অন্দরে নন্দন
বাহ্! কী সুন্দর! একদম অন্য রকম। অন্দরসজ্জা নিয়ে এ ধরনের প্রশংসা শুনতে ভালো লাগে সবারই। তবে নান্দনিক অন্দরসজ্জার মূলমন্ত্র হলো সুন্দর আর রুচিশীল আসবাব। আসবাব যদি নজরকাড়া হয়, তা হলে একটু যত্ন নিয়ে ঘরখানা গোছালেই কেল্লাফতে। ভালো আসবাব বলতে একসময় কাঠের আসবাবকেই বোঝানো হতো। এখন দৃশ্য কিছুটা বদলে গেছে। একটু ভিন্ন কিছুর আশায় বিকল্প উপকরণের তৈরি আসবাবের চাহিদা বাড়ছে। এ তালিকায় বেত, বাঁশ, হোগলাপাতার তৈরি চেয়ার, টেবিল, আলমারিগুলো এগিয়ে আছে। দেখতে সুন্দর, আধুনিক ও বৈচিত্র্যময়।বাহ্! কী সুন্দরবিভিন্ন নকশার আসবাব বানাতে বেত, বাঁশ, হোগলাপাতা, তালগাছের গুঁড়ি ইত্যাদি উপকরণ এখন ব্যবহার হচ্ছে বেশ। নতুন নতুন নকশা, ভিন্নভাবে তুলে ধরার ইচ্ছা আর কারিগরি দক্ষতার জোরে আসবাবগুলো নজর কেড়ে নেয় সহজেই। এ ধরনের আসবাবের দোকানে ঢুকেছেন আর পছন্দ হয়নি কিছু—এ দৃষ্টান্ত দুর্লভ। চেয়ার, ডিভান, আলমারি, রকিং চেয়ার, রাউন্ড চেয়ার, রুম ডিভাইডার, লেখালেখির টেবিল, খাবার টেবিল থেকে শুরু করে টেবিলল্যাম্প, গাছের টব, ঝুড়ি—কী নেই। যতই দেখবেন, পছন্দের তালিকাখানা ততই বড় হবে। এ উপকরণগুলোর আরও একটি সুবিধা আছে। নিজের পছন্দমতো নকশায় বানাতে পারবেন। ডেকর ইডের আসবাব ডিজাইনার তৌহিদা হক বলেন, ‘হোগলাপাতা দিয়ে একসময় শুধু পাটি বানানো হতো। মাংস কাটার কাজেই এ পাটি বেশি ব্যবহূত হতো। অনেকটা অবহেলিত এ পাতাটা দিয়েই এখন নানা রকম শৌখিন আসবাব বানানো হচ্ছে।’ তিনি আরও জানান, একসময় বাঁশ, বেত, ঘাস—এই জাতীয় উপকরণ দিয়েই কাজ করা হতো বেশি। তবে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে উপকরণগুলো আর পাওয়া যাচ্ছিল না। নতুন কিছু খুঁজতে গিয়েই হোগলাপাতা বেছে নিয়েছিলেন তাঁরা। ভোলা, পিরোজপুরসহ উপকূলবর্তী জায়গাগুলোয় প্রচুর পরিমাণে পাওয়া যায় এটি। কিন্তু সেভাবে ব্যবহার করা হয় না। গত ১০ বছর ধরে এই হোগলাপাতা দিয়েই তাঁরা সোফাসেট, ডিভান, ছোট-বড় চেয়ার, টেবিল, মোড়া, ঝুড়ি বিভিন্ন জিনিস বানাচ্ছেন।এ ধরনের পণ্যের আরেকটি প্রতিষ্ঠান এথনিকার স্বত্বাধিকারী নাসিরা মনসুর কাজ করতে ভালোবাসেন দেশীয় উপকরণ দিয়ে। হোগলাপাতা, কাইসা ঘাস, তালগাছের গুঁড়ি দিয়ে তৈরি করছেন বিভিন্ন জিনিস। ‘দেশীয় উপকরণ দিয়ে তৈরি জিনিসের উপস্থাপন ভিন্নতা নিয়ে আসে। এসব সামগ্রীর সৌন্দর্যই অন্য রকম। এ ধরনের টেবিলল্যাম্প, ঝুড়ি, টু-সিটার, মোড়া ছাড়াও বিভিন্ন সামগ্রী দিয়ে ছোট কর্নার, বারান্দা সাজিয়ে তোলা যাবে সহজেই।’ বলেন নাসিরা মানসুর।