অন্ধ না হয়েও ব্লাইন্ড, নিরীহ হয়েও ডেঞ্জার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: মাসুক হেলাল
আঁকা: মাসুক হেলাল

কানা ছেলের নাম পদ্মলোচন হয় বটে। কিন্তু যে ছেলের ‘লোচন’ বা চোখ সত্যিই পদ্মের মতো, তাকে কি কানা বলা ঠিক? অথচ আয়াক্সের নীল মায়াবী চোখের এক ফুটবলারের নামই কিনা ব্লাইন্ড!
অন্ধ তিনি মোটেও নন। দিব্যি দেখছেন। অন্ধ হলে কি আর রক্ষণদুর্গ সামলানোর মতো একটা কাজ তাঁর কাঁধে বর্তায়! অথচ জার্সির পিঠে বড় করে লেখা ‘ব্লাইন্ড’!
পুরো নাম ডালি ব্লাইন্ড। ক্লাবের জার্সি নম্বর ১৭। অবশ্য নিজের নাম নিয়ে অভিযোগ তোলার সুযোগ একেবারেই তাঁর নেই। ‘ব্লাইন্ড’ যে এই ডাচ ফুটবলারের পারিবারিক উপাধি। তাঁর বাবা ড্যানি ব্লাইন্ডও একসময় আয়াক্সে খেলেছেন। বাবাও ছিলেন ডিফেন্ডার। দশাসই ডিফেন্ডার। মারাত্মক ট্যাকেলে প্রতিপক্ষের অনেক খেলোয়াড়কেই ‘ব্লাইন্ড’ না হোক, চোখে সরষে ফুল তো অনেকবারই দেখিয়েছেন।
ব্লাইন্ডের মতো কিছু অদ্ভুত নামের ফুটবলার আছেন কিংবা ছিলেন। সত্তরের দশকে আলজেরিয়ার এক ফুটবলার ছিলেন, যাঁর নাম ব্যানডিট! মানে কিনা দস্যু! পুরো নাম আর্স ব্যানডিট। ফুটবলের মতো একটা নিরীহ খেলা তিনি খেলেছেন ‘দস্যু’ নাম নিয়ে। তাঁর সম্পর্কে অবশ্য খুব বেশি কিছু জানা যায় না। গেলে বোঝা যেত, মাঠেও দস্যুগিরি তিনি করেছেন কি না। কিংবা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ না হয়ে তিনি ফুটবলার হতে গেলেন কোন শখে?
নাম দেখেই ভয় পাওয়ার মতো আরেকজন ফুটবলার আছেন। নাম ডেঞ্জার ফোরপেন্স! নামটা শুনলেই চোখে যেন ভাসে সেই দুটি হাড়ের ক্রস, মাঝখানে একটা খুলির ছবি! জিম্বাবুয়ের এই ফুটবলার যে দলে খেলতেন (সিএপিএস ইউনাইটেড), সেই দলে অবশ্য বিচিত্র সব নামের ফুটবলারদের কমতি ছিল না। বেশ চালাক চালাক ভাবের—ক্লেভার মাজুভা; একটা কোম্পানি কোম্পানি ভাবের—লিমিটেড চিকাফা; কমেডিয়ান টাইপের—লাফটার চিলেম্বে; খাদক টাইপের—গিভমোর ম্যানুয়েলা; শুনলেই জন্মদিনের কথা মনে পড়ে এমন নামের—গিফট মাকোলোনিও!

