অন্ধজনের ভাস্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিফোনে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। আলাপের শেষ প্রান্তে এসে তাঁর অনুরোধ, ‘আপনার ই-মেইল ঠিকানা মেসেজ করে পাঠান, আমার কিছু তথ্য পাঠিয়ে দেব।’ সেকেন্ডের জন্য খটকা লাগে। সেটা বুঝে ফেলেন ওপাশের মানুষটা। সঙ্গে সঙ্গে যোগ করতে ভুললেন না: ‘আমার মোবাইলে সফটওয়্যার আছে, মেসেজ পড়ে শোনাবে।’ফোনের ওপাশের যে ব্যক্তি কথা বললেন, তিনি ভাস্কর ভট্টাচার্য। দৃষ্টিপ্রতিবন্ধী। আগেও দেখা হয়েছে কয়েকবার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) বিভিন্ন আয়োজনে, নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়ে যান স্টল নিয়ে। নিজে তো আইসিটি ব্যবহারে সিদ্ধহস্ত, আবার আইসিটির প্রসারেও বেশ বড় বড় কাজ করে যাচ্ছেন।ভাস্কর কাজ করেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) নামের চট্টগ্রামভিত্তিক একটি বেসরকারি সংস্থায়। পদের নাম কর্মসূচি ব্যবস্থাপক। কাজ? প্রতিষ্ঠানটির কম্পিউটার নিয়ে যা কিছু, তার পুরোটাই সামলান তিনি। তথ্যপ্রযুক্তির সুবিধা যাতে প্রতিবন্ধীরাও সমানভাবে পায়, সে জন্য জেনেভাভিত্তিক সংস্থা ডিজিটাল অ্যাকসেসেবল ইনফরমেশন সিস্টেম—ডেইজি। ১২টি দেশ এর পূর্ণ সদস্য। বাংলাদেশ এর সহযোগী সদস্য। এই ডেইজি বিভিন্ন মান ঠিক করে দেয়, যাতে সফটওয়্যার, ওয়েবসাইটসহ প্রযুক্তির সবকিছু যেকোনো ধরনের প্রতিবন্ধীদের বোধগম্য হয়। বাংলাদেশে ডেইজির ফোকাল পয়েন্ট ইপসা, আর ফোকাল পারসন হলেন ভাস্কর ভট্টাচার্য। ‘ডেইজি শুরুতে ছিল শুধু প্রতিবন্ধীদের জন্য। কিন্তু যারা নিরক্ষর, তারাও তো বই পড়া থেকে বঞ্চিত। ডেইজির মানে তৈরি কোনো লেখা যদি সে অডিও আকারে শুনতে পারে, তবে সেও তো তথ্য জানতে পারবে।’ এ চিন্তা থেকেই বাংলাদেশের উদ্যোগে শুরু হয় ডেইজি ফর অল কার্যক্রম। সেটি পায় জাতীয় ই-কনটেন্ট এবং ভারতের মন্থন পুরস্কার।চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় ইপসার প্রধান কার্যালয়। চারতলায় ভাস্করের ঘর। দুটি ল্যাপটপ নিয়ে কাজ করছেন তিনি। ল্যাপটপের বোতাম চাপছেন আর যন্ত্র তার মানে শুনিয়ে দিচ্ছে। শুনে শুনে কাজ করে যাচ্ছেন ভাস্কর, খুব দ্রুত। পাশের ঘরে চলছে প্রশিক্ষণ। কম্পিউটারের প্রশিক্ষণ নিচ্ছেন যাঁরা, তাঁরা সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁদের প্রশিক্ষণ দেন ভাস্কর। নিজাম নামের একজনকে পাওয়া গেল, যিনি দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী। তাঁকেও ব্রেইল শেখাচ্ছেন ভাস্কর। ইপসার যে বিভাগটার নেতৃত্ব দেন ভাস্কর, সেই আইসিটি অ্যান্ড রিসার্চ অন ডিজঅ্যাবিলিটির একটা কাজ এই প্রশিক্ষণ। ভাস্কর জানালেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে তাঁদের চারটা টেলিসেন্টার ও একটা মাল্টিমিডিয়া সেন্টার আছে। ভাস্কর তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি প্রতিনিয়ত স্বাবলম্বী করে তুলছেন অনেক প্রতিবন্ধীকে। এ পদ্ধতির নাম ইনডিপেনডেন্ট লিভিং। যুক্তরাজ্য, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন ইত্যাদি দেশ সফর করা ভাস্করের পথ চলাটা শুরুতে ততটা মসৃণ ছিল না। ১৯৭৯ সালের ১ জুলাই পটিয়ার শ্রীতোষ ভট্টাচার্য ও রূপালী ভট্টাচার্যের ঘরে জন্ম ভাস্করের। বছর দেড়-দুই বয়সে বোঝা যেতে থাকে ভাস্কর দৃষ্টিশক্তির সমস্যা নিয়েই এসেছেন পৃথিবীতে। ‘কেউ কোনো আশা দেন নাই। হতাশার কথাই শুনতে হয়েছে মা-বাবাকে।’ চিকিৎসাবিজ্ঞানের ভাষায় আরপি—রেটিনাল পিগমেন্টেশনের কারণে ভাস্করের এই অন্ধত্ব। চার-পাঁচ বছর বয়সে স্থানীয় বিপুলা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় ভাস্করকে। শিক্ষকদের আন্তরিকতার অভাব ছিল না কিন্তু পদ্ধতির কারণেই প্রচলিত পড়ালেখা অসম্ভব হয়ে ওঠে।আবার মায়ের চোখে জল প্রতিদিন। ভাস্করের লেখাপড়া বন্ধ। খবর পাওয়া গেল চট্টগ্রাম শহরে আছে ‘সরকারি অন্ধ বিদ্যালয়’। ভাস্করকে নিয়ে যাওয়া হলো সেখানে। ‘সামাদ স্যার আমার দায়িত্ব নিলেন। আজ আমি ও আরও অনেক দৃষ্টিপ্রতিবন্ধী, যারা শিক্ষার আলো পেয়েছি, তা সামাদ স্যারের অবদান।’পরের গল্প আবার সরল। ’৯৫ ও ’৯৭ সালে নাসিরাবাদ বয়েজ স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন ভাস্কর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হলেন। স্নাতক সম্পন্ন হলো। বাঁক খেল ভাস্করের জীবন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিবন্ধীদের জন্য ‘ডাসকিন লিডারশিপ ট্রেনিং’-এর জন্য আবেদন করলেন তিনি। টিকে গেলেন। চলে গেলেন জাপানে এক বছরের প্রশিক্ষণ নিতে। ‘জাপানে গিয়ে প্রথম কম্পিউটার ব্যবহার করলাম।’ কথা বলা সফটওয়্যারের কারণে ভাস্করের জন্য কম্পিউটার শেখা হলো সহজ। একে একে ওয়েবসাইট ডিজাইন (কোড লিখেলিখে), কিছুটা প্রোগ্রামিং আর ডেইজি পুরোপুরি শিখলেন। ব্রেইল কম্পিউটার প্রিন্টারের বিস্তারিত শিখে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেশে ফিরলেন। রোটার‌্যাক্ট ক্লাব করতেন তিনি। উৎস নামের একটি সংগঠনের সঙ্গে চট্টগ্রাম কম্পিউটারাইজড ব্রেইল প্রোডাকশন সেন্টার চালু করলেন। স্নাতকোত্তর শেষ করে তখনো তিনি বেকার। এ রকম সময়ই ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের চোখে পড়েন ভাস্কর। ‘আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতাম। ভাস্করের কাজ ও চিন্তাভাবনা ভালো লাগল। তাঁকে বললাম, যোগ দিন। ভাস্করের কাজ শুরু হলো ২০০৪ সালে। আজ ভাস্কর ইপসার সিনিয়র ম্যানেজমেন্টের একজন।’ বললেন আরিফুর রহমান। সহকর্মী শ্যামশ্রী দাশকে ভাস্কর বিয়ে করেন ২০০৬ সালে। তাঁদের ঘরে আছে সাড়ে তিন বছরের কন্যা শৈবলীনি ভট্টাচার্য। অনেক স্বাভাবিক মানুষের চেয়েও ভালোভাবে কাজ করতে পারেন ভাস্কর। দেশ-বিদেশ ঘুরছেন একা একাই। তাই বিয়ে করতে দুবার ভাবেননি শ্যামশ্রী। বললেন, ‘ভাস্কর মানুষ হিসেবে অনেক ভালো। ওর দৃষ্টিভঙ্গিটা অনেক সোজাসাপ্টা।’তথ্যপ্রযুক্তি ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জ্ঞান অর্জন সম্ভব না—এ বিশ্বাস ভাস্করের।তাই তো ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি বই, প্রতিটি ওয়েবসাইটকে প্রতিবন্ধীদের জন্য বোধগম্য বা পাঠযোগ্য করে তোলার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। অন্ধজনের কাছে তিনি তো ভাস্করের মতোই উজ্জ্বল আর আলোকিত।