অন্নপূর্ণায় সূর্যোদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর হতে তখনো বেশ কিছুটা সময় বাকি। আকাশে পূর্ণিমার চাঁদটি ধীরে ধীরে ফিকে হয়ে আসছে হিমালয়ের চূড়াগুলোর মধ্যে। অন্ধকার পাহাড়ি পথে আমাদের মাইক্রোবাসটি ছুটে চলেছে সারনকোটের উদ্দেশে। এই সারনকোট নেপালে আসা বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। এখানে পাহাড়ের সবচেয়ে উঁচু স্থান ‘সানরাইজ পয়েন্ট’-এ সূর্যোদয়ের সময় এসে দাঁড়ালে সামনে বিস্তৃত বিশাল হিমালয় পর্বতের যে অপরূপ দৃশ্য দেখা যায়, তা অবিস্মরণীয়। আর তা দেখতেই আমরা দুই দিন আগে পোখারা শহরে এসে হোটেলে অবস্থান নিয়েছি। হিমালয় পাহাড়ের পাদদেশে এক অতিসুন্দর উপত্যকায় একটি শান্ত লেকের পাশ ঘেঁষে গড়ে ওঠা পোখারা শহরটি নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর ও পর্যটকদের কাছে তার সৌন্দর্যের কারণে অতিপ্রিয়। রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এই পোখারা শহরে মাইক্রোবাসে করে আমাদের আসতে লেগেছে সাত ঘণ্টা।পোখারা থেকে সারনকোটের দূরত্ব ৩২ কিলোমিটার, কিন্তু এরই মধ্যে উচ্চতা বেড়ে যায় দুই হাজার ৫০০ ফুট। তাই পথটা অনেকটা খাড়া ও আঁকাবাঁকা। ঘুটঘুটে রাতে পাড়ি দেওয়া কালো আঁধার পথ, এক পাশে পাহাড়ি জোনাকি পোকার ডাক আর অপর দিকে তাকালেই দেখা যায় গভীর খাদ। অনেক নিচে উপত্যকা ঘিরে গড়ে ওঠা পোখারা শহরের বাতিগুলো ছোট হয়ে জ্বলে চলেছে। মনে হয় ঠিক যেন তারাভরা আরেকটি আকাশ পাহাড়ের নিচে ভাসছে। অনেকটা পথ এগিয়ে মাইক্রোবাসটি হঠাৎ থেমে গেল। সামনের পথ আরও খাড়া, তাই আমরা সবাই নেমে পড়লাম। কেবল আমরাই নয়, শত শত পর্যটকও তাদের গাড়ি থেকে নেমে বাকি পথটুকু হেঁটে পাড়ি দিল। পাহাড়ি পথ বেয়ে আমরা উঠতে থাকলাম ওপরে। হূদয়ে সূর্যোদয় দেখার প্রলোভনে এই অন্ধকার ভোররাতে ঊর্ধ্বশ্বাসে উঠছি সবাই ওপরে, আরও ওপরে। আমরা সবাই পৌঁছে গেলাম সারনকোটের সর্বোচ্চ স্থান সানরাইজ পয়েন্টে। সূর্য তখনো ওঠেনি কিন্তু অন্ধকারের ভেতর দিয়ে দেখতে পেলাম তুষারঢাকা সাদা সাদা হিমালয়ের সুউচ্চ চূড়াগুলো, যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। এবার কেবলই অপেক্ষার পালা।কিছুক্ষণ পরে শুভ্রতার আচ্ছাদনে আকাশছোঁয়া চূড়াগুলোর কোল ধীরে ধীরে সোনালি আলোয় ঝিকমিক করে উঠল। হিমালয় পর্বতমালার ওপরে পৃথিবীর অন্যতম সুউচ্চ চূড়াগুলো আমার চোখের সামনে। অবাক বিস্ময়ে দেখলাম অন্নপূর্ণা, মাচাপূর্চে, ধওলাগিরি, মানাসলু ও অন্য আকাশছোঁয়া চূড়াগুলোর নৈসর্গিক রূপ। কখন যে কল্পনার ভেলায় ভাসতে ভাসতে চলে গেলাম সেই পর্বতচূড়ার মধ্যে, মনেই নেই। হঠাৎ চমকে উঠলাম পর্যটকদের করতালিতে। চেয়ে দেখি অন্নপূর্ণার পর্বতচূড়া ছেয়ে ভেসে উঠছে রক্তিম লাল বিরাট বলের মতো সূর্য। বিচ্ছুরিত হলো রক্তিম আলোর অসংখ্য রশ্মি আর জ্বলে উঠল তুষারঢাকা একেকটা চূড়া। স্বর্গীয় এক দীপ্তি ছড়িয়ে পড়ল সারা হিমালয়ের চূড়ায়। সে এক অদ্ভুত দৃশ্য। দূরে দেখতে পেলাম প্যারাগ্লাইডিং করে অনেক পর্যটক উড়ছে হিমালয়ের ওপরে, আকাশে। তা ছাড়া পর্যটকদের নিয়ে ছোট ছোট প্লেনও উড়ছে পর্বতমালার এই অপূর্ব দৃশ্য দেখার জন্য। আমার আশপাশে সবাইকে দেখলাম ব্যস্ত রয়েছে ছবি তুলতে, কেউ বা ভিডিও করতে। আবার কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে শুধু এ দৃশ্য উপভোগ করার জন্য। আমাদের দলের কাউকে খুঁজে পেলাম না সেই মূহূর্তে, সবাই ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে এদিক-সেদিক মনের খুশিতে। ধীরে ধীরে ভোরের আলো কেটে গেল। এখন অনেক নিচে পোখারা শহরটি দেখা যাচ্ছে আরও স্পষ্টভাবে। কী সাজানো-গোছানো পাহাড়ঘেরা একটি শহর! আর তার পাশ ঘেঁষে নীল শান্ত গভীর এক হ্রদ, যা ফেওয়া লেক নামে পরিচিত। এ লেকের স্বচ্ছ পানির ওপর হিমালয়ের চূড়াগুলোর প্রতিবিম্ব পড়ে অদ্ভুত দৃশ্যের সৃষ্টি হয়। এই লেক নৌবিহার করা পর্যটকদের কাছে বেশ প্রিয়। দূর থেকে পাহাড়ের স্তরে স্তরে গাছের সারিগুলোকে মনে হচ্ছে কে যেন নিপুণ হাতে সুন্দর করে সাজিয়ে রেখেছে। শহরের পাশ ঘেঁষে সবুজ পাহাড় কেটে কেটে জুম চাষ, ফলের চাষ করা হয়।চারদিকে ঝলমলে রোদ বের হতেই আবার সবার দেখা পেলাম। এবার সবাই মিলে নামতে থাকলাম পাহাড়ি পথ বেয়ে নিচে আরও নিচে, আমাদের মাইক্রোবাসের উদ্দেশে। নিশীথ রাতের রহস্যময় পাহাড়ি পথ এখন এক অনিন্দ্য অপার শ্যামল শোভায় সজ্জিত।