এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।অন্নপূর্ণা-৪ পর্বতের ক্যাম্প টুতে পৌঁছে বিকেলবেলা ঠান্ডা থেকে রক্ষা পেতে তাঁবুর ভেতর সেঁধিয়ে গেলাম সবাই। উদ্দেশ্য বিশ্রাম নেওয়া। শরীর এতই পরিশ্রান্ত যে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে। কিন্তু এখন ঘুমালে এই উচ্চতায় সারা রাত আর ঘুম হবে না। এ কারণে চোখের পাতা এক হতে দিচ্ছি না। এ সময় চিন্তাজুড়ে এল ‘এভারেস্ট’। অন্নপূর্ণা-৪ পর্বতাভিযান সফল হলে আরেকবার হিমালয়ে অভিযানে আসব। এর পরই এভারেস্ট অভিযান। পুরোটাই স্বপ্নের মতো মনে হচ্ছে তখন। পর্বতাভিযানে নামার আগেই দেশে প্রস্তুতি ও স্পন্সর জোগাড়ে যে পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়, তাতে এ দুটি অভিযান আয়োজন করা যাবে তো? এ প্রশ্ন নিজেকেই করছিলাম। জানি আবারও অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে যেতে হবে। তাঁরা হয়তো ফের তাচ্ছিল্যভরা সুরে কথা বলবেন। কিন্তু এভারেস্ট অভিযান পর্যন্ত মানুষের উপেক্ষা না হয় একটু সহ্য করে এটা সফল করে তুলতে হবে—এ প্রতিজ্ঞা আরও দৃঢ় হলো।সন্ধ্যা পর্যন্ত ক্রমাগত পানি আর চা-পান করে চলেছি। কারণ, এ মুহূর্তে সবাই ২১ হাজার ৮১৭ ফুট উচ্চতায় রয়েছি। এখানে অক্সিজেনের পরিমাণ সমতলের তুলনায় অর্ধেক। তবে এখন পর্যন্ত কারও মধ্যে ‘মাউন্টেন সিকনেস’-এর কোনো লক্ষণ দেখা না দিলেও ঠিকমতো বিশ্রাম না নিলে, ঠান্ডা থেকে নিজেকে না বাঁচালে এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার না খেলে এ উচ্চতায় অসুস্থতা উদ্রেক হওয়া সময়ের ব্যাপার। ফলে তাঁবুতে ঢোকার মুখে ছোট্ট গ্যাস স্টোভ বিকেলের পর আর বন্ধ হয়নি। স্টোভের ওপর একটি পাত্রে বরফ থেকে পানি তৈরির প্রক্রিয়া চলছেই।এরই মধ্যে একবার সোম বাহাদুরের তাঁবুতে গিয়ে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের আরোহী দলের সদস্য সারিন প্রকাশ প্রধান, তাওহীদ হোসেন ও আমি গিয়ে হাজির হলাম। আগামী দিনের পরিকল্পনা চূড়ান্ত করতে হবে। এর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ক্যাম্প টুতে পৌঁছে এক রাত কাটিয়ে ফের ক্যাম্প ওয়ানে নেমে যাব সবাই। উদ্দেশ্য, উচ্চতার সঙ্গে শরীরকে খাপ খাইয়ে নেওয়া। সেখানে বিশ্রাম নিয়ে ফের ক্যাম্প টুতে সবাই আসব। কিন্তু সোম বাহাদুর সবার শারীরিক সুস্থতার খোঁজ নিয়ে জানালেন ভিন্ন কথা। তাঁর পর্যবেক্ষণ হচ্ছে অন্নপূর্ণা পর্বতমালার পুরোটাই এই জুন মাসটা অ্যাভেলান্সপ্রবণ হয়ে আছে। কারণ, দিনের বেলা তীব্র সূর্যের আলোর ভেতর হঠাৎ হোয়াইট আউটে তাপমাত্রার তারতম্য হওয়া। আর আমরা ১২ জুন অনেকটা সময় হোয়াইট আউটের মধ্য দিয়েই বরফের দেয়ালে আরোহণ করে ক্যাম্প টুতে পৌঁছেছি। কাজেই সবাই যদি শারীরিকভাবে সুস্থ থাকি, তাহলে আগামীকাল ক্যাম্প টুতেই বিশ্রাম নেওয়া হবে। এরপর এখান থেকে পরের রাতেই অন্নপূর্ণা-৪ পর্বতের চূড়া জয়ের উদ্দেশ্যে সামিট পুশ করা হবে। আর মাউন্টেন সিকনেস দেখা দিলে অবশ্যই ক্যাম্প ওয়ানে নেমে যেতে হবে—এর বিকল্প কোনো উপায় নেই।