অন্নপূর্ণা ৪: ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্ন নিয়ে’ পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণলাংসিসা রি অভিযানের আগে তো আয়োজন করেছিলাম সাইকেল শোভাযাত্রার। কিন্তু অন্নপূর্ণা ফোর অভিযানের আগে এমন কিছুর কি আয়োজন করা যায়? এমন চিন্তায় দেশের ভেতর কেওক্রাডং অভিযানের আয়োজন করা হলো। যদিও বর্ষায় খুব বেশি সাড়া পাওয়া গেল না, কিন্তু নিজেদের মনোবল বাড়ল বহুগুণ। কেওক্রাডং অভিযান থেকে ফিরে সবাই ফের ঝাঁপিয়ে পড়লাম স্পন্সর খোঁজার কাজে। বহু প্রতিষ্ঠানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের বার্তাটুকু পৌঁছানো হলো যে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) এভারেস্ট অভিযানের আগে অন্নপূর্ণা ফোর পর্বতাভিযানে নামছে, এ জন্য স্পন্সর প্রয়োজন। বিশেষ করে দেশের মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর কথা সবাই বললেন। সে অনুযায়ী শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানে ঢুঁও মারা হলো। কিন্তু একটি প্রতিষ্ঠানে গিয়ে এমন পরিস্থিতির শিকার হলাম যে লজ্জায়-অপমানে তখনই এসব বাদ দেওয়ার ইচ্ছা হলো। সেই প্রতিষ্ঠানের একজন সিনিয়র মার্কেটিং ম্যানেজারের কাছে প্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশ এভারেস্টজয়ী দেশ হিসেবে নাম লেখাতে পারলে দেশ এবং করপোরেট প্রতিষ্ঠানগুলো কীভাবে লাভবান হতে পারে। সেই সময় তিনি ইচ্ছাকৃতভাবে প্রেজেন্টেশনকক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। তার পর থেকে মুঠোফোন প্রতিষ্ঠানে যাওয়া বাদ দিলাম। সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলাম যে এভাবে পর্বতারোহণ আর নয়। কিন্তু নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) সবাই আমাকে বোঝাতে লাগলেন, এসব তুচ্ছ ঘটনা, অন্তত এভারেস্ট অভিযানের কাছে। আমরা হয়তো সঠিক ব্যক্তিটার কাছে পৌঁছাতে পারিনি। সুতরাং ভেঙে পড়ার কোনো অর্থ নেই।এমন সময়—২০০৯ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে এলেন বাইসাইকেলে বিশ্ব পরিব্রাজক স্প্যানিশ নাগরিক আলভেরো নেইল। তিনি ২০০৪ সালে তাঁর পরিভ্রমণ শুরু করেছেন এবং ২০১৪ সালে বিশ্বের সব দেশ ঘোরা শেষে তিনি দেশে ফিরবেন। তাঁর লক্ষ্য বিশ্বের সুযোগবঞ্চিত শিশু ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। তাদের মুখে হাসি ফোটানো। এ জন্য তিনি তাঁর অভিযানের নাম দিয়েছেন ‘মাইলস অব স্মাইল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড’। তাঁর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সময় তিনি বলছিলেন, ‘মুসা, আমি যখন আমার শহর থেকে সাইকেলে যাত্রা শুরু করি, তখন কেউই আমার পাশে ছিল না। আমি নিজেই নিজের স্পন্সর ছিলাম। আমার মন বলছিল, একে সম্বল করেই বের হয়ে পড়তে হবে। কিন্তু আমি জানি, ১০ বছর পর যখন আমি দেশে ফিরব, তখন সবাই আমাকে নিয়ে হুমড়ি খেয়ে পড়বে। তোমার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটছে। তুমিও এভারেস্ট জয় করে ফিরলে তোমাকে নিয়ে সবাই উচ্ছ্বাসে ভেঙে পড়বে।’তাঁদের সবার উৎসাহে রক্তে ফের আগুন ঝরে। এভারেস্ট অভিযানের কথা মনে হলেই সবকিছু অর্থহীন মনে হয়। এসব ঘটনাকে পার হয়ে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করি। মনকে সাহস জোগাতে থাকি, শরীরকে প্রস্তুত হতে বলি এভারেস্ট অভিযানে শামিল হওয়ার জন্য, চূড়ান্ত পর্যায়ে সর্বময় সফল হওয়ার জন্য। