
হাতে সময় নেই সাত দিনও। পয়লা বৈশাখ এসে গেল বলে। নববর্ষ উপলক্ষে বাড়ির সবকিছু তো আর পরিবর্তন করা যাবে না। সম্ভবও নয়। তাই যতটুকু পারা যায় বসার ঘরকে বাঙালিয়ানার ছোঁয়া দেওয়া। সাধ্যের মধ্যে দেশি জিনিস দিয়ে ঘরটাকে সাজাতে পারেন।
ঢাকার মগবাজারের বাসিন্দা সারজিয়া আমিন। তাঁর ছিমছাম বসার ঘর পছন্দ। তিনি মনে করেন, ঘরে বাড়তি আসবাব কিংবা সাজানোর সামগ্রীর প্রয়োজন নেই। খুব দামি কিছু কিনতে হবে, তাও নয়। তবে ঘরে কোনো দেশি জিনিস না থাকলে পয়লা বৈশাখের আগে রুচিসম্মত অল্প কিছু দেশি গৃহসজ্জার সামগ্রী কিনতে পারেন।
একঘেয়েমি দূর করার জন্য আসবাবগুলোকে একটু এদিক-সেদিক করে সাজাতে পারেন। সোফাগুলোর পাশে একটু জায়গা রেখে পার্শ্ব-টেবিলগুলো এবং ঠিক মাঝখানে সেন্টার টেবিলটি রাখতে পারেন। টেবিলগুলো সাজানোও যেতে পারে নান্দনিকতায়। দেশি সিরামিকস, পোড়া মাটি, বাঁশ বা বেতের তৈরি তৈজসপত্র ছাড়াও বিভিন্ন শোপিস দিয়ে সাজানো যেতে পারে টেবিলগুলো। ঘরে প্রাকৃতিক আলো প্রবেশের জায়গাটিতে আসবাব না রাখাই ভালো। এতে প্রাকৃতিক আলোকে ভালোভাবে ব্যবহার করা যায় না। ঘরে বাড়তি সৌন্দর্য বাড়াতে ল্যাম্পশেডও ব্যবহার করতে পারেন। এটি সাধারণত ঘরের এক কোনায় রেখে দিলে বেশ ভালো মানায়।
এ ছাড়া আজকাল রিকশা পেইন্টের অনেক গৃহসজ্জার সামগ্রী পাওয়া যায় বাজারে। রিকশা, মাটির সরা, হারিকেন বা শীতল পাটি দিয়েও সাজাতে পারেন ঘর। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরিন চৌধুরী বলেন, বৈশাখের প্রথম দিনে বেশ গরম থাকে। তাই ঘরে মাটির ছোট চাড়িতে পানিভর্তি করে সেখানে তাজা ফুলের পাপড়ি ও ভাসন্ত মোমবাতি দিতে পারেন। এতে ঘর ঠান্ডা থাকবে। চাইলে সবুজ গাছ রাখা যেতে পারে। প্রকৃতির কাছাকাছি থাকলে মন্দ কী।