া হয়। তবে বাসা ও অফিসে কাচের ব্যবহারে ভিন্নতা আসবে। অন্দরসাজের প্রতিষ্ঠান রয়েল জিপসাম ডেকোরেশনের প্রধান নির্বাহী আবুল কালাম আজাদের সঙ্গে কথা হয় এ নিয়ে। তিনি বলেন, ‘সাজসজ্জায় নকশাদার কাচ ব্যবহার করতে পারেন বাসার ফলস সিলিং, দেয়ালে, আয়নার চারপাশে, রান্নাঘরের কেবিনেটে, স্নানকক্ষের আয়নায়, বসার ঘরের কোনায়, সিঁড়িতে, বেলকনিতে, আলমারির পাল্লায়, জানালার পাশে। তুলনামূলক খরচ কম পড়ায় এর চাহিদা দিনে দিনে বাড়ছে।’কাচের ওপর বিভিন্ন ধরনের কাজ করে থাকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কাচের ওপর যেসব কাজের মাধ্যমে ঘর সাজাতে পারেন, তার মধ্যে বেশ জনপ্রিয় এচিং, ক্রিস্টাল এচিং, এনগ্রেভিং, টেক্সচার ইত্যাদি। ফারজানা গাজী বলেন, ‘অনেকে কাচটা টেম্পার না করে ব্যবহার করে। টেম্পার করার মানে হলো কাচে কোনো আঘাত লাগলে তা ঝুরঝুর করে ভেঙে যাবে। তাতে আঘাত লেগে দুর্ঘটনা ঘটার আশঙ্কা কমে। তাই খরচ একটু বাড়লেও কাচ অবশ্যই টেম্পার করিয়ে নেওয়া উচিত। আর কাচ টেম্পার করার কারণে হালকা হয়ে যায়, ব্যবহারেও সহজ হয়। রং ও নকশার ক্ষেত্রে অবশ্যই স্থানটা মাথায় রাখা জরুরি।’অফিসে, সভাকক্ষে, অভ্যর্থনাকক্ষে, ঘরের আড়াল হিসেবে, ঢোকার মুখে, প্রতিষ্ঠানের লোগো বা নামেকাচের ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া রেস্তোরাঁয় আভিজাত্য বাড়াতে কাচ সাজানোর জনপ্রিয়তা আছে। খাবার টেবিল, ক্যাশ কাউন্টার, ছাদ ইত্যাদি স্থানে উজ্জ্বল রঙের নকশা করা কাচ অন্দরসাজে ভিন্নতা ফুটিয়ে তোলে। ডিজাইনারদের মতে, রেস্তোরাঁয় যতটা সম্ভব উজ্জ্বল রং ভালো। তবে বাসায় ব্যবহারের আগেই পরিকল্পনা করে নিন। শিশুদের ঘরে যতটা সম্ভব তার উপযুক্ত নকশা বেছে নিন। বসার ও খাবার ঘরে উজ্জ্বল রঙের কাচের নকশা বাছতে পারেন। পড়ার ঘরে একটু হালকা রঙের কাচই ভালো।দামদরকাচের পুরুত্বের ওপর দাম নানা ধরনের হতে পারে। সাধারণত ৬ থেকে ১২ মিলি কাচের ওপর এসব নকশা করা হয়। তা ছাড়া ডিজাইন ও কোন ধরনের কাজ করাতে চান, তার ওপর দাম নির্ভর করে। দাম নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট হিসাবে। যেখানে ৩০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দাম হতে পারে।কোথায় করাবেনঢাকার ১/১ পশ্চিম হাজিপাড়া রামপুরায় রয়েল জিপসাম, বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন, মিরপুর ব্লক বি, সেকশন ২-এ ফারজানা’স ব্লিস, ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন ইত্যাদি প্রতিষ্ঠান থেকে করিয়ে নিতে পারেন কাচের সাজ।