অন্ধ বাদকের চোখে সুর জাগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাল্টার রাজধানী ভ্যালেটার কনসার্টে ‘আল নুর ওয়াল আমাল’-এর অন্ধ নারী বাদক দলের পরিবেশনা। ছবি: ফার্নান্দো মোলেরেস
মাল্টার রাজধানী ভ্যালেটার কনসার্টে ‘আল নুর ওয়াল আমাল’-এর অন্ধ নারী বাদক দলের পরিবেশনা। ছবি: ফার্নান্দো মোলেরেস

দৃষ্টি থাকলেই কি সবাই দেখতে পারে? হয়তো পারে না! পারলে কি সমাজ-সংসারের এত বঞ্চনা সইতে হতো দুনিয়াজোড়া মানুষকে! তবু মানুষই শেষ পর্যন্ত মানবতার ভাষা ফুটিয়ে তোলার চেষ্টা করে যায়, মানুষকে জাগানোর চেষ্টা করে যায়।
মানবতার সেই ভাষা অন্ধ বাদকের চোখেও সুরের আলো জাগাতে পারে, মানুষের মনে আশার আলো ছড়াতে পারে। কায়রোর অন্ধ নারীদের বাদন দল ‘আল নুর ওয়াল আমাল’ বা ‘আশার আলো’ মানবতার সেই সুর জাগানোরই কাহিনি। হাফিংটন পোস্ট এক প্রতিবেদনে সে কথা জানিয়েছে।

কায়রোর পথে শাইমা এহিয়া। সংগীতের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও বহুদূর এগিয়েছেন শাইমা। ইংরেজিতে স্নাতক ডিগ্রিধারী শাইমা এ বিষয়ে শিক্ষকতা করেই জীবিকা নির্বাহ করেন। ছবি: ফার্নান্দো মোলেরেস
কায়রোর পথে শাইমা এহিয়া। সংগীতের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও বহুদূর এগিয়েছেন শাইমা। ইংরেজিতে স্নাতক ডিগ্রিধারী শাইমা এ বিষয়ে শিক্ষকতা করেই জীবিকা নির্বাহ করেন। ছবি: ফার্নান্দো মোলেরেস

একেই জন্মান্ধ, তার ওপর গরিব ঘরের মেয়ে। লেখাপড়ার সুযোগ ছিল না ওর। শহরতলির একটা বস্তি থেকে সাত বছর বয়সে শাইমা এহিয়া নামের ওই মেয়েটিকে নিয়ে এসেছিলেন ওরা। অন্ধদের জন্য বিশেষায়িত শিক্ষাপদ্ধতি ব্রেইলে অক্ষর চিনিয়েছেন, পড়তে শিখিয়েছেন। তারপর শুরু হয়েছে সুর ও সংগীতের তালিম। শাইমার বয়স এখন ২৮। কায়রোর বস্তি থেকে আসা এই মেয়ে ও তাঁর সঙ্গীসাথিরা এখন প্রাচ্য-প্রতীচ্যের সেরা সংগীতজ্ঞদের সুরের মূর্ছনায় ঝড় তুলছেন ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়ায়।

ভ্যালেটার কনসার্টের বিরতিতে ‘আল নুর ওয়াল আমাল’-এর অন্ধ নারী বাদকেরা। ছবি: ফার্নান্দো মোলেরেস
ভ্যালেটার কনসার্টের বিরতিতে ‘আল নুর ওয়াল আমাল’-এর অন্ধ নারী বাদকেরা। ছবি: ফার্নান্দো মোলেরেস

সাত বছর বয়সে ‘আল নুর ওয়াল আমাল’ অর্কেস্ট্রায় আসার পর থেকেই নতুন জীবন শুরু হয় শাইমার। সকালে চলতে থাকে ব্রেইলে লেখাপড়া আর জীবিকার উপযোগী নানা কারিগরি প্রশিক্ষণ। বিকালে সংগীতের মৌলিক বিষয়াবলির তালিম। পরের বছর আট বছর বয়সে নিজের বাদ্যযন্ত্র পছন্দ শাইমার। ভায়োলিনের সুরই টেনেছিল শাইমাকে। প্রতিদিন পাঁচ ঘণ্টা করে ভায়োলিনের তালিম নিতে নিতেই এক বছরের মধ্যেই অর্কেস্ট্রার শিশু-দলে বাজানোর সুযোগ পেয়ে যান তিনি। ১২ বছর বয়সে বড়দের দলে সুযোগ হয় তুখোড় ভায়োলিন বাদক শাইমার। সংগীতের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও বহুদূর এগিয়েছেন শাইমা। ইংরেজিতে স্নাতক ডিগ্রিধারী শাইমা এ বিষয়ে শিক্ষকতা করেই জীবিকা নির্বাহ করেন।

সুরের মূর্ছনায় ঝড় তুলছেন ‘আল নুর ওয়াল আমাল’-এর অন্ধ নারী বাদকেরা। ছবি: ফার্নান্দো মোলেরেস
সুরের মূর্ছনায় ঝড় তুলছেন ‘আল নুর ওয়াল আমাল’-এর অন্ধ নারী বাদকেরা। ছবি: ফার্নান্দো মোলেরেস

৪০ সদস্যের ‘আল নুর ওয়াল আমাল’ অর্কেস্ট্রার বেশির ভাগ নারীর জীবনের গল্পই এমন। অন্ধ বলে প্রথাগতভাবে সংগীতের তালিম হয়নি তাঁদের। স্বরলিপি দেখে দেখে বাজানোর সুযোগ নেই বলে সবই মনে রাখতে হয়, মুখস্থ করতে হয় এই বাদন দলের সদস্যদের। তারযন্ত্র ও বায়ুযন্ত্র দুটোতেই তুখোড় প্রশিক্ষণ আছে এই দলের অন্ধ নারীদের। বাজানোর তালিকায় আছেন, মিসরের বিখ্যাত সংগীতজ্ঞ আহমেদ আবুলেইদ থেকে শুরু করে ইউরোপীয় ধ্রুপদি সংগীতের গুরু মোজার্ট, ব্রাহমস, স্ত্রাউস ও চাইকোভস্কিসহ অন্যদের সংগীতও।

মাল্টার রাজধানী ভ্যালেটার কনসার্টে ‘আল নুর ওয়াল আমাল’-এর অন্ধ নারী বাদক দলের পরিবেশনা। ছবি: ফার্নান্দো মোলেরেস
মাল্টার রাজধানী ভ্যালেটার কনসার্টে ‘আল নুর ওয়াল আমাল’-এর অন্ধ নারী বাদক দলের পরিবেশনা। ছবি: ফার্নান্দো মোলেরেস

দাতব্যপ্রতিষ্ঠান ‘আল নুর ওয়াল আমাল’ যাত্রা শুরু করেছিল ১৯৫৪ সালে। ছয় দশক ধরে অন্ধ নারীদের সংগীতের তালিম দেওয়া আর তাঁদের নিয়ে দেশে-বিদেশে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে এ বাদন দলটি। ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশসহ অস্ট্রেলিয়ার বিখ্যাত সব মঞ্চেও বাজিয়েছেন এই দলের বাদকেরা। শরীরী চোখে আলো না থাকলেও মনের চোখের আলোতেই সুর জাগিয়ে চলেছেন এই অন্ধ নারী বাদকেরা।