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে থাকি এই চ্যালেঞ্জে আরও অনেককে সহযাত্রী, বন্ধু হিসেবে পাওয়ার জন্য।এনএসিবিকে সবার কাছে পরিচিত করে তুলতে এ সময়ে একের পর এক চেষ্টা করে চলেছি সবাই। সেই চেষ্টার অংশ হিসেবে বিজ্ঞাপনী সংস্থা মাত্রার সহযোগিতায় মার্চ মাসের শেষ দিকে আয়োজন করা হলো কক্সবাজার সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা অভিযান। উদ্দেশ্য ছিল সংগঠনের কাজের ব্যাপ্তি বাড়ানো এবং একে স্পন্সর প্রতিষ্ঠানের নজরে নিয়ে আসা।এপ্রিল মাসের একদিন ধ্রুব জ্যোতি ঘোষ মুকুল ঢাকায় এলেন অন্নপূর্ণা ফোর পর্বতারোহণের জন্য সরকারি সহযোগিতা পাওয়া যায় কি না, সে ব্যাপারে চেষ্টা করে দেখতে। এ সময় অন্নপূর্ণা ফোর অভিযানের জন্য হাতে সময় ছিল মাত্র দেড় মাস। সরকারদলীয় একজন ঊর্ধ্বতন ব্যক্তি এই সময়কে অভিযানের অর্থ জোগাড়ের জন্য খুবই কম অভিহিত করে চেষ্টা করবেন বলে জানালেন।আসলে বাংলাদেশে বসে এভারেস্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ও রসদ সংগ্রহই একটা এভারেস্ট জয়ের সমান। কারণ, এ দেশের করপোরেট সমাজ এখনো এ ব্যাপারে ততোধিক সংকীর্ণ, যতখানি সম্মান ও মর্যাদা একেকটা পর্বত জয়ের সঙ্গে জড়িয়ে থাকে। করপোরেট সংস্কৃতিতে মজার মজার বাগাড়ম্বর থাকলেও দিন শেষে সবাই নিজের ভাগের লাভটুকু দেখতে চায় এই বলে যে, এখানে বিনিয়োগে তাদের লাভ কত? লোকসান হবে না তো? যেহেতু পর্বতারোহণের মাধ্যমে তাৎক্ষণিক এবং বাস্তব-বাজারে মুনাফা দেখানো অনেকটাই কঠিন, সুতরাং করপোরেট সংস্কৃতিতে পর্বতারোহণকে পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানানোটাও কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর মতো কাজ। দেশের সম্মানের ব্যাপারটা তাদের কাছে পরাজাগতিক কোনো বিষয়, পাবলিকের পকেট ভেঙে নগদ নারায়ণ অর্জনটাই যেন মুখ্য। তবে ২০১০ সালের মধ্যেই যে আমরা এভারেস্টে অভিযান পরিচালনা করার জন্য নেমে পড়ছি, তাতে কোনো সন্দেহ নেই। থাকুক না করপোরেট সমাজ মুখ ফিরিয়ে।তার পরও অনেকের, বিশেষ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সহযোগিতায় ‘পুশ সেল’-এর মতো নাভানা লিমিটেড, কোহিনূর কেমিক্যালস এবং সামিট গ্রুপকে রাজি করিয়ে কিছু অর্থ জোগাড় হলো। এ ছাড়া সংগঠনের সবার চেষ্টায় ডেসটিনি গ্রুপের কাছ থেকে অন্নপূর্ণায় পর্বতারোহী ও ট্রেকিং দলের জন্য ঢাকা-কাঠমান্ডু প্লেনের টিকিট পাওয়া গেল। কম্পিউটার সরঞ্জাম বিপণন প্রতিষ্ঠান আরএম সিস্টেমস লিমিটেডও সামান্য অর্থ দিয়ে সহায়তা করল। সবশেষে বিজ্ঞাপনী সংস্থা মাত্রাকে রাজি করিয়ে এইডস ও মাদক ক্যাম্পেইন করার জন্য আরও অর্থ সংগ্রহ করা হলো। আর এনএসিবির সহসভাপতি ফখরুল আবেদিন মিলন এবং উপদেষ্টা এনাম তালুকদার কিছু ডলার দিয়ে সহায়তা করলেন। সব একত্রে করেও চারজন সদস্যের অন্নপূর্ণা ফোর পর্বতাভিযান আয়োজন করা বেশ কঠিন হয়ে পড়ল।২০০৯ সালের মে মাস। কাঠমান্ডু থেকে সারিন প্রকাশ প্রধান আর সোম বাহাদুরের ক্রমাগত ফোন, ই-মেইল ইত্যাদি আসছে। বিষয় হলো, আমাদের অন্নপূর্ণা ফোর অভিযান আয়োজন সুষ্ঠুভাবে করার জন্য তাঁরা ইতিমধ্যেই উচ্চমানের হাই-অলটিচ্যুড তাঁবুসহ বেশ কিছু সরঞ্জাম জোগাড় করে রেখেছেন। আমরা গেলে সেসবের মূল্য পরিশোধ করতে পারব। এ ছাড়া শেরপা হিসেবে সোম বাহাদুর, গণেশ মাগার, কৈলাস তামাংও প্রস্তুত।[email protected]বাকি অংশ আগামী পর্বে