লম্বা-চওড়া নাম আছে জিম্বাবুয়ের এক ফুটবলারের। পুরো নামটা সত্যিই অদ্ভুত—হ্যাভ-আ-লুক ডিউব! জিম্বাবুয়ের প্রিমিয়ার লিগের দল এনজুবে সানডাউন্সের তারকাও ছিলেন।
৩৪ বছর বয়সেও ব্রাজিলের অখ্যাত সব দলে খেলে যাওয়া এক স্ট্রাইকারের নাম ক্রিডেন্স ক্লিয়ারওয়াটার কৌটো! ঘোলা পানির বদলে ‘ক্লিয়ারওয়াটার’ বা স্বচ্ছ পানিতে মাছ শিকার করে সেই মাছ কৌটোতে রাখতেন—এমনটা ভাবা কিন্তু বোকামি হবে। আসলে তাঁর মা-বাবা ছিলেন মার্কিন রকব্যান্ড ক্রিডেন্স ক্লিয়ারওয়াটার রিভাইভালের খুব ভক্ত। এ কারণেই সন্তানের এমন নাম। অবশ্য বাকি সব ব্রাজিলিয়ানের মতোই লম্বা নামের আড়ালে একটা ছোট্ট ডাকনামও আছে তাঁর—পলিস্তা।
নিজের দেড় বিঘত সাইজের নামটা যে সবার দৃষ্টি কাড়ে, সেটা বেশ বুঝতে পারেন পলিস্তা। এ কারণে একবার নিজের নাম সম্পর্কে বলেছিলেন, ‘সবাই ভাবে এটা (ক্রিডেন্স ক্লিয়ারওয়াটার) হয়তো বন্ধুদের দেওয়া নাম। আসলে তা কিন্তু নয়। এটা আমার আসল নাম, আমার জন্ম নিবন্ধনের সার্টিফিকেটেও এই নাম আছে।’
বর্তমান ব্রাজিল জাতীয় দলের এক তারকার নামটিও একটু অদ্ভুত। পুরো নাম জিভানিলদো ভিয়েরা ডি সুজা। এই নামে অবশ্য তাঁর ভক্তরা তাঁকে চেনেন না। চেনেন হাল্ক নামে। মার্ভেল কমিকসের বিখ্যাত সেই চরিত্রের সঙ্গে তাঁর চেহারার মিলও আছে। তবে এই মিলের কারণে নয়। তখনো তো বোঝা যায়নি বড় হয়ে কেমন দেখতে হবে। আসলে তাঁর বাবা সন্তানের নাম হাল্ক রেখেছিলেন, কারণ তিনি ছিলেন টিভি সিরিজ ‘দ্য ইনক্রিডিবল হাল্ক’-এর বড় ভক্ত। সেই নামের প্রভাবেই কিনা, হাল্ক দেখতে হাল্কের মতোই হয়ে গেলেন!
১৯৯৭-৯৮ মৌসুমে জার্মান ক্লাব হ্যানোভারের হয়ে খেলা এক স্ট্রাইকারের নাম ছিল ক্রাইস্ট বঙ্গ। না, বঙ্গ বা বাংলার সঙ্গে কোনো সম্পর্কই তাঁর ছিল না। বঙ্গর বদলে তাঁর সম্পর্ক ছিল কঙ্গোর সঙ্গে। কঙ্গো জাতীয় দলের হয়ে গোটা চারেক ম্যাচও খেলেছেন। মা-বাবা যিশু খ্রিষ্টকে ভালোবেসেই হয়তো সন্তানের নাম রেখেছিলেন ক্রাইস্ট।
‘শান্ত’ নাম দিলেই যে ছেলেটা বড় হয়ে শান্তশিষ্ট হবে, এমন কোনো মানে নেই। এ কারণেই জানা যাচ্ছে না, মার্শেইয়ের এই ডিফেন্ডার আসলে কতটা মজার লোক। কারণ, তাঁর পুরো নাম যে রড ফানি!
নামের মর্যাদা রাখতে পারেননি ড্যানি ইনভিনসিবল। ইতালিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার দেশটির অনূর্ধ্ব-২০ দলেও খেলেছেন একসময়। কিন্তু ইনভিনসিবল, মানে ঠিক ‘অজেয়’ হয়ে ওঠা হয়নি। বর্তমানে থাইল্যান্ডের আর্মি ইউনাইটেডে খেলা এই ৩৪ বছর বয়সী যে গোলের দেখা পান কালেভদ্রে!
নামের গুডউইল বা সুনাম একদমই ধরে রাখতে পারেননি ডেভিড গুডউইলিও। ব্ল্যাকবার্ন রোভার্স থেকে বর্তমানে ধারে ডান্ডি ইউনাইটেডের হয়ে খেলা এই স্কটিশ স্ট্রাইকার নৈশক্লাবে গিয়ে বেশ কবার মারপিটও করেছেন। থানা হাজতেও ঢুঁ মারার অভিজ্ঞতা তাই তাঁর আছে।
সাধে কী আর শেক্সপিয়ার বলেছেন, ‘হোয়াটস ইন এ নেম!’