অন্ধকার থেকে আলোয় আসতে শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষকে জ্ঞানার্জন করতে হবে। সঠিকভাবে জ্ঞানার্জন করতে পারলে দেশ, জাতি ও সমাজকে আলোকিত করা যাবে। পাশাপাশি নারীদেরও শিক্ষিত হতে হবে। ব্যারিস্টার ফারিনের মতো নারীরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। তাই সমাজে জ্ঞানের আলো পৌঁছে দিতে সকলকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ৫ জুলাই মঙ্গলবার ব্যারিস্টার ফারজানা ফারিনের গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ফারজানা ফারিন লন্ডনের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার-এট-ল ডিগ্রি অর্জন করায় পটিয়াবাসীর পক্ষ থেকে খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিসেস হাসিনা ইকবালের সভাপতিত্বে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। সংবর্ধিত অতিথি ব্যারিস্টার ফারজানা ফারিন ছাড়াও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা রফিকুল আলম চৌধুরী, কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আবদুল হাকিম, গণসংবর্ধনা কমিটির সভাপতি এম ইদ্রিচ চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। ব্যারিস্টার ফারজানা ফারিন বলেন, ‘শুধু লেখাপড়া করেই শিক্ষিত হওয়া যায় না। কাজেই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আইন একটি পবিত্র পেশা। আমি আমার মেধা দিয়ে এ এলাকা তথা পটিয়ার মানুষের সেবা করতে চাই। আমি ব্যারিস্টার হয়ে এলাকার অভূতপূর্ব ভালোবাসা পেয়েছি। আমি পটিয়ার নিপীড়িত অধিকার বঞ্চিত মানুষদের বিনা মূল্যে আইনি সহায়তা দিয়ে এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।’ বিজ্ঞপ্তি।