নতুন পরিকল্পনা শুনে ঠিক বুঝতে পারছি না, কী করা উচিত। কারণ, দলনেতা হিসেবে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সোম বাহাদুরের দলের অভিজ্ঞতা আমার চেয়ে অনেকগুণ বেশি। কাজেই কী করা উচিত, এ সিদ্ধান্তে যাওয়ার আগে পর্বতারোহণের বাকি সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা শুরু হলো সবার সঙ্গে। ক্রমাগত চা-পানের ফাঁকে আলোচনায় প্রথম বিষয়টি ছিল—ক্রমাগত আরোহণ করার ধকল শরীর সইতে পারবে কি না? আর আজ রাতেই আসলে মাউন্টেন সিকনেসে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। কারণ, এ উচ্চতায় অক্সিজেনের পরিমাণ কম। সুতরাং ঘুমের মধ্যে মাথাব্যথা শুরু হতে পারে। আর তাহলে ওষুধ খেয়ে দেখতে হবে যে মাথাব্যথা সারে কি না। আগামীকাল দিনের বেলা ঠান্ডায় অসুস্থ হওয়ার সুযোগ আছে। এখন যদি কেউ কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাঁকে কাছের ক্যাম্পে রেখেই সামিট পুশ করার ব্যাপারে মত উঠল। সেটা যদি দলনেতাও হন, তখনো একই নিয়ম মানা হবে। তবে সবাই আত্মবিশ্বাসী ছিলাম। কারণ হলো, ক্যাম্প ওয়ান থেকে ক্যাম্প টু পর্যন্ত সবাই বেশ সাফল্যের সঙ্গেই আরোহণ করেছি। শুধুই মনে হচ্ছিল যে এত দূর পর্যন্ত একসঙ্গে এসেছি। তাই কাউকে রেখে চূড়া জয়ের উদ্দেশে যাওয়ায় মন থেকে সাড়া পাচ্ছিলাম না। কিন্তু পর্বতারোহণে ‘সেফটি ফার্স্ট’। এখন সুস্থ দেহে ফিরলে পরে আবার পর্বতাভিযানে আসা যাবে। কিন্তু একবারেই নিজেকে শেষ করে ফেললে আর তো ফেরার সুযোগ নেই।সিদ্ধান্ত দিলাম যে আগামীকাল ক্যাম্প টুতে থেকে সবার শারীরিক অবস্থা আগে পরীক্ষা করে দেখা হবে। এরপর সন্ধ্যায় মিটিংয়ে বসে সামিট পুশের ব্যাপারে সবাই মিলে আবার সিদ্ধান্ত নেব। সন্ধ্যা সাতটায় এ আলোচনার পর যে যার তাঁবুতে ফিরে গেলাম। কিন্তু এখানে সন্ধ্যা সাতটা অনেক রাত। কাজেই তাঁবুতে ফিরে প্রধান চিন্তা হলো রাতের খাবার খাওয়া। রাতের খাবার ছিল শুধু নুডলস, বিস্কুট আর চকলেট। এরপর সারিন, তাওহীদ আর আমি এক তাঁবুতে এবং সোম, কৈলাস আর গণেশ আরেক তাঁবুতে। আর স্লিপিং ব্যাগে প্রস্তুত হয়ে ঢুকে পড়তেই সবাই বেঘোরে ঘুম।কিন্তু প্রচণ্ড মাথাব্যথার কারণে রাত প্রায় সাড়ে ১২টায় ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসলাম। আমার নড়াচড়ায় সারিনেরও ঘুম ভেঙে গেছে। সে জিজ্ঞেস করল, কী হয়েছে? মাথাব্যথার কথা বলতেই সে আমার চোখ-মুখ ফুলে গেছে কি না, তা পরীক্ষা করল। জানাল যে যেহেতু চোখ-মুখ ফুলে যায়নি, কাজেই এই মাথাব্যথা অক্সিজেনস্বল্পতার কারণেই হচ্ছে। আর এক তাঁবুতে যেহেতু তিনজন ঘুমাচ্ছি, কাজেই অক্সিজেনের পরিমাণ খুব সহজেই ক্রমাগত কমছে। পরামর্শ দিল একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নিতে। এ ধরনের অসুস্থতায় ডায়ামক্স (অ্যাসিটোজোলামাইট) ট্যাবলেট না খেলে তা ভালো হবে তো? কিন্তু এ মুহূর্তে ডায়ামক্স খেলে যে প্রচুর পরিমাণ পানি খেতে হবে, তা কীভাবে সম্ভব? পানি তৈরি করবে কে? এমন পরিস্থিতিতে একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে শরীরের সঙ্গে রাখা বোতল থেকে পানি খেয়ে ফের শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আর আসে না। এপাশ-ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি, তা আর মনে নেই। ভোর সাড়ে পাঁচটায় ফের ঘুম ভাঙল।[email protected]বাকি অংশ আগামী পর্বে