অন্নপূর্ণা ৪ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।রাতের আঁধারে—সূর্য ওঠার আগ পর্যন্ত—হেডল্যাম্পটাই ছিল পরম বন্ধু। আর সূর্যের আলো ফোটার পর তীক্ষ রিজ যখন সবার দৃষ্টিপটে উন্মুক্ত হলো, তখন—বিশেষত আমি—জুমার কখন ছেড়ে দিয়েছি—এমনটা খুব কমই মনে পড়ছে। আমরা পর্বতারোহণের সরঞ্জাম—হারনেস, ক্যারাবিনার, রোপ, আইসবুট ও ক্র্যাম্পন সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হলাম। যদিও শ্রান্তি ভর করছে, কিন্তু সবাই রোপ-আপ পজিশনে তটস্থ। এ মুহূর্তে প্রায় ৩০ ডিগ্রি একটা ওভাল আকৃতির রিজে সবাই স্থির হয়ে আছি।দুশ্চিন্তাকে বিদায় করতে চাইছি, কিন্তু তা যেন ক্রমেই শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। আমরা বর্ষা মৌসুমের চোখ রাঙানিকে এড়াতেই ক্রমাগত আরোহণ করে চলেছি। তবে আশপাশের পর্বতের দেয়ালে ক্রমাগত অ্যাভেলাঞ্চ হচ্ছে। বাতাসও কিছুটা বইতে শুরু করেছে। এর মধ্যেই সোম বাহাদুরের দলের হিসাবে আর যদি আড়াই-তিন ঘণ্টা আরোহণ করা যায়, তাহলে অন্নপূর্ণা-৪ পর্বতের চূড়ায় পৌঁছানো সম্ভব। কিন্তু উচ্চাভিলাষী চিন্তা এখানেই থমকে গেছে। এই ক্রেভাস পার হওয়া না গেলে এখানে থেকেই বিদায় নিতে হবে। তবে পর্বতারোহণের সরঞ্জামের ঘাটতি আর অনিশ্চয়তার আবহাওয়া— এর ভেতর দিয়ে সামনে এগোনো ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। তাই অন্তত নিজেদের মনোবলকে চাঙা রাখছি, এই পারদকে নামতে দিচ্ছি না।এ অবস্থায় সবাই আমার সিদ্ধান্তের অপেক্ষায়। সোম বাহাদুর অবশ্য বলে দিয়েছেন যে অভিযান বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ, আমাদের কাছে এমন কোনো সরঞ্জাম নেই, যা দিয়ে এই ক্রেভাস পার হওয়া যায়। গণেশ অবশ্য কোনো মন্তব্যই করলেন না। সুতরাং আমি মত দিলেই অভিযান শেষ করে সবাই ফিরতি পথ ধরব, নয়তো চেষ্টা করে দেখা হবে যে পার হওয়া যায় কি না। এমন সিদ্ধান্তের দোলাচল থেকে উদ্ধার করলেন কৈলাস। তাঁর দিকে হাহাকারসম দৃষ্টি নিয়ে তাকালেও নির্ভার হলাম সবাই। আমরা যেন নতুন জীবন ফিরে পেলাম। তিনি ঘোষণা দিলেন—এই ক্রেভাস আরেকটু নিচ থেকে যেখানে সরু হয়ে এসেছে, সেখান থেকে তিনি পার হয়ে ওপরে আরোহণের রুট তৈরি করবেন। মনে মনে তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল কয়েকগুণ। এ সময় মনে পড়ছিল ২০০৬ সালে সিকিম হিমালয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে ফ্রে পর্বত অভিযানের কথা। সে সময় হাই ক্যাম্প থেকে যে জায়গায় টেকনিক্যাল ক্লাইম্বিং শুরু হয়েছিল, তা ক্ষণে ক্ষণে থেমে যাচ্ছিল প্রায় দুই হাজার ফুট রোপ না থাকার কারণে। ফলে পর্বতের বরফ এবং পাথরের যেটুকু পথে রোপ ফিক্স করা হচ্ছিল, ঠিক ততটুকু আরোহণ করে সেই রোপ খুলে নিয়ে ফের সামনে ফিক্স করে রুট তৈরি করা হচ্ছিল। ফলে সময় লাগছিল অনেক। ভোর সাড়ে চারটায় ক্লাইম্বিং শুরু করে বেলা আড়াইটায় যখন সবাই গিয়ে ফ্রে পর্বতের চূড়ায় পৌঁছেছি, ততক্ষণে সবার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা হয়ে গেছে। কোনো সময় তীব্র বাতাস, তুষারঝড়, কোনো সময় তীক্ষ খাড়া ও ছুরির ফলার মতো বরফের দেয়াল আরোহণ করতে গিয়ে সেদিন বুঝেছিলাম পর্বতারোহণ কতটা বিপজ্জনক আর রোমহর্ষক। কিন্তু সেই আরোহণ নিজের প্রতি মনোবল বাড়িয়েছিল বহুগুণ। সেবার শিখেছিলাম পর্বতারোহণে চেষ্টার বিকল্প কিছু নেই।