অন্দরসজ্জায় হোগলাপাতা, বেত ও বাঁশহোগলাপাতাকে দড়ি, বেণি, সোজা ইত্যাদি নানা আকৃতিতে এনে আসবাব বানানো হয়। ইচ্ছা করলে ওপরে রং, বার্নিশ করে নিতে পারেন। চাইলে কাঠ ও রড আয়রনের সঙ্গে মিলিয়েও তৈরি করতে পারেন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আসবাব। বাড়ি সাজানোর ক্ষেত্রে এ আসবাবগুলো জাদুর মতোই কাজ করে। পুরো বাড়িতেই যে একই রকম আসবাব থাকতে হবে, তা-ও নয়। বসার ঘরের কোনায় হোগলাপাতার তৈরি একটি সিংগল চেয়ার ও লম্বা টেবিলল্যাম্প বদলে দেবে পুরো ঘরের চেহারা। বাড়ির খাটটি হয়তো অনেক পুরোনো হয়ে গেছে। এর পুরো অংশ না পাল্টিয়ে শুধু সিথান পাশটি বেত বা হোগলাপাতা বা বাঁশ দিয়ে বানিয়ে নেওয়া যায়। নতুন খাটের চেয়েও ভালো দেখাবে। চেয়ারের নিচে দরকার হলে ড্রয়ারও করে নিতে পারবেন। আড্ডার জায়গাগুলোয় সাধারণত নিচু সোফাসেটগুলোয় বসে আরাম পাওয়া যায় বেশি। বড় ঝুড়িগুলোর মধ্যে পাটখড়ি রং করেও রেখে দিতে পারেন।দেশীয় উপকরণ দিয়ে তৈরি চেয়ার, ডিভানগুলোয় একরঙা ও প্রিন্টেড—দুই ধরনের কাপড়ই ভালো মানাবে বলে জানান নাসিরা মানসুর। সেটা জমকালোও হতে পারে আবার হালকা কাজেরও হতে পারে। খাদি, বেনারসি, সুতি, সিল্ক, র-সিল্ক—প্রায় সব ধরনের কাপড়ই মানাবে। অনেকের খাবার টেবিলটি বেতের বা হোগলাপাতার তৈরি হতে পারে। এ ধরনের টেবিলের নান্দনিকতা বাড়িয়ে তুলবে টেবিলের ওপরের সামগ্রী। গামছার তৈরি রানার, টেবিল প্লেসমেট যেমন মানাবে, তেমনি সিল্কের তৈরি রানারও ভিন্নতা নিয়ে আসবে।বাজারে বেতের তৈরি নানা রকম আসবাব অনেকেই পছন্দ করেন। কাঠের বদলে এখন অনেকে বেতের তৈরি টেবিল, ডিভান, সিংগেল চেয়ার, রাউন্ড চেয়ার, সোফাসেট, ডিভাইডার, টেবিলল্যাম্প, ঝুড়ি প্রভৃতি কিনছেন বলে জানান বিক্রেতারা। এগুলো বানাতে ব্যবহূত বেত দেশের বাইরে থেকে আমদানি করা হয়। রেড রোস ফার্নিচারের স্বত্বাধিকারী আবুল হাশেম বলেন, ‘বার্মা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম থেকে বেত আমদানি করি আমরা। এ কারণে বেতের তৈরি আসবাবপত্রের দাম কিছুটা বেড়ে গিয়েছে। ফরমাশ দিলে বেতের সঙ্গে কাঠ ও বাঁশ মিলিয়েও আসবাব বানাচ্ছি আমরা। কিছুটা যত্ন নিলেই এ ধরনের আসবাবগুলো ১০ থেকে ১২ বছর ভালোমতো টেকে।’যত্ন-আত্তিবেতের আসবাব পাওয়া যায় এমন দোকান রেড রোজের স্বত্বাধিকারী আবুল হাশেম জানান, ‘বেতের আসবাবগুলো সহজেই পরিষ্কার করা যায়। ধোয়াও যায়। ধোয়ার পর রোদে শুকিয়ে নিলে ভালো হবে। হোগলাপাতার আসবাবে কোনো পোকা হয় না। কারণ, লোনা পানিতে জন্মে এগুলো। তবে পানি ও আগুন থেকে যতটা সম্ভব দূরে রাখতে হবে এসব আসবাবকে।’