সেই ফ্রে পর্বতারোহণ আর অন্নপূর্ণা ৪ এখন সমান সমান হয়ে গেছে। এখানেও এখন চলছে ধৈর্যের পরীক্ষা। এতে উতরে গেলে সফল হব। নয়তো ফিরতে হবে খালি হাতে। কিন্তু নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ—এনএসিবির এই অভিযান যদি ব্যর্থ হয়, তাহলে ফের মাথা তুলে দাঁড়াতে সংগঠনটির বেশ বেগ পেতে হবে। কারণ সমালোচকেরা মুখিয়ে আছে এনএসিবির এভারেস্ট অভিযানের প্রচেষ্টা নস্যাৎ করতে। ফলে কৈলাস যে মুহূর্তে সহযোগিতার হাত বাড়ালেন, সবাই আজীবন ঋণী হয়ে থাকলাম এই অনুজ সহযোগীর প্রতি।এ সময় চকলেট আর বিস্কুট বের করে খাওয়া হলো। ফ্লাস্ক বের করে পানি খেয়ে নিলাম সবাই। এরপর সঙ্গে রাখা প্রায় ২০০ মিটার মেইন রোপ কেটে অর্ধেক করা হলো। এরপর সেটার অর্ধেক দিয়ে গাইডম্যান, মিডলম্যান আর এন্ডম্যান গিঁট তৈরি করে সবাই সেলফ অ্যারেস্ট পজিশনে স্থির হয়ে কৈলাসকে ‘সেফটি’ দিলাম। আর বাকি অর্ধেক রোপ কৈলাসকে দেওয়া হলো ক্রেভাসের ওপাশের বরফের দেয়ালে অ্যাংকর তৈরির জন্য। কৈলাসকে সেফটি দেওয়ার পর সে কিছুটা নেমে গেলেন যেখানে ক্রেভাস মোটামুটি দুই ফুট চওড়া।কৈলাসের সঙ্গে আইস হ্যামার, আইসএক্স, টিউবলার আইস পিটন, আইস বার এবং রোপ। এসব নিয়ে সে ক্রেভাসের দুপাশের বরফের দেয়ালে পা ঠেকিয়ে ওপাশে একটা ট্রাই-অ্যাঙ্গেল অ্যাংকর তৈরি করল এবং দেয়ালে কিছুটা রোপ ফিক্স করল। পুরো প্রক্রিয়া শেষে যখন ‘সেফটি’ নিশ্চিত হলো, সোম বাহাদুর ক্রেভাস পার হয়ে ওপাশে একটা নিরাপদ বেস তৈরি করলেন। এরপর সবাই একে একে পার হচ্ছিলাম। পার হওয়ার সময় সেই ক্রেভাসের নিচে যেই তাকালাম, মনে হলো যেন হূদস্পন্দন বন্ধ হয়ে যাবে। ঘড়িতে তখন সময় প্রায় আটটা।এর কিছু সময়ের মধ্যেই পর্বতের গায়ে সৃষ্ট মেঘ আমাদের ঢেকে ফেলল। ফলে সামনে কী রয়েছে, তা হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছিল। কিন্তু যুদ্ধে জয় করতেই হবে—এ জন্য সবাই আবার একাট্টা। ফলে হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড ঠান্ডা বাতাস পার হয়ে যাচ্ছি। তুষারপাত হচ্ছিল অবিরাম—সেটাকেও উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি রোপ-আপ পজিশনে। কোনো কোনো বরফের দেয়ালে আরোহণ করতে গিয়ে অনেকটা টিকটিকির মতো শরীরকে যেন দেয়ালের সঙ্গে আটকে রাখছি। এভাবে বেলা কখন যে প্রায় বারোটা বেজেছে, তা খেয়াল করিনি কেউই। নির্দিষ্ট করে বললে ঘড়িতে তখন বেলা ১১টা ৫৪ মিনিট। আমরা পৌঁছে গেলাম অন্নপূর্ণা ফোর পর্বতের চূড়ায়। এভারেস্ট অভিযানের লক্ষ্যে এনএসিবি গঠনের পর আমরা দ্বিতীয় ধাপে পৌঁছালাম। বাংলাদেশের লাল-সবুজ পতাকা অন্নপূর্ণা ফোর পর্বতের চূড়ায় উড়িয়ে সেই মুহূর্তটা উদ্যাপন করলাম। সবাই একে অপরকে আলিঙ্গন করছিলাম আর ধন্যবাদ জানাচ্ছিলাম সবাইকে।স্পন্সর নাভানা গ্রুপ, মাত্রা, ডেসটিনি, সামিট গ্রুপ, কোহিনূর কেমিকেলস, আরএম সিস্টেমস লিমিটেড, স্টার পয়েন্ট, চ্যানেল আই, ইনসাইটা ট্যুরিজম, মুক্তিনাথ হলিডেজ প্রা. লিমিটেড, প্রথম আলো আর ডেইলি স্টারের লোগো নিয়ে চূড়ায় ছবি তোলার পর শুরু হলো নেমে আসার পালা। মূলত, বাংলাদেশ হাইকমিশনে সে সময়ের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, এনএসিবির সভাপতি আনিসুল হক, সহসভাপতি মুনির হাসান ও ফখরুল আবেদিন মিলন, রাফেহ উদ্দিন সিরাজী ও কোমল অরিয়ালের একান্ত প্রচেষ্টায় এই অভিযান সফল হয়েছিল।[email protected]বাকি অংশ আগামী পর্বে